
বিশেষ সংবাদদাতা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে নন-রেসিডেন্ট কনভার্টেবল (এনআরসি) অ্যাকাউন্টের মাধ্যমে প্রবাসী ও অনাবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসাথে প্রবাসীদের জন্য চালু থাকা তিন ধরনের বন্ডের বিনিয়োগসীমা ও মেয়াদসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা নেয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ার পাশাপাশি ডলারের বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ এসব পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান। গভর্নর বলেন, ইতোমধ্যে এনআরসি অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে এই অ্যাকাউন্টের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমে প্রবাসী ও অনাবাসী বাংলাদেশীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহের সুযোগ তৈরি হবে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন গভর্নর।
গভর্নর বলেন, একই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে ভারত মাত্র চার-পাঁচ মাসে ৩২ বিলিয়ন ডলার এবং পাকিস্তান ১৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। বাংলাদেশও এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে চায়। তবে এই উদ্যোগের ক্ষেত্রে ভবিষ্যৎ দায় পরিশোধের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। গভর্নর বলেন, আগামী তিন থেকে চার বছরে এনআরসি খাতে যে অর্থ পরিশোধ করতে হবে, তা যেন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি না করে, সে লক্ষ্যেই পরিকল্পনা সাজানো হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








