ইকতেদার আহমেদ
ইকতেদার আহমেদ। নয়া দিগন্ত
ads

বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। ১৯৬০-এর দশকের শেষদিকে এবং ’৭০-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশের বার্ষিক খাদ্যঘাটতি ছিল ২৫-৪০ লাখ টন। তখন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি। বর্তমানে যে পরিমাণ ভূমি ধান উৎপাদনসহ কৃষিকাজে ব্যবহৃত হয়, ’৬০-এর দশকের শেষদিকে এবং ’৭০-এর দশকের গোড়ার দিকে তা এখনকার চেয়ে ২০-৩০ শতাংশ বেশি ছিল। ’৭০-এর দশকে আমাদের ধান উৎপাদনের পরিমাণ ছিল এক কোটি টনের কাছাকাছি। বর্তমানে ধান উৎপাদনের জমির পরিমাণ সংকুচিত হলেও উৎপাদন দাঁড়িয়েছে চার কোটি টনের কাছাকাছি। এ বাড়তি উৎপাদনের পেছনে যাদের অবদান, তারা হলো বাংলার কৃষককুল। বর্তমানে বাংলাদেশে উৎপাদিত ধান দিয়ে দেশটি প্রধান খাদ্যের চাহিদা মেটাতে সম্পূর্ণরূপে সক্ষম।

বাংলাদেশের জনসংখ্যার দুই ভাগ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাকি ৯৮ ভাগ বাঙালি। এরূপ সমজাতীয়তা পৃথিবীর খুব কম রাষ্ট্রেই দেখা যায়। পাকিস্তান আমলের শেষদিকে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া—এ দুটি দেশের মাথাপিছু আয় পাকিস্তানের মাথাপিছু আয়ের চেয়ে কম ছিল। আজ উভয় দেশ উন্নত এবং উভয় দেশের মাথাপিছু আয় পাকিস্তান ও বাংলাদেশের চেয়ে অনেক বেশি। উভয় দেশে এটি সম্ভব হওয়ার মূল কারণ রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতির কারণে উভয় দেশে কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে বেশি অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ হয়েছে এবং এ দুটি সম্মিলিতভাবে দেশ দুটিকে উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে পৌঁছে দিয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার পর ধীরে ধীরে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। স্বাধীনতার সময় মাথাপিছু আয় যা ছিল, আজ তা তার চেয়ে ৬০০ গুণেরও বেশি। স্বাধীনতার পর সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের যতটুকু উন্নয়ন হয়েছে, তার চেয়েও বেশি হওয়া সম্ভব ছিল যদি দেশে রাজনৈতিক স্থিতি বিরাজ করত এবং সব পর্যায়ে দুর্নীতি নির্মূল করা যেত।

স্বাধীনতার পর বাংলাদেশে ’৯০ পর্যন্ত চারটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কোনোটিই মেয়াদ পূর্ণ করতে পারেনি। স্বাধীনতার পর থেকেই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সংবিধানে উল্লিখিত তাদের জাতীয়তা ‘বাঙালি’ নয়—এ প্রশ্নে সশস্ত্র সংগ্রামের পথ ধরে এবং তাদের এ সশস্ত্র সংগ্রামে সে অঞ্চল অস্থিতিশীল হয়ে ওঠে।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে ১৯৯৮ সালে শান্তিচুক্তি সম্পাদন করলে পাহাড়িরা অস্ত্রসমর্পণ করে। কিন্তু তিনটি পার্বত্য জেলার রাজনৈতিক বিরোধের সম্পূর্ণ সমাধান হয়েছে এমন নয়। এখনো পাহাড়িদের দুটি দল সশস্ত্র অন্তর্দ্বন্দ্বে লিপ্ত। সেখানে তারা বাঙালি ও শৃঙ্খলা বাহিনীগুলোর সাথেও বিক্ষিপ্ত লড়াইরত।

সমগ্র পার্বত্য চট্টগ্রাম একসময় মূল্যবান গাছপালায় পূর্ণ ছিল। প্রতিটি পাহাড়েই নানা ধরনের মূল্যবান গাছ ছিল। সন্ত্রাসী নির্মূল করতে গিয়ে আজ বেশির ভাগ পাহাড় বৃক্ষশূন্য। সমগ্র পার্বত্য চট্টগ্রাম খনিজসম্পদে সমৃদ্ধ। ধারণা করা হয়, সেখানে তেল ও গ্যাসের ভালো মজুত রয়েছে; কিন্তু পাহাড়িদের বিদ্রোহী কার্যক্রম সম্পূর্ণরূপে সমাধান করতে না পারায় তেল ও গ্যাস আহরণ কার্যক্রম প্রায়ই বাধার মুখে পড়ছে। পাশের দেশ ভারত এখনো বিদ্রোহীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় সমস্যার পুরোপুরি সমাধান করা যাচ্ছে না।

