
ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত স্বস্তিতে থাকতে পারেনি নিউজিল্যান্ড। দলীয় ৭৭ রানে প্রথম উইকেট হারানোর পর ১১০ রানের মাথায় আরো তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল স্বাগতিকরা। সেখান থেকে টম ব্লান্ডেলকে সাথে নিয়ে হাল ধরার চেষ্টা করেন ড্যারিল মিচেল। কিন্তু দলীয় ১৮৪ রানে ব্যক্তিগত ৩১ রান নিয়ে ফেরেন মিচেলও। এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস। দিন শেষে ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ কিউইদের। ব্লান্ডেল ৫৩ ও ফিলিপস ৩৬ রানে অপরাজিত আছেন।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুবমান গিল। সবুজ ঘাসে ঢাকা উইকেটে শুরু থেকেই বোলারদের জন্য সহায়তা ছিল। তবে সেই সুবিধা কাজে লাগিয়ে দ্রুত উইকেট তুলে নিতে পারেনি ভারত। প্রথম উইকেটে টম লাথাম ও ডেভন কনওয়ে যোগ করেন ৭৭ রান। ৩১ রান করা কনওয়েকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন অভিষিক্ত পেসার গুরনুর ব্রার। লাঞ্চের ঠিক আগের বলে সাজঘরে ফেরেন কনওয়ে।
এরপর দ্বিতীয় সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। বিশেষ করে আকাশ দীপের বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। প্রথমে ১২৮ বলে ৫৯ রান করা অধিনায়ক লাথামকে ফিরিয়ে দেন তিনি। এরপর রাচিন রবিন্দ্রকে শূন্য রানে পান্তের ক্যাচ বানান এই পেসার। দুই উইকেটের মাঝখানে আনশুল কাম্বোজ ফিরিয়ে দেন হেনরি নিকোলসকে। ফলে ১১০ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল। পঞ্চম উইকেটে দু’জন যোগ করেন ৭৪ রান। তবে ৩১ রান করা মিচেলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর।
এরপরও থামেনি নিউজিল্যান্ডের লড়াই। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেলের সাথে জুটি বাঁধেন গ্লেন ফিলিপস। দু’জনের অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেন ৬২ রান। ১১৭ বল মোকাবেলায় ৫৩ রানে অপরাজিত ব্লান্ডেল। ৬৪ বলে ৩৬ রান করে অন্য প্রান্তে আছেন ফিলিপস। আকাশ দীপ নেন ২ উইকেট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









