ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা
ads

 ক্রীড়া প্রতিবেদক  
চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন বাংলাদেশের গতির রাজা নাহিদ রানা। পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে বোলিংও শুরু করেছিলেন তিনি। তবে মাঠে ফেরার আগেই নতুন বিপত্তি। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের এই পেসার। নিজের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত পরশু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়েছে তার শরীরে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী নিশ্চিত করেছেন এই খবর। 
তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ রানা। পরে পরীক্ষা করানো হলে রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। তাই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর আমরা পরবর্তী অবস্থা বুঝতে পারব।’
এ দিকে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে গতকাল নিজের অসুস্থতার খবর জানান নাহিদ। সেখানে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
নাহিদের অসুস্থতার খবর বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কা। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি। পুনর্বাসনের জন্য অস্ট্রেলিয়ায় গিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন। এরপর বোলিংও শুরু করেছিলেন পূর্ণ গতিতে।