গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এস স্যুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এর ভেতরে থাকা এলপিইজি গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে আগুন ও বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় কারণ অনুসন্ধানে চার সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন।

‎কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুল জামান। এতে সদস্য সচিব হিসেবে রয়েছেন সাভার অঞ্চলের জোন কমান্ডার হাফিজুর রহমান। কমিটির অন্য দুই সদস্য হলেন— জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন ও সংশ্লিষ্ট পরিদর্শক অলিয়ুর রহমান।

‎অগ্নিকাণ্ডে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। এছাড়া আট-নয়টি লরি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎তদন্ত কমিটি গঠনের তথ্যটি নিশ্চিত করে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, কমিটি গঠন করা হয়েছে। ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুল জামান সভাপতি ও চার সদস্যবিশিষ্ট এই কমিটি। এখানে সভাপতি উনি (কাজী নজমুল জামান), এরপরে সদস্য সচিব থাকবেন আমাদের সাভার এলাকার জোন কমান্ডার হাফিজুর রহমান। আর সংশ্লিষ্ট স্টেশন অফিসার বলতে আমি (শাহাবুদ্দিন) ও সংশ্লিষ্ট ইন্সপেক্টর অলিয়ুর রহমান।

তিনি আরো বলেন, ‎তবে বিস্তারিত তথ্য এখনো পাইনি। কত দিন বা কিভাবে হবে এটি বিকেলে জানাতে পারব।