
এস এম মিন্টু পার্বত্য অঞ্চল (সাজেক) থেকে ফিরে
ঘরে চাল নেই। দুই দিন ধরে ভাত না খেয়ে আছে দু’টি পরিবার। উপায় না পেয়ে আমার কাছে আসেন। পরে দুই কেজি চাল দেই তাদের। প্রায় দেড় মাস ধরে সাজেকে পর্যটন বন্ধ থাকায় অনেক কষ্টে দিনযাপন করছে বাসিন্দারা। এই সমস্যা চলতে থাকলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। গত মঙ্গলবার রাতে কথাগুলো বলছিলেন রাঙ্গামাটি জেলার সাজেক ইউনিয়নের সাবেক মেম্বার ও স্থানীয় বাসিন্দা শান্তি ত্রিপুরা। তিনি নয়া দিগন্তকে বলেন, সাজেকে কোনো পর্যটন নেই। যানবাহন থেকে শুরু করে সব ধরনের চলাচল বন্ধ। প্রায় পাঁচ শতাধিক রিসোর্ট ও গেস্টহাউজ বন্ধ। অথচ ভরা মওসুমে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠত ভ্রমণপিপাসুদের। সেখানে এখন শুধুই নীরব কান্না।
সেখানে গিয়ে দেখা যায়, পর্যটক না থাকায় সাজেকের প্রতিটা রিসোর্টই এখন অন্ধকার। কোনো কোনোটায় ভুতুড়ে পরিস্থিতি। সন্ধ্যায় কিছুদূর হাঁটতেই বাসিন্দাদের জন্য ছোট ছোট মুদিদোকান। সেখানে কয়েকজন যুবক ক্যারম খেলছিলেন। চায়ের দোকানে যাওয়ার আগে যে রিসোর্টগুলো চোখে পড়ে সেগুলো অন্ধকারের মধ্যে যেন ভুতুরে অবস্থার মধ্যে। চায়ের দোকানের সামনে যেতেই কয়েকজনের দেখা মিলল। চায়ের আড্ডায় কোনো হাসি নেই। সবাই নিশ্চুপ হয়ে বসে আছেন। তাদের সাথে কথা হলে ভেসে আসে হতাশার কথা।
বলেন, আমরা কেউ ভালো নেই। অনেকের চুলাও বন্ধ। সাজেকের সবাই পর্যটক নির্ভর। লকডাউনের কারণে সবাই হতাশ। কিভাবে দিন কাটবে চিন্তা করলেই বুকটা ফেটে যায়।
স্থানীয় ও গোয়েন্দাদের সূত্র মতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় বছরে প্রায় দুই হাজার কোটি টাকা চাঁদা আদায় করে থাকে সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ (মূল)সহ চারটি সংগঠন। গত ২২ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত পর্যটন এলাকা সাজেক অবরোধের কারণে সেখানে এখন নীরব কান্না চলছে। গত মঙ্গলবার ও বুধবার সাজেকে গিয়ে দেখা গেছে, সেখানকার স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে হাহাকার ও সুনসান নীরবতা। পর্যটকদের জন্য যেসব পণ্য বোঝাই করে রাখা হয়েছিল সেগুলো এখন নষ্ট হওয়ার উপক্রম। সাজেক হেডম্যান জুই লুসাই বলেন, এখানে একমাত্র আয়ের উৎস পর্যটকদের কারণে। অথচ ব্যবসাবাণিজ্যে ধস নেমেছে অবরোধের কারণে। এখানে যতগুলো রিসোর্ট আছে সবাই ক্ষতির সম্মুখিন। আমরা চাই সরকার দ্রুতই এই সমস্যার সমাধান করুক।
একাধিক কারবারি, ব্যবসায়ী এবং কয়েকজন রিসোর্ট মালিকদের সাথে কথা হলে তারা প্রকাশ্যেই বলেন, সাজেক আ জান্ধ দুই সশস্ত্র গোষ্ঠীর কারণে। তারা বছরের পর বছর চাঁদা নিচ্ছে। আবার তারা নিজেদের স্বার্থে দ্বন্দ্ব সৃষ্টি করছে। দুই গ্রুপের মধ্যে প্রায় গোলাগুলি হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রতি বছরের জন্য রুমপ্রতি দিতে হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা চাঁদা। এই চাঁদা স্থানীয় কথিত মুরুব্বিদের কাছে দিতে হয়। আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও জেএসএস চার ভাগে বিভক্ত। সবাইকে তাদের শক্তি অনুযায়ী চাঁদা দিতে হয়। অথচ এই ভরা মওসুমে যখন সাজেক পুরোপুরি লকডাউন তখন চাঁদা আদায় কোনোভাবেই বন্ধ নয়। আগামী ডিসেম্বরে চাঁদার মেয়াদ শেষ হবে। এর মধ্যেই জানুয়ারিতে নতুন করে চাঁদা আদায় শুরু হবে। যে ক্ষতির মুখে পড়েছে সাজেক তার কোনো হিসাব মানবে না সশস্ত্র সংগঠনগুলো। তারা বছর শুরুর আগেই টোকেনের মাধ্যমে চাঁদা আদায় করে নিয়ে যাচ্ছে।
