মোরগ-পোলাও খাইয়ে ২ হাজার ভরি গয়না ও ১২ লাখ টাকা লুট
ads

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি আনাম র‌্যাংস প্লাজার ‘পূরবী জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে নিরাপত্তাকর্মীদের খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে প্রায় দুই হাজার ভরি অলঙ্কার ও নগদ লাখ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। দোকানটির মালিক অমিত ঘোষের দাবি, লুট হওয়া মালামালের মধ্যে প্রায় এক হাজার ৮০০ ভরি স্বর্ণের পাশাপাশি বিপুল পরিমাণ রুপা ও হীরার গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা রয়েছে।
পুলিশ ও দোকান কর্তৃপ সূত্রে জানা গেছে, চুরির আগে মার্কেট ও জুয়েলার্সের নিরাপত্তাকর্মীদের চেতনানাশক বা ঘুমের ওষুধ মিশ্রিত  মোরগ-পোলাও ও কলা খাওয়ানো হয়েছিল। ঘটনার পাঁচ দিন আগে জুয়েলার্স কর্তৃপ জাতীয় পরিচয়পত্র ছাড়াই এক নিরাপত্তাকর্মীকে নিয়োগ দিয়েছিল, যে এই চুরির পরিকল্পনায় মূল ভূমিকা পালন করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
জুয়েলার্সের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টার দিকে তিন থেকে পাঁচ ব্যক্তি দোকানে ঢোকে এবং তাদের সাথে আরো দু’জন অপরিচিত লোক ছিল। নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বহিরাগত দুর্বৃত্তদের ভেতরে ঢুকতে সরাসরি সহায়তা করে এবং ভেতরে ঢুকেই দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। 
ভবনের পার্কিংয়ে অর্ধচেতন অবস্থায় উদ্ধার হওয়া নিরাপত্তাকর্মী আব্দুর রহিম জানান, অন্য এক নিরাপত্তাকর্মী সালাম ও সুপারভাইজার রিপন তাকে জোড়া কলা খেতে দেন এবং তা খাওয়ার পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। চুরির পর থেকে নিজস্ব ও মার্কেটের তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন।
জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাইয়ে একইভাবে চুরির চেষ্টা করা হয়েছিল, তবে সেবার মালিকের সতর্কতায় তা ব্যর্থ হয়; কিন্তু এবার পুরো দোকান ফাঁকা করে সব গয়না ও নগদ টাকা নিয়ে গেছে চক্রটি। খবর পেয়ে সিআইডির একটি সুরতহাল দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। দোকান থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রু ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, স্বর্ণ লুটের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির একজন কর্মীও রয়েছেন। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।