গরু মহিষের ডায়রিয়া সারায় বনজুল লতা
ads

 

গত বছর নয়া দিগন্তের পটুয়াখালী প্রতিনিধি মাহমুদ হাসানের মোটরসাইকেলের পেছনে চড়ে যাচ্ছিলাম জাহাজমারার চরের দিকে। তখন মাহমুদ ভাই আমাকে ডেকে বললেন, ওই যে একটি শিয়াল যাচ্ছে। ছোট বেলায় বহু শিয়াল দেখেছি। চর কুকরি মুকরিতেও  ২০২৩ ও ২০২৪ সালে শিয়াল দেখার সুযোগ হয়েছিল। তবে তা দূর থেকে। এত কাছ থেকে সাম্প্রতিক সময়ে দেখা হয়নি শিয়াল। তাই আখক্ষেতের পাশে থাকা শিয়ালটির ছবি তোলা ও ভিডিও করার জন্য মোটরসাইকেল থেকে নামলাম। অবশ্য ধূর্ত প্রাণী শিয়াল আমাকে দেখেই দৌড়। তবে ওই মুুহূর্তে আমিও শিয়ালের চেয়ে বেশি কৌশলী হয়ে তাকে উল্টো পথে সামনা সামনি পেয়ে গেলাম। এরপরই সে দৌড় দিল আরেকটি ঝোপের দিকে। এরপর ওই ঝোপই আমাকে ভীষণভাবে আকৃষ্ট করল। কারণ পুরো ঝোপটিই সাদা ফুলে ভরা। দেখতে অনেকটা মধুমালতী, মধুমঞ্জুরি বা মাধবীলতার মতোই দেখতে। আবার বেলী ফুলের সাথেও তুলনা করা যেতে পারে। সন্ধ্যা মালতী বা টগর ফুলের মতোই এক গাছে অসংখ্যা ফুল ফোটে। লতানো এই গাছটির নাম বনজুল লতা।
মে-জুন মাসে এই ফুল ফোটে। ফুল মানেই সেখানে মধু মিলবে। তবে এই বনজুল লতা যেকোনো পর্যটকের দৃষ্টি আকর্ষণ করবে তার ফুলের জন্য। জাহাজ মারার চরেই প্রথম এই ফুল দেখেছি। সোনার চরের খালের পাশেও এই ফুল  দেখেছি। লম্বা ডাটার মধ্যে সাদা ফুল ফুটে। ফুলের মাঝে কয়েকটি লাল দণ্ড থাকে। এর পাতাগুলো দেখতে অনেকটা করমচা গাছের পাতার মতো। এর ফলগুলো গোলাকার। কাঁচা অবস্থায় সবুজ থাকে। পাকলে কালচে বাদামি রঙ ধারণ করে।
ফুলটি গত বছর দেখলেও এই বনজুল লতা সম্পর্কে প্রথম জেনেছিলাম ২০২৩ সালে। সেবার চর কুকরি মুকরির চর পাতিলা ডোশের ( ডোশ মানে খাল) পাড়েই  ঝুলে থাকা অসংখ্য লতা ওয়ালা একটি গাছ দেখলাম। প্রশ্ন করতেই নৌকার মাঝি সেলিম জানান, ‘এটি বনজুল লতা। আমরা লাই, টুকরি, মোড়া এসব বাধার জন্য এই লতা ব্যবহার করি। বেশ মজবুত। এ ছাড়া গরু মহিষের ডায়রিয়া হলেও এই বনজুল লতার রস খাওয়ালে ডায়রিয়া ভালো হয়।’ পুরো উপকূলীয় এলাকায় বাঁধার কাজে এই লতা যেমন ব্যবহৃত হয় তেমনি গরু মহিষের পেটের পীড়া দূর করতেও ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। পটুয়াখালীর চর মোন্তাজের আবদুর রবও জানান তা। তিনি অবশ্য জানান বনজুল লতার সাথে কাইল্ল্যা লতা বেটে রস খাওয়ালে গরু ও মহিষের ডায়রিয়া ভালো হয়।’ এ ছাড়া মানুষও এই পাতার রস জ¦র এবং বাত ও গাঁটের ব্যথা নিরাময়ে ব্যবহার করে। চর্মরোগ ও পোকামাকড়ের কামড়ের জ¦ালাপোড়া কমাতেও ব্যবহৃত হয় এই পাতার রস।
চর কুকরি মুকরির হোসেন মাঝি জানান,  এই বনজুল লতা দিয়ে শুধু লাই-টুকরি বাঁধাই নয়, বেত আসার আগে এই লতা দিয়ে লাই ও টকুরি বানাতে হতো। ছোট বেলায় আমিও বানিয়েছি। এখন আর এই লতা দিয়ে লাই টুকরি বানানো হয় না। শুধু বাধন হিসেবেই ব্যবহৃত হয়। বেশ শক্ত এই লতা। আর ফুল ফুটলে মৌমাছি-ভোমরার ভিড় লাগে এই ফুল থেকে মধু সংগ্রহের জন্য। তিনি আরো জানান, আমাদের কুকরি মুকরির বনে তো এই বনজুল লতার ওপরই বেঁচে আছে গরু ও মহিষ।
 সবুজ গোলাকৃতির ছোট সাইজের এই বনজুল লতার পাতা। কোনো গাছের ওপর বেয়ে এরপর নিচের দিকে ঝুলে পড়ে। সোনার চরের খাল ও কুকরি মুকরির খালে এই বনজুল লতা দেখেছি অন্য গাছের ওপর থেকে ৮-১০ ফুটের মতো নিচের দিকে ঝুলে থাকতে। আবার যে গাছ একাই স্বাবলম্বী সেটি ৫-৬ ফুট পর্যন্ত লম্বা। কুকরি মুকরিতে এই লতার সৌন্দর্য দেখতে নৌকায় করেই আমি খুব কাছে গেলাম লতাটির। তখন সেলিম মাঝি আমাকে সতর্ক করে বললেন, ‘ওই যে দেখুন লতার মধ্যে ইঁদুর বাসা করেছে। আর এই ইঁদুর খেতে সাপও আসে। সুতরাং সাবধান থাকতে হবে।’ লতা জাতীয় এই গাছ অনেক ঘন, যে কোনো প্রাণী এর ভেতরে বা পেছনে আড়াল করে লুকিয়ে থাকতে পারে।