কথা হয় রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মামুন হোসেনের সাথে। তিনি বলেন, আমাদের রুমপ্রতি চাঁদা দিতে হয় বার্ষিক হারে। প্রতি রুমের চাঁদা দিতে হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। এতে শুধু সাজেক থেকেই বছরে কয়েক শ’ কোটি টাকা চাঁদা আদায় করা হয়। অথচ দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে রাঙ্গামাটি-খাগড়াছড়ি থেকে সাজেক রোডে সব রাস্তা অবরোধ চলছে। এই অবরোধ চলমান থাকলে এখান থেকে শত শত কোটি টাকা ক্ষতির হবে ব্যাসায়ীদের।
উজোবাজারের অবস্থা
গত ১১ অক্টোবর সন্ধ্যা থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অবরোধ ও প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে বন্ধ রয়েছে। গত ২২ অক্টোবর প্রায় দুই হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছিলেন উজোবাজারে। সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলির মধ্যেই সেনাবাহিনীর প্রচেষ্টায় সবাইকে উদ্ধার করা হয়। এতে দেশজুড়ে প্রশংসাও কুড়েয়েছে সেনাবাহিনী। তবে সেদিনের পর থেকেই সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠীর মদদে সেখানে অবরোধ চলমান রয়েছে। গত বুধবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেছে উজোবাজারটির আশপাশের অন্তত ২০ কিলোমিটার থেকে এই বাজারটিতে হাজার হাজার কৃষক তাদের পণ্য চাষাবাদের জিনিসপত্র নিয়ে আসেন। সেদিন হাটের দিন থাকলেও একবারেই সুনসান নীরবতা। বাইরের লোক দেখলেই সেখানে অবস্থান করা কয়েকজন আড় চোখে তাকাচ্ছিলেন। তবে নিরাপত্তা কারণে সেখানে বেশি সময় থাকা সম্ভব হয়নি।
সেখানকার এক ডাব ব্যবসায়ী জানান, অবরোধের কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে। আরেকজন বলেন, কলা, পেঁপেসহ পাহাড়ি যেসব ফলমূল ও সবজি রয়েছে পরিবহন বন্ধের কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে। এসব ফল ও সবজি নষ্ট হওয়ায় অনেকে মানবেতর জীবনযাপন করছে। অথচ সশস্ত্র চারটি গ্রুপ এখানকার পরিস্থিতি অস্থির করে তুলেছে। তিনি বলেন, আমরা শান্তি চাই, সঙ্ঘাত নয়। সেনাবাহিনী এখানে হস্তক্ষেপ করলে শিগগিরই সমাধান সম্ভব।
খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া নয়া দিগন্তকে বলেন, পার্বত্য শান্তিচুক্তি হলেও পাহাড়ে প্রকৃত শান্তি আসেনি বরং সঙ্ঘাত বেড়েছে। চুক্তির পর একটির জায়গায় এখন একাধিক সশস্ত্র সংগঠন সক্রিয়। এদের মূল চালিকাশক্তি চাঁদাবাজি। এটি বন্ধ করা গেলে এবং বিদেশী সহায়তার পথ রুদ্ধ হলে গোষ্ঠীগুলো টিকে থাকতে পারবে না।
এমপি বলেন, সাজেক এক মাসের বেশি সময় ধরে বন্ধ। এর পেছনে তিনি জেএসএস ও ইউপিডিএফের আধিপত্যের লড়াইকে দায়ী করেন। তার ভাষ্য, দেড় বছরের মতো সঙ্ঘাতের পর সাজেকের নিয়ন্ত্রণ আসে জেএসএসের হাতে, যা আগে ছিল ইউপিডিএফের। পর্যটক, রিসোর্ট এমনকি পানি সরবরাহ থেকেও সেখানে পরোক্ষ চাঁদা আদায় হয় বলে তিনি দাবি করেন। এই উৎস হাতছাড়া হওয়ায় ইউপিডিএফ আরো আগ্রাসী হয়েছে। পানছড়ি থেকে খাগড়াছড়ি সদর পর্যন্ত এলাকায় তাদের নিয়ন্ত্রণ কমেছে বলেও তিনি জানান।
