শাহজালাল বিমানবন্দর
এমবারকেশন ফি বাড়ছে শাহজালালে : দেশের স্বার্থ সবার আগে। নয়া দিগন্ত
ads

ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে বিদেশি কোম্পানি। গতকাল জাপানি সাব-কন্ট্রাক্টিং গ্রুপের (এসডব্লিউজি) সাথে এই বিষয়ে চুক্তি অনুমোদনের কথা ছিল। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়। কোম্পানিটি ১৫ বছরের জন্য এই দায়িত্ব পাচ্ছে। কনসোর্টিয়ামে আছে নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, সুমিতোমোসহ জাপানের চারটি প্রতিষ্ঠান। নয়া দিগন্তে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চুক্তিতে শাহজালালে আন্তর্জাতিক যাত্রীদের এমবারকেশন ফি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে সাড়ে ১২ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় এক হাজার ৫৫০ টাকা। এতদিন এই ফি ছিল মাত্র ৫০০ টাকা।

এমবারকেশন ফি হলো যাত্রীকে দেওয়া বিমানবন্দর কর্তৃপক্ষ বা সরকারের নানা পরিষেবার বিপরীতে একধরনের সার্ভিস চার্জ। এটি প্যাসেঞ্জার সার্ভিস চার্জ বা ডিপার্চার ট্যাক্স হিসেবেও পরিচিত। টার্মিনালের অবকাঠামো, নিরাপত্তাব্যবস্থা, ওয়েটিং লাউঞ্জ, ব্যাগেজ হ্যান্ডলিং এবং অন্যান্য যাত্রীসেবার বিনিময়ে এই ফি নেওয়া হয়। বাংলাদেশে দুই বছরের কম বয়সী শিশু, ট্রানজিট যাত্রী এবং রাষ্ট্রীয় অতিথিরা এই ফির আওতামুক্ত।

বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে এই সার্ভিস চার্জের পরিমাণ অনেক বেশি—বাংলাদেশী মুদ্রায় চার হাজার থেকে ছয়-সাত হাজার টাকা পর্যন্ত। সে হিসেবে শাহজালালে প্রস্তাবিত ফির পরিমাণ খুব বাড়িয়ে ধরা হচ্ছে, এমন বলার সুযোগ নেই। বরং চুক্তিতে যাত্রীদের অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা নিশ্চিত করা এবং টার্মিনালের আয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়টি বেশি জরুরি।

শর্ত অনুযায়ী, তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তির আওতায় সরকার প্রায় ১০০ কোটি টাকার সমপরিমাণ অর্থ অগ্রিম হিসেবে পাবে। প্রকল্পের বিপুল ব্যয়ের বিপরীতে এই অগ্রিম অর্থের পরিমাণ নগণ্য বলা যায়, যা মোট প্রকল্প ব্যয়ের মাত্র শূন্য দশমিক ৪৫ শতাংশ। এরপর টার্মিনালের কার্যক্রম পুরোপুরি চালুর পর এখান থেকে যত টাকা আয় হবে, তার ন্যূনতম ২৭ শতাংশ পাবে বাংলাদেশ সরকার। প্রকল্প হস্তান্তরের পর আট মাসের মধ্যে অপারেশন শুরু এবং ১৪ মাসের মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর কথা রয়েছে।

দুই লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনাল নিয়ে নানা ধরনের আলোচনা চলেছে। বিশ্বমানের এই স্থাপনা নির্মাণে আধুনিক স্থাপত্যশৈলী ও প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। যেহেতু পরিচালনার দায়িত্বে বিদেশি অপারেটর নিয়োগ করা হচ্ছে, তাই সুযোগ-সুবিধাও আন্তর্জাতিক মানের হবে—এমনটাই প্রত্যাশা। কিন্তু চালুর আগেই ভেতরে মোবাইল নেটওয়ার্ক অবকাঠামোর ঘাটতি ও ইমিগ্রেশনের বাড়তি তথ্য যাচাইয়ের সরঞ্জাম না থাকাসহ গুরুতর কারিগরি ত্রুটি নিয়ে প্রশ্ন ওঠে, যা এখনো সমাধানের পর্যায়ে রয়েছে।

এ ছাড়া প্রকল্পে বারবার ব্যয় বাড়ানো এবং দুর্নীতির অভিযোগও উঠেছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের নিরীক্ষায় এ প্রকল্পে প্রায় চার হাজার ৪৬৯ কোটি টাকার আর্থিক অনিয়ম ও ক্ষতির তথ্য উঠে আসে।

তারপরও এটি দেশের বিমান যোগাযোগ ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তাই এর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার আগে এমনভাবে চুক্তি করতে হবে, যাতে দীর্ঘমেয়াদে জাতীয় স্বার্থ, যাত্রীস্বার্থ এবং সরকারের প্রকৃত আর্থিক প্রাপ্তি নিশ্চিত হয়।