এলএনজি
এলএনজি কেনাকাটায় মধ্যস্বত্বভোগী : সরাসরি ক্রয়পদ্ধতি নিয়ে সন্দেহ। নয়া দিগন্ত
ads

জ্বালানির ভঙ্গুর সরবরাহ-ব্যবস্থা দেশের অর্থনীতিকে কাবু করে রেখেছে। বিশেষ করে গ্যাসের অভাবে কলকারখানা ও গৃহস্থালি কাজে চরম অসুবিধা তৈরি হয়েছে। এতে সরকার বড় বিপাকে পড়েছে এবং সাময়িক প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। গ্যাসের বৈশ্বিক সরবরাহ-ব্যবস্থায় ব্যাঘাত ঘটায় সবচেয়ে বিপন্ন দেশগুলোর একটি হলো বাংলাদেশ। আর এই সংকটময় পরিস্থিতিকে একটি শ্রেণি অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছে। দেশি-বিদেশী একটি মধ্যস্বত্বভোগী চক্র ক্রয়প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করায় গ্যাস সংগ্রহে প্রকৃত মূল্যের চেয়ে অনেক বেশি দাম গুনতে হচ্ছে দেশকে।

একটি সহযোগী দৈনিকের খবরে বলা হয়েছে, প্রতি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে ২২৫ থেকে ২৫০ কোটি টাকা কমিশন হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সাধারণত এক কার্গোতে ৩৩০ কোটি ঘনফুটের মতো গ্যাস থাকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় কাতারসহ অন্যান্য সরবরাহকারীরা চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারেনি। এ অবস্থায় গ্যাস সংগ্রহে সরকারকে স্পট মার্কেটের ওপর নির্ভর করতে হয়েছে এবং প্রতিযোগিতামূলক দরপত্রের বাইরে গিয়ে সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) গ্যাস কিনতে হয়েছে। স্পট মার্কেট থেকে গ্যাস কিনতে চেয়েও পুরোপুরি সফল হওয়া যায়নি; আগস্টে তিন দফা দরপত্র আহ্বান করে মাত্র দুটি কার্গো পাওয়া গেছে। এই দুরবস্থাকেই নিজেদের স্বার্থে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। দুষ্প্রাপ্যতা ও অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে তারা ডিপিএম পদ্ধতিতে এলএনজি কেনার আওতা বাড়ানোর ফন্দি করছে।

বৈশ্বিক বাজারে অস্থিরতা ও দেশের অভ্যন্তরীণ সংকটের কারণে সরকারকে উচ্চদরে এলএনজি কিনতে হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে এলএনজি আমদানিতে ৩০ হাজার ৬৪৯ কোটি টাকা ব্যয় হয়েছে। এর বিপরীতে সরকারকে ১৭ হাজার ৪০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, যা আমদানি মূল্যের অর্ধেকেরও বেশি। অথচ পুরো বছরের জন্য ভর্তুকি বরাদ্দ ছিল মাত্র ৬ হাজার ৫০০ কোটি টাকা। বছরের বাকি আট মাসে এই ভর্তুকির পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে। যেখানে বিগত আট বছরে এ খাতে মোট ভর্তুকি দিতে হয়েছিল ৫১ হাজার ৩৬৬ কোটি টাকা, সেখানে বর্তমান পরিস্থিতিতে গ্যাস সংগ্রহ করতে গিয়ে দেশের অর্থনীতি কত বড় চাপে পড়তে যাচ্ছে, তা সহজেই অনুমেয়।

পত্রিকাটির প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, গ্যাস সরবরাহকারী অন্যতম একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্বের কয়েকটি দেশে ঘুষ প্রদান ও অনিয়মের অভিযোগ উঠেছে। তাই ইতিমধ্যে উচ্চদামে সম্পাদিত বাংলাদেশের লেনদেনগুলোও খতিয়ে দেখতে হবে। সেখানে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা নিশ্চিত হয়ে জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বছরের মাঝামাঝি সময়ের এই তীব্র এলএনজি সংকট থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি। সরকার গ্যাস নিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে এবং ইতিমধ্যে দেশে নতুন গ্যাস কূপ খননের চেষ্টা জোরদার করেছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। পাশাপাশি চলমান সংকট মোকাবিলায় আরও সতর্কতার সাথে অগ্রসর হতে হবে। বিশেষ করে, ভবিষ্যতে যেন ডিপিএম পদ্ধতিতে স্পট মার্কেট থেকে চড়া দামে গ্যাস কিনতে বাধ্য হতে না হয়, সেজন্য আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।