
ফেনীর সদর ও সোনাগাজী উপজেলায় পৃথক ঘটনায় এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ফেনী সদর ও সোনাগাজী উপজেলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সোনাগাজী উপজেলার ওয়াপদা রোডের একটি পরিত্যক্ত পুকুরে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন (৪৫) সোনাগাজী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরগণেশ এলাকার ডাউল বেপারী বাড়ির আহসান উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
এছাড়া একই উপজেলার চর সাহাভিকারী গ্রাম থেকে বিবি মরিয়ম ওরফে ফাইমা (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ফাইমা উপজেলার চর সাহাভিকারী গ্রামের মো: জামাল উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, মায়ের সাথে অভিমান করে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম দুইজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন থেকে আবেদ আলী (৪৫) নামে এক গরুর খামারকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আবেদ আলী রংপুরের বাসিন্দা। তিনি স্থানীয় আজাদের গরুর খামারে দিনমজুর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের দাবি, আবেদ আলী খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








