সড়ক দুর্ঘটনা
ঘাতক ট্রাক। নয়া দিগন্ত

আড়াই হাজারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

সোমবার (১২ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুজন ও আহত ব্যক্তিরা সবাই উপজেলার বান্টি এলাকার মালুপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা রূপগঞ্জের আধুরিয়া থেকে মাছ ধরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন আরো সাতজন।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকার লালমাটিয়ায় বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং গাউছিয়ার একটি হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’