ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫
ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলিতে আহত হয়েছেন ৫ জন। সংগৃহীত
ads

পাবনার ঈশ্বরদীতে মুখোশ পরিহিত অস্ত্রধারীদের অতর্কিত হামলায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলের জন্য তারা একত্রিত হওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত মিলন চৌধুরী ও কাকন বাহিনীর সশস্ত্র সদস্যরা অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে।

আরো পড়ুন : বিদ্রোহী প্রার্থীদের ফিরিয়ে নিচ্ছে বিএনপি, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চিকিৎসক তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন মিছিলে অতর্কিত হামলা চালিয়ে গুলি করেন।

আরো পড়ুন : মঙ্গলবার কূটনীতিকদের আ’লীগের সহিংসতা সম্পর্কে জানাবে সরকার

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।