
ক্রীড়া প্রতিবেদক
এক সময় দাবা অলিম্পিয়াডে অংশ নিতেন বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার। আর এবার সর্বশেষ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দলে গ্র্যান্ডমাস্টার ছিলেন মাত্র একজন। তিনি দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। নিয়াজ এখন একই সাথে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদকও। দেশের বাকি চার গ্র্যান্ডমাস্টারের মধ্যে জিয়াউর রহমান দুনিয়া ছেড়ে চলে গেছেন। আবদুল্লাহ আল রাকিব মায়ের মৃত্যুর পর খেলাই ছেড়ে দিয়েছেন। রিফাত বিন সাত্তার নিজের চাকরি নিয়ে মহা ব্যস্ত। আর এনামুল হোসেন রাজীব অনেক দিন ধরেই আছেন ইংল্যান্ডে। ফলে আন্তর্জাতিক আসরে গ্র্যান্ডমাস্টার বলতে এখন স্রেফ নিয়াজই। নিজে গ্র্যান্ডমাস্টার। ফেডারেশন সেক্রেটারী হলেও খেলা ছাড়েননি। তাই ভীষণভাবে অনুভব করছেন দেশে নতুন গ্র্যান্ডমাস্টার তৈরি করাটা। যে জন্য নতুন গ্র্যান্ডমাস্টার তৈরিতে বিশেষ পরিকল্পনা নিয়েছেন নিয়াজ। এ গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। দুই গ্র্যান্ডমাস্টার নর্ম আছে তা। লাগবে আরেকটি নর্ম। বারবার নর্ম অল্পের জন্য হাতছাড়া করা এ দাবাড়– যেন আগামী জুলাই মাসের মধ্যেই তৃতীয় ও শেষ জিএম নর্ম আদায় করতে পারেন সেজন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে ফেডারেশন। জানান নিয়াজ মোর্শেদ।
ক’দিন আগেই শেষ হয়েছে জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপ। জানুয়ারিতে হবে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ। লিগের পরপরই ফাহাদকে পাঠানো হবে ইউরোপের বিভিন্ন টুর্নামেন্টে। জুলাই মাস পর্যন্ত তাকে ইউরোপের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে পাঠানো হবে। নিয়াজ জানান, পোল্যান্ড, সার্বিয়া, সুইডেনের দাবা টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য ফাহাদকে পাঠানো হবে। মাঝে অবশ্য এশিয়ান জোনাল দাবায় অংশ নিতে তাকে ফিরে আসতে হবে, যা অনুষ্ঠিত হবে নেপালে। আমাদের লক্ষ্য জুলাই মাসের মধ্যেই যেন ফাহাদ গ্র্যান্ডমাস্টার হতে পারেন।’
তিনি যোগ করেন , গ্র্যান্ডমাস্টার হতে হলে ফাহাদের রেটিং হতে হবে ২৬০০। বর্তমানে তার রেটিং ২৪৪০। ব্যবধানটা খুবই কম। ফলে বাংলাদেশের অন্য দাবাড়–দের মধ্যে ফাহাদেরই অল্প সময়ে মধ্যে গ্র্যান্ডমাস্টার হওয়ার সুযোগ। তাই তার দিকেই বেশি নজর দিচ্ছি। এ ছাড়া মনন রেজা নীড়, তাহসিন তাজোয়ার জিয়া এবং সাকলাইন মোস্তফা সাজিদ তাদের দিকেও নজর দেয়া হচ্ছে। তাহসিনও ইউরোপে যাবেন। সে সাথে নীড়কে হাঙ্গেরিতে পাঠানো হবে। সর্বশেষ হাঙ্গেরির টুর্নামেন্টে খুবই ভালো করেছিল সে। ওই টুর্নামেন্টগুলোর সাথে নিজেকে ভালো ভাবেই মানিয়ে নিয়েছিল সে। এরপর যোগ করেন, সাজিদকে টেকনিক্যাল আরো উন্নতি করার জন্য ট্রেনিংটা জরুরী হয়ে গেছে।
নিয়াজ মোর্শেদ ১৯৮৭ সালের মার্চে প্রথম গ্র্যান্ডমাস্টার হন। আর সর্বশেষ এনামুল হোসেন রাজীব ২০০৮ সালে দেশের পঞ্চম ও শেষ গ্র্যান্ডমাস্টার। এরপর ১৮ বছর বাংলাদেশ পায়নি কোনো গ্র্যান্ডমাস্টার। এখন অপেক্ষা ফাহাদ কবে এই প্রত্যাশা পূরণ করতে পারেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









