প্রবাসী, স্ত্রী, হত্যা, দুর্বৃত্ত
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশের সুরতহাল করছে পুলিশ। নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় রোকসানা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের উত্তর কলতাসূতি মরিচকাটা এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার এসআই নূর আমিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

‎নিহত রোকসানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকার দুবাই প্রবাসী মকবুলের স্ত্রী। দুই মাস ধরে তিনি দুই সন্তান নিয়ে আশুলিয়ার উত্তর কলতাসূতি মরিচকাটা এলাকায় তাদের নির্মাণাধীন পাঁচতলা ভবনের তিনতলায় বসবাস করতেন।

‎নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোকসানা বাড়ির ছাদে পানির ট্যাংক দেখতে যান। দীর্ঘক্ষণ তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে না পেয়ে বাড়ির ছাদে খুঁজতে গেলে তাকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় ছাদের এক পাশে পড়ে থাকতে দেখা যায়। স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন ছুঁটে আসেন ও পুলিশে খবর দেন। পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাত আড়াইটার দিকে থানায় নিয়ে যায়।

নিহতের ভাই মো: ইরাক জানান, সন্ধ্যা ৭টার দিকে রোকসানার সাথে তার মোবাইলে কথা হয়। কিন্তু সাড়ে ৯টার দিকে মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন।

‎তিনি জানান, তার বোনের সাথে কারো শত্রুতা ছিল না। তিনি তার বোনের হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

‎এসআই নূর আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।