মিয়ানমারে ইউপিডিএফ ও কেএনএফকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে আরাকান আর্মি 
মিয়ানমারে ইউপিডিএফ ও কেএনএফকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে আরাকান আর্মি । প্রতীকী ছবি
ads

মিয়ানমারে রাখাইন রাজ্য দখলে নেয়া সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তত্ত্বাবধানে বাংলাদেশের পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই শতাধিক যোদ্ধা সশস্ত্র প্রশিক্ষণ নিতে মিয়ানমারে অবস্থান করছে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। কোণঠাসা সশস্ত্র এই দুই গোষ্ঠীর টার্গেট আগামী এক মাসের মধ্যে পাহাড়কে অস্থিতিশীল করে বড় ধরনের হামলার করা। 

গোয়েন্দা সূত্র জানায়, বান্দরবানে নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে পালিয়ে যাওয়া ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ইউপিডিএফের (প্রসীত) ও মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা এক জোট হয়েছে।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, চাঁদাবাজিতে পিছিয়ে যাওয়া ইউপিডিএফের (প্রসীত) সম্প্রতি পাহাড়ের আরেক সশস্ত্র সংগঠন জেএসএস (সন্তু) সম্প্রতি সাজেক এলাকাসহ বেশ কয়েকটি এলাকা দখলে নেয়ার পর সেই এলাকা পুনরুদ্ধারের জন্য মিয়ানমারে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। এমনকি মিয়ানমার সরকারের জান্তা বাহিনী রাখাইনের মংডু ২৭১ কিলোমিটার দখলের পর ক্যাম্পগুলোতে থাকা ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে নেয় আরাকান আর্মি। যার ফলে অধিক অস্ত্র মজুদ থাকায় সেই অস্ত্র কুকি চিন ও ইউপিডিএফ সদসদের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। 

স্থানীয় সূত্র জানায়, সশস্ত্র সংগঠন জেএসএস (সন্তু) সম্প্রতি সাজেক এলাকাসহ বেশ কয়েকটি এলাকা দখলে নেয়ার পরিশোধের আগুনে জ্বলছে ইউপিডিএফের (প্রসীত) এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করছে। 
সম্প্রতি পার্বত্য অঞ্চলে সরেজমিনে গিয়ে এই সংক্রান্ত বিষয়ে কথা হয় কয়েকজন স্থানীয়দের সাথে। যাদের সাথে ইউপিডিএফ ও কেএনএফ যোগাযোগ আছে। 

তাদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের সীমান্ত সংযোগস্থলে গড়ে উঠেছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, ইউপিডিএফ ও কুকি চিনের অভিন্ন নেটওয়ার্ক। মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত রুট ব্যবহার করে দেশে ঢুকছে আধুনিক অস্ত্র ও গোলাবারুদ, যা সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও শান্তিচুক্তির স্থিতিশীলতাকে বড় ঝুঁকিতে ফেলেছে।
এক দিকে মিয়ানমার, অন্য দিকে ভারত সীমান্ত। তিন দেশের সীমান্ত সংযোগস্থলে সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীগুলোর এক নজিরবিহীন ও উদ্বেগজনক সামরিক মেরুকরণ সৃষ্টি হয়েছে। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, বান্দরবানের কুকি চিন, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ইউপিডিএফ— এই তিন আলোচিত সশস্ত্র সংগঠন পাহাড়ের পরিস্থিতিকে ভয়ঙ্কর করতে এক মঞ্চে জোট বেঁধেছে। 

স্থানীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানের মুখে ইউপিডিএফ তাদের কৌশল পাল্টে অন্যান্য দেশবিরোধী ও বিদেশী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে হাত মেলাতে শুরু করেছে। সম্প্রতি মিয়ানমারভিত্তিক সশস্ত্র সংগঠন আরাকান আর্মি এবং বান্দরবানের পার্বত্য অঞ্চলের নব্য সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাথে ইউপিডিএফের গভীর গোপন আঁতাতের খবর পাওয়া গেছে। 

