গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারবাহী লরি, লরিতে আগুন, বিস্ফোরণ, আগুন, নিহত, আহত, ফায়ার সার্ভিস
আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডারবাহী লরিতে ভয়াবহ আগুন নয়া দিগন্ত

আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কারখানার ভেতরে রাখা এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

সোমবার সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি গ্রুপের এস স্যুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে থাকা একটি লরিতে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত ১১টা ৪৪ মিনিটে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়।

ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্রে জানা যায়, লরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। বিস্ফোরণের তীব্রতায় একটি সিলিন্ডার ছিটকে গিয়ে বাইরে একটি দোকানের সামনে থাকা মোছা: জয়নব বেগম (৫৫) নামের এক নারী পথচারীকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল নামে আরো একজন মারা যান। এ নিয়ে দুর্ঘটনায় মোট সাতজনের মৃত্যু হলো। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য, পথচারী ও কারখানার শ্রমিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আগুনে প্রীতি গ্রুপের কারখানা প্রাঙ্গণে থাকা প্রায় আট থেকে নয়টি লরিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিচয় শনাক্তকরণ ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় মোট সাতজন মারা গেছেন। এর মধ্যে কারখানার ভেতরে পাঁচজন, ছিটকে আসা সিলিন্ডারের আঘাতে বাইরে একজন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল নামে একজন মারা যান। নিহতদের পরিচয় শনাক্তকরণ ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।