চুয়াডাঙ্গায় শিশু ও না’গঞ্জে বাবুর্চি নিহত অন্যান্য স্থানে প্রাণ গেল আরো ২ জনের
ads

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গার জীবননগরে এক শিশু এবং না’গঞ্জের আড়াইহাজারে এক বাবুর্চি নিহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য স্থানে প্রাণ গেছে আরো দু’জনের।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে ফারিয়া খাতুন (১০) নামের তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা ঘাতক লাটাহাম্বারটি ভাঙচুর করে। নিহত ফারিয়া খাতুন জীবননগর উপজেলার  মাধবখালী এলাকার ছোটাংগা পাড়ার খবির উদ্দিনের মেয়ে। সে স্থানীয় প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কালা গ্রামে একটি অবৈধ লাটাহাম্বার বেপরোয়া গতিতে চলার সময় শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং বিক্ষুব্ধ জনতা লাটাহাম্বারটি ভাঙচুর করে।
জীবননগর থানার ওসি শেখ সোলাইমান জানান কোনো অভিযোগ না থাকায় নিহত ফারিহাকে পরিবারের নিকট হস্তান্তর এবং গাড়িটি আটক করা হয়েছে। 
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় মনির হোসেন (৫০) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ-নরসিংদী মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মারুয়াদী এলাকায় স্বপ্নীল রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন মারুয়াদী এলাকার স্বপ্নীল রেস্টুরেন্টে প্রধান বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মারুয়াদী মুন্সিবাড়ির বাসিন্দা।
জানা গেছে, ডিউটি শেষে বাড়ি ফেরার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন মনির হোসেন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা পেছন থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোরিকশা ও চালককে আটক করা সম্ভব হয়নি। তবে চালককে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় চিত্র রায় (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সুবোধ সিংহ (৫৫) গুরুতর আহত হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের  হাজির মোড় এলাকায় হতাহতের এ ঘটনা  ঘটে।
নিহত চিত্র রায় সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের খোকা রামের ছেলে। আহত সুবোধ সিংহ একই উপজেলার আকচা ডাক্তারপাড়া গ্রামের যতীন চন্দ্রের ছেলে।
বোদা হাইওয়ে থানার উপপরিদর্শক নুর হোসেন জানান, দিনাজপুর থেকে পঞ্চগড়গামী রিফাত পরিবহনের বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় একই দিকে চলাচলকারী মোটরসাইক্যালটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে চিত্র রায়ের মৃত্যু হয়।  আহত সুবোধ সিংহের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে হেলাল উদ্দিন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের আরো চার সদস্য। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বারইয়ারহাট থেকে আবুরহাটে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান হেলাল উদ্দিনসহ তার পরিবারের পাঁচ সদস্য। পাত্রী দেখে ফেরার পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছলে তার চালিত সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। আহত হন পরিবারের আরো চার সদস্য।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীা-নিরীা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। অন্য চারজনকে চিকিৎসা দেয়া হয়েছে।