
ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান গেমসের তৃতীয় দিনে কাবাডিতে জোড়া জয় পেয়েছে বাংলাদেশ। সকালে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর বিকেলে চাইনিজ তাইপেকেও হারিয়েছে বাংলাদেশ। তবে কাবাডির সাফল্যের বিপরীতে কারাতে, শুটিং, জিমন্যাস্টিক্স, সাঁতার, উশু, টেবিল টেনিস, নারী হকি ও ব্যাডমিন্টনে পুরোটাই হতাশার নাটক মঞ্চস্থ হয়েছে।
ব্যাডমিন্টন : জার্সি নিয়ে আলোচনায় আসা ব্যাডমিন্টন দল দলীয় বিভাগে শেষ পর্যন্ত অংশ নিয়েছেন। আয়মান ইবনে জামান ইউনেক্সের সঙ্গে আলাপ করে নতুন জার্সির ব্যবস্থা করেন। এ জন্য তাকে কোনো খরচ দিতে হবে কি না, সেটি এখনো নিশ্চিত হয়নি। ইচিনোমিয়া সিটি জিমনেশিয়ামে ব্যাডমিন্টনের এককের লড়াইয়ে ভারতের লক্ষ্য সেনের কাছে ২১-৪, ২১-১২ পয়েন্টে আয়মান ইবনে জামান, আইয়ুশ শেঠীর কাছে ২১-৪, ২১-১৩ পয়েন্টে গৌরব সিংহ এবং কিদাম্বি শ্রীকান্তের কাছে ২১-১৫, ২১-৯ পয়েন্টে আল আমিন জুমার হেরেছেন। এককে তিন পরাজয়ের পর ডাবলস খেলার প্রয়োজন হয়নি। ডাবলসে আয়মান ও গৌরব জুটির প্রতিপক্ষ ছিল হরিহরন ও অর্জুন জুটি। অন্য দিকে জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটির প্রতিপক্ষ ছিল সাইরাজ রেড্ডি ও চিরাগ শেঠী।
কারাতে : ছেলেদের ৬৭ কেজি ওজন বিভাগের কুমিতে মনিরুল ইসলাম ৮-৩ পয়েন্টে হেরেছেন কাতারের ইয়ামান আলনাতশেহরের কাছে। নারীদের ৬১ কেজি কুমিতে হুমায়রা আক্তার অন্তরা ৯-১ পয়েন্টের বড় ব্যবধানে হেরেছেন কাজাখস্তানের কানায় আসেলের কাছে।
টেবিল টেনিস : নারীদের দলগত লড়াইয়ে উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কং কুম-কিমের কাছে ১১-১, ১১-২ ও ১১-৬ পয়েন্টে সামান্তা তুশি, সং পিয়নের কাছে সোনাম সুলতানা সোমা এবং ইম জং চোর কাছে নওরীন মাহী হেরেছেন। সবগুলো ম্যাচের ব্যবধান ছিল ৩-০। নুন্যতম লড়াইও করতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা। আজ বেলা ৩.৪০ মিনিটে মিক্সড ডাবলসে হৃদয় ও মাহী জুটির প্রতিপক্ষ রিপাবলিক অব লাওয়ের জয়সাভাথ ও সিসোমবোন জুটি।
শুটিং : ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে যেতে পারেননি বাংলাদেশের তিন প্রতিযোগীর কেউই। ৬২৩ দশমিক ৯ স্কোর করে অর্ণব শারার লাদিফ ২৫তম, ৬২২ দশমিক ৩ স্কোর করে রবিউল ইসলাম ৩১তম এবং ৬২১ দশমিক ৩ স্কোর করে রাব্বি হাসান মুন্না ৩২তম স্থান পেয়েছেন। ইভেন্টে অংশ নিয়েছিলেন ৪৬ প্রতিযোগী।
সাঁতার : টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে মোহাম্মদ ইসলাম ২৪.৩৮ সেকেন্ড সময় নিয়ে দুই নম্বর হিটে ১০ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন।
উশু : ছেলেদের তাইজিয়াকুয়ান ও তাজিজিয়ান ইভেন্টে ১৫ প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের রুদ্র বিপ্লব ৯ দশমিক ০৫৩ পয়েন্ট স্কোর করে তলানিতে ছিলেন।
জিমন্যাস্ট : এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র জিমন্যাস্ট হিসেবে কোয়ালিফাই করলেও গতকাল ভালো করতে পারেননি রাজীব চাকমা। প্রথম দফায় তিনি সেরা আটে উঠলেও পরে তিনি নবম স্থানে নেমে বাদ পড়েন।







