পিছিয়ে পড়েও জয় এসি মিলানের
ads

 ক্রীড়া ডেস্ক
ইউরোপা লিগে জয়ের ধারায় ফিরেছে ইতালির দুই জায়ান্ট জুভেন্টাস ও এসি মিলান। তবে দুই দলের জয় এসেছে ভিন্ন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে। অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয় নিজেদের মেলে ধরে ৪-২ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে সান সিরোর দলটি। আর সাইপ্রাসের ক্লাব ওমোনিয়া নিকোসিয়ার বিপক্ষে নিজেদের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালির জায়ান্টরা। ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবকে হারিয়ে স্বস্তিতে ফিরেছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন। তবে আলোচনায় সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে ভিক্টোরিয়া প্লজেনের কাছে বেনফিকার বড় হার।
গ্রিসে গত পরশু হয়েছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি। অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে এসি মিলান। ম্যাচের এক পর্যায়ে ২-০ গোলে পিছিয়ে ছিল ইতালিয়ান ক্লাবটি। কিন্তু ওমারি হাচিনসনের অনবদ্য পারফরম্যান্সে ম্যাচের চিত্র বদলে যায়। হাচিনসনের গোলে ব্যবধান কমানোর পর আলফাদজো সিসে ও ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে এগিয়ে যায় মিলান। যোগ করা সময়ে দিয়েগো মোরেইরার গোলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত হয় তাদের।
এদিন ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ম্যাচে ফিরে আসে জুভেন্টাস। ওমোনিয়ার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে তুরিনের ক্লাবটি। ম্যাচের শুরুতে লুবোমির সাতকার গোলে পিছিয়ে পড়েছিল তারা। তবে আন্দ্রেয়া কামবিয়াসোর দূরপাল্লার দুর্দান্ত গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর জেফ একাথর, ফ্রান্সিসকো কনসেইসাও ও জেরেমি বোগার গোলে বড় জয় নিশ্চিত করে জুভেন্টাস।
রাতের অন্যতম বড় চমক দেখিয়েছে ভিক্টোরিয়া প্লাজেন। নিজেদের মাঠে পর্তুগিজ জায়ান্ট বেনফিকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্রের ক্লাবটি। প্যাট্রিক হ্রোসোভস্কি, প্রিন্স আদু ও ক্রিস্টোফ কাবোঙ্গোর গোলে বড় জয় পায় তারা। এই হারে টুর্নামেন্টে নিজেদের শতভাগ জয়ের রেকর্ডও হারিয়েছে বেনফিকা। 
ডায়নামো জাগরেবের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বায়ার লেভারকুজেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান ক্লাবটি। এ দিন স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর মাঠে ২-১ গোলে জিতেছে বোর্নমাউথ। ম্যাচের ২২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ইংলিশ ক্লাবটি। এরপরও পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় তারা। এই জয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম পাঁচ ম্যাচেই জয়ের রেকর্ড গড়েছে বোর্নমাউথ।
এ ছাড়া ক্রিস্টাল প্যালেস ২-১ গোলে রিয়াল সোসিয়েদাদকে, নেমিজেন ৩-১ গোলে রেনকে, হফেনহাইম ৩-১ গোলে স্টুর্ম গ্রাজকে, এজেড আলকমার ৪-২ গোলে স্পার্তা প্রাহাকে, আন্ডারলেখট ৩-১ গোলে ওএফআই ক্রিটকে, সেল্টিক ২-১ গোলে তোরেনসেকে, বেসিকতাস ২-১ গোলে হাপোয়েল বেয়ার শেভাকেত, সালজবুর্গ ২-০ গোলে আরারাত-আর্মেনিয়াকে, অলিম্পিক মার্সেই ১-০ গোলে হারিয়েছে লেভস্কি সোফিয়াকে। ইউনিয়ন সেন্ট গিলোইসের ২-২ গোলে ড্র লেক পজনানের বিপক্ষে, একইভাবে সান্ডারল্যান্ড ও জাগিয়েলোনিয়া বিয়ালস্টক ১-১ গোলে এবং অলিম্পিক লিও ও লিলেস্ট্রম,  ফেরেনকোভার্সের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে সেলজেও।