বাংলাদেশ ফুটবল দল
বাংলাদেশ ফুটবল দল। সংগৃহীত

সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের ফুটবলের। মাঠের ব্যর্থতার মাশুল দিতে হচ্ছে র‌্যাঙ্কিংয়েও। ফিফার সর্বশেষ পুরুষ ফুটবল র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে থমাস ডুলির শিষ্যরা, ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ। 

Advertisement

বুধবার (৭ অক্টোবর) সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে আসিয়ান কাপ। টুর্নামেন্টে তিন ম্যাচেই হেরেছে দল। এতে ২.৬৬ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। বর্তমানে তাদের পয়েন্ট ৮৯৩.৪৬।

এর আগে ১৮১তম স্থানে ছিল বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা ৫.২৫ পয়েন্ট যোগ করে ১৮৭ থেকে উঠে এসেছে ১৮৪তম স্থানে। অর্থাৎ একদিকে বাংলাদেশের অবনতি, অন্যদিকে শ্রীলঙ্কার উত্থান—দুই দলের ব্যবধানও তাই কমে এসেছে।

তবে র‌্যাঙ্কিংয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ দ্রুতই পাচ্ছে বাংলাদেশ। নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে সাফ টুর্নামেন্টে খেলবে দলটি। সেখানে ফল ও পারফরম্যান্সই ঠিক করে দেবে পরবর্তী র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান। আগামী ১৮ নভেম্বর পরবর্তী র‌্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।

এদিকে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। উয়েফা নেশনস লিগে চার ম্যাচে চার জয় পাওয়ায় শীর্ষেই আছে তারা। শীর্ষ পাঁচে অবশ্য পরিবর্তন এসেছে। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে পর্তুগাল। আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড রয়েছে পর্তুগালের ওপরে।