
নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে তিনজন এবং সিলেট বিভাগে দু’জন মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২৮৩ জন। এর মধ্যে এক হাজার ১৮৩ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১০০ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০৫ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৩২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৮০ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৮৪ হাজার ৬৩২ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীায় প্রমাণিত) ২০ হাজার ৯৫১ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ পাঁচ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬৩ হাজার ১৫৩ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫০৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৭৫, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৮, বরিশালে ৭৯, খুলনায় ৪২ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।
সিলেটে আরো ২ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম ও উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে। একই সময়ে নতুন করে ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৩২ জন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া শিশু আদিয়ান (৪ মাস) সিলেট সদর উপজেলার এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যাওয়া শিশু ইয়াসিন (১০ মাস) হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
নতুন দুই মৃত্যুতে চলতি বছর বিভাগে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৬৫ জন। আর নিশ্চিত হাম রোগে মারা গেছে ১০ জন। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭৫ জনে। এর মধ্যে সিলেটে ৬৯, হবিগঞ্জে ২৫, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








