
রাজধানীর উত্তরায় এক ব্যবসায়ীকে অপহরণ করে জিম্মি রেখে তিন ব্যাংক হিসাব থেকে টাকা আদায় এবং মুক্তিপণ দাবির অভিযোগে ছাত্রদল নেতা সাগর আহমেদ বাবুসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
সোমবার (৫ অক্টোবর) রাতে অপহরণের শিকার ব্যবসায়ী শরিফুল ইসলামের (৩৫) বোন মোছা: চম্পা বেগম উত্তরা পূর্ব থানায় মামলাটি করেন। মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ বাবুসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। তবে সাগর আহমেদ বাবু বর্তমানে পলাতক রয়েছেন।
মামলায় গ্রেফতার চারজন হলেন মো: সাকিব হোসাইন (২৮), মো: আনোয়ার হোসেন, মো: হানিফ (২১) ও মো: ইমরান ফরাজী (২৬)। পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
বুধবার (৭ অক্টোবর) তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তবে ওই দিন রিমান্ড শুনানি হয়নি।
মামলার এজাহারে চম্পা বেগম অভিযোগ করেন, গত ৫ অক্টোবর বেলা আড়াইটার দিকে তার ভাই শরিফুল বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে উত্তরার নবাব হাবিবুল্লাহ কলেজের সামনে থেকে অপহরণ করে উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে আটকে রাখা হয়েছে। তাকে মুক্তি দিতে ২০ লাখ টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয়।
এজাহারে আরো বলা হয়, অপহরণকারীরা শরিফুলকে মারধর ও শারীরিক নির্যাতন করেন। মুক্তিপণের টাকা দেয়ার আশ্বাস দিলে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাকে নির্যাতন করা হয়। পরে নেক্সাস পে অ্যাপের মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের হিসাব থেকে মোট সাড়ে ১১ লাখ টাকা স্থানান্তর করা হয়। এছাড়া তার কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা নেয়া হয়। এরপর অপহরণকারীরা আরো ১৫ লাখ টাকা দাবি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানা ও এসআরবিকে জানানো হলে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে শরিফুলকে উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। মামলার প্রধান অভিযুক্ত সাগর আহমেদ বাবুসহ অন্য আসামিরা পালিয়ে যান।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, এসআরবি গ্রেফতার চারজনকে থানায় হস্তান্তর করেছে। অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তী তারিখে রিমান্ড শুনানি হবে।
উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ বাবুর বিরুদ্ধে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, দখলদারি ও অপহরণসহ অসংখ্য অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর থেকে সে উত্তরায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাকে গ্রেফতার করলে আরো অনেক অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