পাকিস্তানি শাসকরা বাঙালিদের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করায় বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়; কিন্তু বাংলাদেশে এখনো গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। ’৯০ পরবর্তী বাংলাদেশে বিএনপি ও আওয়ামী লীগ প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে। এ দুটি দলের একটির অপরটির ওপর আস্থা নেই। দুটি দল এখনো গণতান্ত্রিক আচরণে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। আমাদের দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় না—এমন অভিযোগের ভিত্তিতে ব্যাপক গণআন্দোলন ও ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তিত হয়; কিন্তু সে ব্যবস্থায় নির্বাচনের পরও দেখা গেছে, বিজিত দলকে সন্তুষ্ট করতে পারেনি। বিগত আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপিকে আস্থায় না নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাই বাতিল করে দেয়।

বাংলাদেশের অর্থনীতিতে যে চারটি শ্রেণি অনন্য অবদান রেখে চলেছে, সেগুলো হলো—কৃষক, তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক, বিদেশে কর্মরত শ্রমিক এবং বেসরকারি শিল্পোদ্যোক্তা। কৃষকের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ ধানসহ অন্যান্য অনেক কৃষিজ পণ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা বিশেষত ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে না পারলে আমাদের বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে খাদ্য আমদানি করতে হতো। খাদ্য উৎপাদনে সফলতা এনে দিয়ে আমাদের কৃষক অর্থনীতিতে যে অবদান রেখে চলেছেন, তার বিনিময়ে রাষ্ট্র তাদের জন্য যা কিছু করছে তা অতি সামান্য। কৃষককে সুদমুক্ত ঋণসহ বিনা সুদে কৃষি উপকরণ সরবরাহ করা হলে একদিকে বিভিন্ন কৃষিজাত পণ্যের উৎপাদন বাড়ত, অন্যদিকে কৃষকও স্বাবলম্বী হতো। এদিকে সরকারের দৃষ্টি খুব একটা আছে বলে প্রতীয়মান হয় না।

বাংলাদেশ প্রতি বছর রপ্তানি বাণিজ্যের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা আহরণ করে, তাতে সবচেয়ে বেশি অবদান তৈরি পোশাকশিল্পের। এ শিল্পটি দারিদ্র্য বিমোচন, বেকার সমস্যা সমাধান ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে; কিন্তু এ শিল্পে কর্মরত শ্রমিকরা অর্থনীতিতে তাদের অবদানের তুলনায় তৈরি পোশাকশিল্প মালিকদের কাছ থেকে যে বেতন-ভাতা পাচ্ছেন, তা সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য যে যথেষ্ট নয়—অন্ততপক্ষে এ কথা ভেবে তাদের জন্য সরকারের কি কিছুই করণীয় নেই?

তৈরি পোশাক কারখানার মালিকদের সরকার রপ্তানিকৃত দেশভেদে বিভিন্ন হারে প্রণোদনা দিয়ে থাকে। মালিকদের এ প্রণোদনা প্রাপ্তিতে শ্রমিকদের অবদান থাকা সত্ত্বেও প্রণোদনার সম্পূর্ণ টাকা মালিকরা ভোগ করেন। প্রণোদনার একটি অংশ শ্রমিকদের জন্য নির্ধারিত করে দেওয়া গেলে তাদের দুঃখ-দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে।

প্রবাসে কর্মরত শ্রমিকরা প্রতি বছর যে পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রেরণ করছেন, তাতে আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার ক্রমান্বয়ে স্ফীত হচ্ছে। প্রবাসে কর্মরত শ্রমিকরা ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠালে যে বিনিময় হার পান, হুন্ডির মাধ্যমে পাঠালে ডলারপ্রতি দুই-চার টাকা বেশি পান। বিদেশে কর্মরত শ্রমিকদের ব্যাংকের মাধ্যমে প্রেরিত অর্থের জন্য বর্তমানে সরকার কর্তৃক প্রদত্ত ২.৫ শতাংশ প্রণোদনা বৃদ্ধি করে পাঁচ-ছয় শতাংশ করা হলে একদিকে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো কমবে, অন্যদিকে বৈধভাবে বৈদেশিক মুদ্রা পাঠানোর পরিমাণ বাড়বে। বিদেশে কর্মরত শ্রমিকরা যখন কায়ক্লেশে জীবন অতিবাহিত করে উপার্জনের ৯০ ভাগ দেশে পাঠান, তখন দেখা যায় আমাদের দেশের একশ্রেণির রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামরিক-বেসামরিক আমলা অবৈধ পথে বিভিন্ন দেশে মুদ্রা পাচারের মাধ্যমে সেখানে বাড়ি, ফ্ল্যাট, জমি কিনে স্থায়ী আবাস গড়ছেন। এভাবে বিগত ১৫ বছরে গড়ে প্রতি বছর এক লাখ ৯২ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এ ধরনের পাচার রোধ না করা গেলে তা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে; কিন্তু সে বিষয়ে সরকার কতটুকু সচেষ্ট তা নিয়ে ভাবার অবকাশ আছে।

