
ক্রীড়া প্রতিবেদক
বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস প্রতিযোগিতায় পদক জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রতিযোগিতা। ২৫ নভেম্বর শুরু হওয়া তিন দিনের এই আসরে বাংলাদেশসহ বিমসটেকভুক্ত দেশগুলোর অ্যাথলেটরা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় নারীদের শটপুটে গতকাল ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট জাকিয়া সুলতানা। এর আগে গত পরশু নারীদের ট্রিপল জাম্পে রৌপ্যপদক জিতেছেন স্বপ্না খাতুন। তার এই সাফল্যে আঞ্চলিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পদক তালিকায় যোগ হয়েছে আরো একটি পদক।
ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মিটের তৃতীয় দিনে নারীদের শটপুট ফাইনালে ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় হন জাকিয়া। পঞ্চম প্রচেষ্টায় সেরা নৈপুণ্য দেখানো জাকিয়ার ছয় প্রচেষ্টা ছিল যথাক্রমে ১১.৬৫, ১১.২৭, ১১.৭৯, ১২.০৪, ১২.৬৪ এবং ১০.৭০ মিটার। একই ইভেন্টে ১৫.১৭ মিটার ছুড়ে স্বর্ণ জেতেন ভারতের আনশু। ১৪.৫৯ মিটারে রৌপ্যও পেয়েছেন ভারতের রিয়া ভার্মা। বাংলাদেশের মিনু খাতুন ৮.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে হয়েছেন সপ্তম।
তিন দিনের এই আসরে বাংলাদেশের অ্যাথলেটদের জন্য এটি ছিল আরেকটি উল্লেখযোগ্য সাফল্য। এর আগে প্রতিযোগিতার প্রথম দিনেই নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছিলেন বাংলাদেশের দৌড়বিদ সুমাইয়া দেওয়ান। ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছিলেন তিনি। এবার জাকিয়ার হাত ধরে পদক জয়ের তালিকায় যুক্ত হলো আরো একটি ব্রোঞ্জ।
উল্লেখ্য, এবারের উদ্বোধনী বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকসে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড ও মিয়ানমারের অ্যাথলেটরা। ৫৪ সদস্যের বাংলাদেশ বহরে রয়েছেন ৩৬ জন অ্যাথলেট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