অবরোধ কবে উঠবে, জানতে চাইলে তিনি সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার কথা বলে আশা প্রকাশ করেন, শিগগিরই সাজেক খুলে দেয়া সম্ভব হবে। অবরোধ-আহ্বানকারীরাও যোগাযোগ রাখছে। তাদের পাঁচটি দাবির চারটিতে সরকার একমত হলেও, জেএসএসকে সরিয়ে দেয়ার দাবি মানা সম্ভব নয়। তার যুক্তি, ইউপিডিএফও সশস্ত্র; সরানো হলে সব অস্ত্রধারীকেই সরাতে হবে।
সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার মতে চাঁদা বন্ধ করা গেলে এবং বিদেশী সহায়তা রোধ করা গেলে গোষ্ঠীগুলো ‘আর সাস্টেইন করবে না’। তিনি দাবি করেন, সেনাবাহিনীর চেয়েও ভারী অস্ত্র তাদের হাতে আসছে; চাঁদার টাকায় বেতনভুক্ত ক্যাডার, অফিস এবং অনলাইন অপপ্রচারকারী পোষা হয়, জাতিসঙ্ঘসহ বিভিন্ন ফোরামে প্রতিনিধি পাঠানো হয়।
‘বিদেশী শক্তি’ কারা, জানতে চাইলে তিনি কোনো দেশের নাম নেননি। তার ভাষ্য, বড় ও শক্তিশালী অনেক দেশেরই পাহাড়ের দিকে দৃষ্টি আছে। এ ছাড়া কিছু নেতার পরিবার প্রতিবেশী দেশে বাড়িঘর করেছে এবং দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র রাখছে বলে তিনি গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করেন, যাকে ‘ওপেন সিক্রেট’ বলে বর্ণনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব হোসেন নয়া দিগন্তকে বলেন, সাজেকের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তার ভাষ্য, অবরোধের কারণে সাজেক এলাকা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে, তবে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে একটি সমাধানের চেষ্টা করছে।
পুলিশ সুপার জানান, ১১ অক্টোবর থেকে দু’টি সংগঠন বিভিন্ন বিষয়ে সাজেকে অবরোধ দিয়েছিল। কয়েক দিন আগে একটি সংগঠন অবরোধ প্রত্যাহার করেছে বলে তারা জেনেছেন। তবে অবরোধ এখনো চলছে। অবরোধের মূল কারণ কী, জানতে চাইলে তিনি বলেন, তাদের জানা মতে এটি মূলত সংগঠনগুলোর ‘আধিপত্য বিস্তারের’ বিষয়।
এসপি বলেন, আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে মাঝেমধ্যে চাঁদাবাজির অভিযোগ আসে। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে আসামি গ্রেফতারসহ আইনি ব্যবস্থা নেয়া হয়। অভিযোগ পেলে ঘটনাস্থলে যাওয়া, টহল বাড়ানো এবং সরকারি নির্মাণকাজ যেন নির্বিঘেœ হয় তা নিশ্চিত করা হয়। প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নেয়া হয়।
গ্রামে ছাগল বা নারকেল বিক্রি করলেও টাকা দিতে হয়, এ ধরনের কথা সত্য কি না, জানতে চাইলে তিনি বলেন, এমন অভিযোগ তারাও শুনেছেন। কোনো ফসল বিক্রির ক্ষেত্রেও কিছু অর্থ দিতে হয় বলে জানতে পারেন। তবে লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ না পেলে আইনি ব্যবস্থা নেয়া কঠিন হয়ে যায়। কে বা কারা চাঁদা নিয়েছে, সুনির্দিষ্টভাবে জানালে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
এসপির মতে, শুধু বাঘাইহাট-সাজেক সড়কে অবরোধের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে। জেলার বাকি উপজেলাগুলোতে আইনশৃঙ্খলা স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। পর্যটকদের কেউ কোনো স্পট বা এলাকায় যেতে না পারার অভিযোগ করেননি; পর্যটন ব্যবসায়ীরাও নির্বিঘেœ ব্যবসা করছেন বলে তিনি দাবি করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