গত ২৮ জুন রুমা-বিলাইছড়ি সীমান্তবর্তী রেতলাং পাহাড়ে কেএনএফের ঘাঁটিতে ইউপিডিএফের উপস্থিতি এবং পরে সেনা অভিযানে তাদের এই নতুন সমঝোতা প্রকাশিত হয়।

আঞ্চলিক গোয়েন্দা সংস্থা ও সীমান্ত সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, কৌশলগত অবস্থান মজবুত করা, অস্ত্র ও রসদ সরবরাহ নিশ্চিত করা এবং যৌথ সামরিক মহড়া পরিচালনার জন্য এই তিন গোষ্ঠী একটি ‘ত্রিপক্ষীয় অঘোষিত অক্ষ’ গড়ে তুলেছে। এরই মধ্যে এই তিন গোষ্ঠীর মিয়ানমার-বাংলাদেশ ও ভারতের মিজোরামে অবাধ যাতায়াতের তথ্য গোয়েন্দাদের কাছে এসেছে। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকে তারা নতুনভাবে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে এক ভয়ঙ্কর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ইউপিডিএফ দখলকৃত এলাকা পুনরুদ্ধার এবং সীমান্তে ব্যাপক উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা করেছে। ভয়ঙ্কর এই পরিকল্পনা বাস্তবায়নে মিয়ানমার থেকে বান্দরবান সীমান্তবর্তী এলাকা এবং ভারত থেকে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এলাকায় ভারী অস্ত্রের মজুদ গড়ছে এই তিন সশস্ত্র সংগঠন। সম্প্রতি পার্বত্যঞ্চলে সরেজমিন গিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সূত্র ও গোয়েন্দা তথ্য বলছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ), পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং গোপন সশস্ত্র সংগঠন কেএনএফ বা কুকি চিন সদস্যরা একজোট হয়ে কাজ করছে।
এই সমন্বিত জোটের ফলে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য সীমান্ত এবং মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের ভূরাজনৈতিক নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। এই ত্রিদলীয় আঁতাত কেবল একটি সাধারণ জোট নয় বরং এটি দীর্ঘমেয়াদে এই অঞ্চলের মানচিত্র ও নিরাপত্তা সমীকরণ বদলে দেয়ার এক গভীর নীলনকশা।পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক এই সংগঠনের সশস্ত্র শাখা— ‘কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এরই মধ্যে সেনাক্যাম্প বা টহলের ওপর অতর্কিত হামলা চালানোর জন্য অপতৎপরতা চালাচ্ছে। এরই অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে জেএসএসকে (সন্তু) শায়েস্তা করতে ইউপিডিএফের (প্রসীত) কুকি চিন ও আরাকানের সাথে হাত মিলিয়েছে। এমন খবরের পর পার্বত্য অঞ্চলে দুর্গম এলাকায় বাড়তি সতর্কতা, টহল ও নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী।

গত ২৩ থেকে ২৬ নভেম্বর পার্বত্য অঞ্চলে দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে অনুসন্ধান চালিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ সময়ে পরিচয় গোপন রাখার শর্তে কথা হয়েছে কেএনএফ ও তাদের সশস্ত্র শাখা কেএনএর আস্তানা থেকে পালিয়ে এসে স্বাভাবিক জীবনে ফেরা বম সম্প্রদায়ের অন্তত তিনজনের সাথে, যে কথোপকথনের অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে। এছাড়াও স্থানীয় পাহাড়ি ও বাঙালিসহ দুর্গম ওই অঞ্চলে নিরাপত্তার দায়িত্ব পালন করা বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা হলে তারাও জানিয়েছেন প্রায় অভিন্ন তথ্য।

