চাটমোহরে বিনা চাষে রসুন আবাদে লাভবান কৃষক
বিনা চাষে ক্ষেতে রসুন বপনে ব্যস্ত কৃষক-কৃষাণী : নয়া দিগন্ত।
ads

নূরুল ইসলাম চাটমোহর (পাবনা) 
পাবনার চাটমোহর উপজেলায় বিনাহালে অর্থাৎ বিনাচাষে রসুন আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষি শ্রমিক ও কৃষকরা। বিগত বছর রসুনের দাম ভালো পাওয়ায় কৃষক এবারো রসুন রোপণে ঝুঁকেছেন। অন্যান্য ফলনের চেয়ে রসুনের ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকরা এ বছরও রসুনের আবাদে ঝুঁকেছেন। সাদা স্বর্ণ বলে খ্যাত রসুন এখন চাটমোহরসহ চলনবিল অঞ্চলের অন্যতম অর্থকরী ফসল। 
জানা যায়, আমন ধান কাটার জমির খড় পরিষ্কার করে ভেজা জমিতে রসুন রোপণ করা হচ্ছে। কাদামাটির ওপর সারি সারি রসুনের কোয়া বিছিয়ে দেয়া হচ্ছে। এটি এ অঞ্চলের দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি এবং এ জন্য কোনো হাল-চাষ করতে হয় না বলে জানিয়েছেন কৃষকরা। রসুন রোপণের পর জমি নাড়া (খড়) কিংবা কচুরিপানা দিয়ে ফের ঢেকে দেয়া হয়। রসুনগাছ বড় হওয়ার সাথে সাথে নাড়া (খড়) ও কচুরিপানা পচে জমিতে জৈব পদার্থের জোগান দেয়। এতে মাটির উর্বরতা ও স্বাস্থ্য রায় ইতিবাচক ভূমিকা রাখে মালচিং পদ্ধতি। 
চলতি মৌসুমে চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর উপজেলায় রসুন চাষের নির্ধারিত ল্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। রান্নার অপরিহার্য উপকরণ হিসেবে ব্যবহারের পাশাপাশি চিপস, আচারসহ বিভিন্ন খাদ্যপণ্যে রসুনের ব্যবহার বাড়ছে। দেশ-বিদেশে চাহিদা বৃদ্ধি এবং বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনায় এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। শুধু চাটমোহর উপজেলাতেই গত তিন বছরে রসুনের আবাদ বেড়েছে প্রায় এক হাজার হেক্টর। 
উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় চার হাজার ৭০০ হেক্টর জমিতে রসুন আবাদের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষিশ্রমিক, কৃষকের পাশাপাশি কিষাণীরাও রসুন আবাদে বাড়িতে ও মাঠে কাজ করছেন। সরেজমিন চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলার গুনাইগাছা, বিলচলন, ছাইকোলা, হরিপুর, ডিবিগ্রাম, মূলগ্রাম ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে চলছে রসুন চাষের প্রস্তুুতি ও রোপণ। বাড়ির নারী সদস্যরা বীজ রসুনের কোয়া ছাড়িয়ে রোপণের উপযোগী করছেন। এরপর পুরুষদের সঙ্গে সমানতালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে ব্যস্ত সময় পার করছেন নারীরাও। 
ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের আব্দুল আজিজ বলেন, এ বছর তিনি পাঁচ বিঘা জমিতে রসুন চাষ করেছেন। নারী-পুরুষ শ্রমিকরা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করছেন। পুরুষ শ্রমিকের দৈনিক মজুরি ৬০০ টাকা এবং নারী শ্রমিকের ৩০০ টাকা। সপ্তাহখানেকের মধ্যেই কাজ শেষ হবে। বিলচলন ইউনিয়নের বোয়াইলমারি গ্রামের কৃষক মুনজিল হোসেন বলেন, এ বছর তিনি পাঁচ বিঘা জমিতে বিনাহালে অর্থ্যাৎ বিনাচাষে রসুনের আবাদ করেছেন। কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় এবার আগের চেয়ে দুই বিঘা বেশি জমিতে রসুন চাষ করেছেন। 
গুনাইগাছা ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম বলেন, মূলত সময় বাঁচাতেই এ পদ্ধতিতে রসুন চাষ করা হয়। বর্ষার পানি নেমে যাওয়ার পর জমিতে জো আসতে দেরি হলে রসুন চাষও পিছিয়ে যায়। এতে জমি চাষ ও শ্রমিকের খরচ কমে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, বর্তমানে চাটমোহর উপজেলায় রসুন একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল। খরচ কম ও অধিক লাভ হওয়ায় কয়েক বছর ধরেই এই ফসলের আবাদে ঝুঁকেছেন চাষিরা। এ উপজেলায় বিনাচাষে রসুন আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সরিষা, ভুট্টা, গম ও ধানের বাজার দর বেড়ে যাওয়ায় অনেক কৃষক রসুন আবাদের পরিবর্তে গম বা ভুট্টা আবাদেও ঝুঁকেছেন। কৃষি বিভাগ থেকে রবি মৌসুমে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।