
নিজস্ব প্রতিবেদক
আগামী ১৬ ডিসেম্বর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে দু’টি আগমন ও দু’টি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে। গতকাল শনিবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালু সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ কথা বলেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল চালু করার লক্ষ্য ইমিগ্রেশন বুথ, ব্যাগেজ বেল্ট, প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনাসহ সংশ্লিষ্ট অংশীজনকে দ্রুত সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য আহবান জানিয়েছেন তিনি।
এ সভায় উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক) গিয়াস উদ্দিন। সভায় তৃতীয় টার্মিনাল সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহনে উন্মুক্ত মতবিনিময় এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয় বলে বিমান মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। সবার সাথে ফলপ্রসূ সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। দু’টি আগমন ও দু’টি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে। টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিবসহ মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








