লালমনিরহাটে দিনে গরম রাতে হিমেল হাওয়া
ads

আসাদুল ইসলাম সবুজ লালমনিরহাট
হিমালয়ের পাদদেশে অবস্থিত লালমনিরহাটে শুরু হয়েছে আগাম শীতের আমেজ। দিনে রোদের তাপ ও ভ্যাপসা গরম থাকলেও সন্ধ্যার পর বইছে হিমেল বাতাস। শেষ রাতে ঠাণ্ডা থেকে বাঁচতে গায়ে জড়াতে হচ্ছে কাঁথা-কম্বল। ঋতু পরিবর্তনের এ সময়ে জেলার কৃষকেরা আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। অন্য দিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা।
স্থানীয়দের মতে, হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতি বছর দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এ জেলায় শীতের আমেজ কিছুটা আগেই শুরু হয়। ইতোমধ্যে গ্রামাঞ্চলে লেপ-তোশক তৈরির তোড়জোড় শুরু হয়েছে। গাছিরা খেজুরগাছ পরিষ্কার, ডালপালা ছাঁটাই ও রস আহরণের উপযোগী করে তুলছেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার পাঁচ উপজেলায় চার হাজার ১৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন ল্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৩৭৫ টন। জেলার ১৭টি ইউনিয়নে ব্যাপকভাবে এসব সবজি আবাদ হচ্ছে। মাঠে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম, লাউ, টমেটো, লালশাক, পুঁইশাক, পালংশাক, ধনেপাতা, গাজর ও মুলা চাষ করছেন কৃষকেরা। উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের আশা করছেন তারা।
স্থানীয় গাছি সোবাহান হোসেন বলেন, এক সময় গ্রামাঞ্চলে প্রচুর খেজুরগাছ থাকলেও এখন তা কমে গেছে। ফলে আগের মতো রস ও গুড় উৎপাদন সম্ভব হচ্ছে না। 
সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এলাকার কৃষক নাল্টু মিয়া বলেন, দিনে গরম থাকলেও সন্ধ্যার পর ঠাণ্ডা বাড়ছে। আগাম শীতকালীন সবজি চাষে এখন ব্যস্ত সময় পার করছেন তারা।
জেলা কৃষি কর্মকর্তা সাইফুল আরেফিন বলেন, দিনের রোদ ও রাতের ঠাণ্ডা আগাম সবজি চাষের জন্য উপযোগী। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা দ্রুত ফসল বাজারজাত করে ভালো দাম পাবেন বলে আশা করা হচ্ছে।