আমাদের বিভিন্ন বেসরকারি উদ্যোক্তা তৈরি পোশাকশিল্পসহ অন্যান্য শিল্পে যে অর্থ বিনিয়োগ করেছেন, পৃথিবীর অন্যান্য দেশের সাথে তা তুলনা করলে দেখা যায়, সরকারের পক্ষ হতে তাদের যে সহযোগিতা পাওয়ার কথা ছিল তা একেবারেই অপ্রতুল। এরপরও এসব উদ্যোক্তা অনেকটা ঝুঁকি নিয়ে বিনিয়োগ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ সফলতা পেয়েছেন। এ ধরনের সফল শিল্পোদ্যোক্তা যদি সরকারের কাছ থেকে যথাযথ সহযোগিতা পান, সে ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে আরও বেশি বিনিয়োগ আশা করতে পারি।

যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো। উভয় ক্ষেত্রে আমরা এখনো কাঙ্ক্ষিত পর্যায় থেকে অনেক দূরে রয়েছি। বিশেষত আমাদের যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং বন্দর ব্যবস্থাপনায় এখনো অনেক সমস্যা রয়েছে। গত প্রায় এক দশক ধরে আমাদের প্রবৃদ্ধি তিন-ছয় শতাংশের মধ্যে ওঠানামা করছে। সরকারের পক্ষ থেকে ২০২৯ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে; কিন্তু আগামী এক দশক যদি আমাদের প্রবৃদ্ধির হার তিন-ছয় শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকে, সে ক্ষেত্রে আমরা হয়তো মধ্যম আয়ের দেশের পর্যায়ে পৌঁছাতে সক্ষম হব, তবে প্রকৃত অর্থে যে দেশকে উন্নয়নশীল আয়ের দেশ বলা হয় সে দেশের পর্যায়ে পৌঁছাতে পারব না।

আমাদের প্রবৃদ্ধির পথে প্রধান অন্তরায় হলো রাজনৈতিক স্থিতিশীলতার অভাব ও দুর্নীতি। এ অভাব ও দুর্নীতির কারণে বিগত দু-দশকে কয়েক দফায় আমরা লাগাতার হরতাল ও অবরোধের সম্মুখীন হয়ে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছি। লাগাতার হরতাল ও অবরোধ কার্যক্রমে আমাদের বড় দুটি রাজনৈতিক দলের উভয়েই সম্পৃক্ত ছিল। সুতরাং দেশকে রাজনৈতিকভাবে স্থিতিশীল ও দুর্নীতিমুক্ত করতে হলে অন্ততপক্ষে নির্বাচনপদ্ধতি নিয়ে উভয় দলকে সমঝোতায় আসতে হবে।

বর্তমানে বাংলাদেশের যে জনসম্পদ রয়েছে, পৃথিবীর অন্য কোনো দেশে এমন ধরনের জনসম্পদ নেই। আমাদের এ জনসম্পদের শক্তি ও সামর্থ্য উভয়ই আছে। এখন যা দরকার তা হলো এটিকে কাজে লাগানো। আর এ কথাও সত্য, এটিকে কাজে লাগানো গেলে এবং দেশটি রাজনৈতিকভাবে স্থিতিশীল ও দুর্নীতিমুক্ত হলে প্রবৃদ্ধির হার দুই অঙ্কে পৌঁছানো কঠিন কিছু নয়। বাংলাদেশসহ এ উপমহাদেশের আরও কিছু দেশ আমাদের মতো সম্ভাবনাময়; কিন্তু উপমহাদেশের একটি বড় দেশ ছোট দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের কারণে এ দেশগুলো রাজনৈতিকভাবে স্থিতিশীল হতে পারেনি। আর তাই এ ধরনের হস্তক্ষেপ যতক্ষণ থাকবে, তা-ও যে প্রবৃদ্ধি দু-অঙ্কে পৌঁছানোর ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করবে—এ সত্যটিও সবাইকে অনুধাবন করতে হবে।

লেখক: সাবেক জজ এবং সংবিধান, রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক

ইমেইল: iktederahmed@yahoo.com