ব্যবসায়ীসহ ৩ জেলায় ৪ জন নিহত

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

সড়ক দুর্ঘটনায় সাভারে এক ব্যবসায়ীসহ দেশের ৩ জেলায় চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।
বগুড়া অফিস জানায়, বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত  ও আরো সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী  জানান, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক ব্যক্তিকে নিয়ে সাতজন জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোর ৪টার দিকে মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারের পাকিজা এলাকায় ঢাকা- আরিচা মহাসড়কে গতকাল বৃহস্পতিবার দুপুরে দ্রুত গতির কাভার্ড ভ্যানের চাপায় এক ব্যবসায়ী। নিহত ব্যবসায়ীর নাম-মোহাম্মদ রিয়াজ আমিন (৪৭)। তিনি নোয়াখালী হাতিয়া উপজেলার ফরাজী গ্রামের নুরুল করিমের ছেলে। ব্যবসায়ী রিয়াজ আমিন রাজধানীর মিরপুরে বেকারী ব্যবসা করতেন। 
সাভার হাইওয়ে থানার (এসআই) মো: জাকারিয়া জানান- ব্যবসায়ী মোহাম্মদ  রিয়াজ আমিন দুপুরে পাকিজা সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যান।
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর দাগনভূঞায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্র্যাকের ক্রেডিট অফিসার জোবাইদা আক্তার (২৯) নামের এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও তার সহকর্মী মনিরুজ্জামান (৩৬) গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা বাজারস্থ আতাতুর্ক স্কুল মার্কেটের আমানিয়া বেকারির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জোবাইদা আক্তার ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের রাজন মিয়ার স্ত্রী এবং সোনাগাজী উপজেলার চরমজলিশপুর  গ্রামের চাঁন মিয়া ডাক্তার বাড়ির মেয়ে। আহত মোটরসাইকেল চালক মনিরুজ্জামান (৩৬) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্বপাড়া গ্রামের মো: মোস্তফা তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ব্র্যাক এনজিওর ক্রেডিট অফিসার জোবাইদা আক্তার তার সহকর্মী মনিরুজ্জামানের সাথে মোটরসাইকেলে অফিসের উদ্দেশে রওনা হন। পথে দাগনভূঞা বাজারের আমানিয়া বেকারির সামনে পৌঁছলে নোয়াখালী থেকে ফেনীগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ঢ-১৪-৭৩৬৫) একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে তাদের মোটরসাইকেলটিতে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মনিরুজ্জামান বাম পাশে ছিটকে পড়ে সামান্য আহত হলেও আরোহী জোবাইদা আক্তার সড়কে পড়ে যান এবং কাভার্ডভ্যানের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পরীা-নিরীা শেষে তাকে মৃত ঘোষণা করেন।