পাঁচ বছরেও হয়নি শোধনাগার, প্রকল্পের জমিতে পৌরসভার ভাগাড়
পৌরসভার অধিগ্রহণের জমিতে ফেলা হচ্ছে বর্জ্য : নয়া দিগন্ত।
ads

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। পাঁচ বছরেও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় সেখানে প্রতিদিন ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। বৃষ্টির পানিতে এসব বর্জ্য ছড়িয়ে পড়ছে পাশের নাওডাঙ্গা বিল ও ফসলি জমিতে। এতে মাছ ও ধান চাষ ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের চার গ্রামের কয়েক হাজার মানুষ। 
সম্প্রতি সরেজমিন দেখা যায়, নাওডাঙ্গা বিল এলাকায় বর্জ্য শোধনাগারের জন্য নির্মিত স্থাপনার ভিত্তি পড়ে আছে। এর পাশেই স্তূপ করে রাখা হয়েছে পৌরসভার বর্জ্য। বৃষ্টির পানিতে বর্জ্য ছড়িয়ে পড়ছে বিল ও ফসলি জমিতে। দুর্গন্ধে এলাকার পরিবেশ হয়ে উঠেছে অসহনীয়। 
স্থানীয় আবদুল গণি মেম্বার বলেন, শোধনাগার নির্মাণের জন্য কৃষকেরা জমি বিক্রি করেছিলেন। কিন্তু প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় সেই জমিই এখন দুর্ভোগের কারণ হয়েছে। স্থানীয় কল্লোল রায় বলেন, একসময় নাওডাঙ্গা বিলের প্রায় ২০ একর জমিতে সমবায়ভিত্তিক মাছ ও আমন ধানের চাষ হতো। বন্যার পর বিলে আসা মাছও বর্জ্যরে কারণে মারা যাচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, আইডিবির অর্থায়নে চার কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ২০২২ সালের মধ্যে শোধনাগারটি নির্মাণের কথা ছিল। দরপত্রে কাজ পায় মেসার্স এস এম আদিল এন্টারপ্রাইজ। পরে জমির অবস্থান পরিবর্তন হওয়ায় নকশা সংশোধন করতে হয়। এতে ব্যয় আরো এক কোটি ৭৩ লাখ টাকা বাড়লেও অনুমোদন না পাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, ঠিকাদারকে ইতোমধ্যে তিন কোটি ১৩ লাখ টাকা বিল দেয়া হয়েছে। অতিরিক্ত অর্থ অনুমোদন না পাওয়ায় কাজ বন্ধ রয়েছে। ইউএনও ও পৌর প্রশাসক এ টি এম আরিফ বলেন, নতুন জায়গায় বালু ভরাটসহ প্রয়োজনীয় অর্থ একনেকে অনুমোদন হলে শোধনাগারের কাজ শুরু হবে।