
নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে গেছে গার্মেন্টসের ঝুট (ওয়েস্টেজ কাপড়) রাখার ৩০টি গোডাউনের মালামাল।
রোববার (১১ অক্টোবর) রাত ২টার দিকে সদর উপজেলার বিলাসনগর এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের মালিক ইমরান হোসেন, জহির ও সোহেলসহ শ্রমিকরা জানায়, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
তারা জানায়, প্রতিটি গোডাউনে আনুমানিক পাঁচ থেকে ২০ লাখ টাকার ঝুটের কাপড় মজুত ছিল। ৩০টি গোডাউনে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ক্ষতিগ্রস্তদের অনেকেই ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এসব গোডাউন পরিচালনা করতেন। আগুনে তাদের ব্যবসা ও জীবিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