আলাপকালে তারা বলেছেন, এই মুহূর্তে বান্দরবানে বা বাংলাদেশের সীমানার ভেতরে কেএনএফ বা কেএনএর দৃশ্যমান জোরালো তৎপরতা দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের মিজোরামে কেএনএফ ও ইউপিডিএফ নেতারা আত্মগোপনে থেকে নতুন করে দেশে ঢুকে হামলার পরিকল্পনাসহ নানা রকম প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। মিজোরামে তারা আস্তানা বা ঘাঁটি গড়ে তুলে সুযোগ-সুবিধামত দেশের সীমানায় ঢুকছে, আবার বেরিয়েও যাচ্ছে। নিরাপত্তা বাহিনীর প্রযুক্তিগত পর্যবেক্ষণেও এমন দৃশ্য দেখেছেন তারা। এ ছাড়া মিজোরামে থাকা বম সম্প্রদায়ের বিপথগামী কেএনএফ ও ইউপিডিএফ সদস্যদের নানা রকম সমর্থন ও সহায়তা দিচ্ছে মিয়ানমারের চিন রাজ্যের বম সম্প্রদায়ের কিছু গোষ্ঠী। কিন্তু বড় উদ্বেগের বিষয় হচ্ছে— কেএনএফ  ও ইউপিডিএফ এর দুই শতাধিক সদস্য পাহাড়ে হামলা চালানোর জন্য প্রস্তুত করতে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা দিয়ে যাচ্ছে মিয়ানমারের রাখাইনের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’। পাশাপাশি পার্বত্য অঞ্চলে লক্ষ্য ও স্বার্থ অভিন্ন হওয়ায় কেএনএফকে নতুন করে উসকে দিতে আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা ও মদদ দিয়ে যাচ্ছে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত খিসা)। 
সাবেক এক কেএনএফ নেতার দাবি, তিনি কেএনএফের সাথে থাকলেও কেএনএর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তা ছাড়া কেএনএফ থেকেও অনেক আগেই অর্থাৎ ২০২২ সালের সন্ত্রাসীমূলক কার্যক্রম শুরুর আগেই সংগঠনের সাথে সম্পর্ক ত্যাগ করেন। যদিও কেএনএফ বা কেএনএ তৈরি হওয়ার জন্য তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) প্রধানভাবে দায়ী করেন। তিনি বলেন, ‘ জেএসএস পার্বত্য চট্টগ্রামের অন্য সম্প্রদায়ের পাহাড়ি বাসিন্দাদের মধ্যে বিরাট বৈষম্য সৃষ্টি করেন। চাকমা ও মারমার বাইরে পাহাড়ের অন্য কোনো সম্প্রদায়ের সুযোগ সুবিধা, অধিকার নিয়ে তিনি ভাবেননি। জেএসএসকে ব্যানার করে মূলত দু’একটি সম্প্রদায় সরকার তথা রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা নিলেও দুর্গম এলাকায় থাকা বা সংখ্যায় অনেক কম জনগোষ্ঠীর সম্প্রদায়গুলো যুগের পর যুগ ধরে অবহেলা-অবজ্ঞার শিকার হয়েছে। সেখান থেকেই মূলত কেএনএফ বা অন্য সংগঠনগুলোর সৃষ্টি হয়। সরকার বা রাষ্ট্রকে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।’  

যা বলছেন স্থানীয় পাহাড়ি ও বাঙালিরা স্থানীয় বাসিন্দারা বলছেন, পার্বত্য তিন জেলায় (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) এলাকাভিত্তিক আধিপত্য, চাঁদাবাজি নিয়ে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ ও খুনোখুনির অবস্থা দেখা গেলেও সার্বিকভাবে পার্বত্য অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে তারা কেএনএফসহ বিভিন্ন গোষ্ঠীর সাথে জোটবদ্ধ হয়েও কাজ করছে। বিশেষ করে সেনাবাহিনী ও সরকারকে বেকায়দায় ফেলতে নতুন নতুন ‘ইস্যু’ সামনে আনছে তারা, যার মধ্যে সাম্প্রতিক সময়ে সাজেক সড়ক দীর্ঘদিন অবরোধ করে রাখার ঘটনা অন্যতম। 

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ধুপানিছড়া পাড়া সংলগ্ন ‘ট্রাই ন্যাশন বর্ডার’ (বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত) এলাকার একাধিক ত্রিপুড়া বাসিন্দা বলেন, এই এলাকায় আগে কেএনএফ প্রায় হানা দিতো। বর্তমানে সেনাবাহিনীর বেশ উপস্থিতিতে আমরা স্বস্তিতে থাকি। বছর দুই আগেও আমাদের অনেকে এলাকা থেকে ভয়ে অন্যত্রে চলে গিয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার ফিরে আসি।
সেনাবাহিনী : নজরদারি জোরদার : রুমা জোনের উপ-অধিনায়ক মেজর নিয়ামুল নাসির সিদ্দিকী নয়া দিগন্তকে বলেন, জেএসএস, ইউপিডিএফ ও কেএনএ পাড়াবাসীর কাছ থেকে চাঁদা তোলে ও সন্ত্রাসী তৎপরতা চালায়। ‘৩৬ বীর’ ইউনিট দায়িত্ব নেয়ার পর অন্তত ১৫০টি বিশেষ অভিযান চালানো হয়েছে; এতে অনেক সেনাসদস্য শহীদ ও আহত হয়েছেন। তার ভাষ্য, কেএনএ আর নিজ দেশে ঢুকে সেভাবে তৎপরতা চালাতে পারছে না, ফলে এলাকায় ‘স্বস্তি ও আস্থা’ ফিরছে। তবে কেএনএ অন্য গোষ্ঠীর সাথে যোগাযোগ করে শক্তি বাড়ানোর চেষ্টা করছে। ‘আমরা সেসব চক্রান্ত নস্যাৎ করার চেষ্টা করি। বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে অপতৎপরতা চালাতে দেয়া হবে না,’ বলেন তিনি।

বান্দরবানের সুনসাংপাড়া ক্যাম্পের মেজর মিরাজ আহমেদ ভূইয়া জানান, এক সময় কেএনএফের তৎপরতা বেশি থাকলেও এখন প্রায় সবাই সীমান্তের ওপারে আশ্রয় নিয়ে নতুন ষড়যন্ত্র করছে বলে গোয়েন্দা তথ্য আছে। তাই ক্যাম্পে ক্যাম্পে বাড়তি নজরদারি, নাইট ভিশন ক্যামেরায় পর্যবেক্ষণ, টহল ও ফুট পেট্রলিং বাড়ানো হয়েছে।

খাগড়াছড়ি সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া নয়া দিগন্তকে বলেন, সাজেক এক মাসের বেশি সময় ধরে বন্ধ। এর পেছনে তিনি জেএসএস ও ইউপিডিএফের আধিপত্যের লড়াইকে দায়ী করেন। তিনি বলেন, দেড় বছরের মতো সঙ্ঘাতের পর সাজেকের নিয়ন্ত্রণ আসে জেএসএসের হাতে, যা আগে ছিল ইউপিডিএফের। পর্যটক, রিসোর্ট এমনকি পানি সরবরাহ থেকেও সেখানে পরোক্ষ চাঁদা আদায় হয়।

এই উৎস হাতছাড়া হওয়ায় ইউপিডিএফ আরো আগ্রাসী হয়েছে। পানছড়ি থেকে খাগড়াছড়ি সদর পর্যন্ত এলাকায় তাদের নিয়ন্ত্রণ কমেছে। যার ফলে নিজেদের শক্তিকে জানান দিতে এবং আধিপত্য টিকিয়ে রাখতে ইউপিডিএফ অন্য সশস্ত্র দলগুলোর সাথে হাত মিলিয়েছে। এমনকি তারা প্রতিবেশী সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে অস্ত্রের প্রশিক্ষণ এবং অস্ত্র আনা নেয়া বেড়েছে।