
নয়া দিগন্ত ডেস্ক
দেশে হাম ও উপসর্গে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’জন করে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে এবং একজন করে সিলেট ও খুলনা বিভাগে মারা গেছে। সব মিলিয়ে চলতি বছর হাম ও উপসর্গে মৃত্যু এক হাজার ৩৮৫ জনে পৌঁছেছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে ৯৬১ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৫৪ জনের। সব মিলিয়ে হাম ও উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ১৫ জন। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৯ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৭৪ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০৬ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ২৭৯ জন। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ৬৩ হাজার ৭৬৯ জনের। আর হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৩৯১ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৭ হাজার ৩১৪ জন।
সিলেটে আরেক শিশুর মৃত্যু : সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা তিনদিনে সাত শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছে ১৪ জন এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১০৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৯ জন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাত মাসের শিশু মুশাহিদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা। চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে ২৩৬ জনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









