হাবিবুল বাশার সুমন
হাবিবুল বাশার সুমন সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণার পর থেকেই আলোচনায় ছিল নাহিদ রানা, তাসকিন আহমেদ ও অমিত হাসানের না থাকা এবং জাকের আলী অনিকের ফেরার বিষয়টি। এবার এ চার ক্রিকেটারকে ঘিরে নির্বাচকদের পরিকল্পনা পরিষ্কার করেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। এই ম্যাচে নাহিদ রানা ও তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হয়েছে। নাহিদের ক্ষেত্রে সামনে গুরুত্বপূর্ণ টেস্টগুলোতে তাকে পুরোপুরি পাওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

১০ অক্টোবর থেকে আবার খেলার জন্য নাহিদকে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। হাবিবুল বাশার বলেন, ‘আমরা আমাদের পরবর্তী পাঁচটি টেস্টকে গুরুত্ব দিচ্ছি। নাহিদ রানাকে আমরা সর্বোচ্চ সেরা অবস্থায় পেতে চাই, যেন তিনি সবগুলো ম্যাচ খেলতে পারেন। তাই তাকে এই টেস্টে খেলাতে পারছি না।’

আফগানিস্তান টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষেও টেস্ট রয়েছে। এসব ম্যাচে নাহিদকে পুরোপুরি পাওয়ার লক্ষ্যেই তার বিশ্রামের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাসকিনকেও একই কারণে বিশ্রাম দেয়া হয়েছে। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে খেলানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

এদিকে টেস্ট দলে ফিরেছেন জাকের আলী অনিক। তার ফেরার সাথে সরাসরি সম্পর্ক রয়েছে অমিত হাসানের বাদ পড়ার। ভবিষ্যতের উইকেট কিপার হিসেবে অমিতকে নিয়ে কাজ করলেও এবার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে জাকেরকে বেছে নিয়েছে নির্বাচকরা।

জাকেরের ফর্ম ফিরে আসার বিষয়টিও তুলে ধরেছেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘জাকের আলী অনিক আমাদের আগের পছন্দ ছিলেন। মাঝখানে ফর্মের কারণে বাদ পড়েছিলেন। এরপর এ দলের খেলাগুলোতে এবং অস্ট্রেলিয়া ‘এ’ দলের সাথে গিয়ে মনে হয়েছে তিনি তার ফর্মটা ফিরে পেয়েছেন।’

সামনের ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সিরিজের মতো গুরুত্বপূর্ণ টেস্টগুলোতে অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই বেশি আস্থা রাখছে বাংলাদেশ। সে কারণেই মাত্র টেস্ট ক্যারিয়ার শুরু করা অমিতের বদলে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে জাকেরকে নেয়া হয়েছে।

অমিতের ভবিষ্যৎ নিয়ে অবশ্য আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচক। তার ভাষায়, ‘অমিত হাসান মাত্র শুরু করেছেন। ভবিষ্যতে অবশ্যই তার সুযোগ আসবে।’ অর্থাৎ, অমিতকে ভবিষ্যৎ পরিকল্পনা থেকে বাদ দেয়া হয়নি; বরং সামনের গুরুত্বপূর্ণ টেস্টগুলোতে অভিজ্ঞতার প্রয়োজন বিবেচনায় জাকেরকে অগ্রাধিকার দেয়া হয়েছে। 

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে।