
রফিকুল হায়দার ফরহাদ
‘দিনে তিন-চার ঘণ্টা অটোরিকশা চালানো; সাথে কয়েকঘণ্টা অনুশীলন। এই অল্প সময়ের প্র্যাকটিসে কি জাতীয় প্রতিযোগিতায় পদক জেতা যায়।’ এভাবেই এবারের জাতীয় ক্লাব ভারোত্তোলনে চতুর্থ হওয়ার পর নিজের প্রতিক্রিয়ার কথা জানালেন কিশোরগঞ্জে শাহীন মিয়া। শুধু শাহীন মিয়াই নন; এবারের জাতীয় ক্লাব ভারোত্তোলনে পাওয়া গেল আরেক অটোরিকশাচালক ভারোত্তোলককে। নাম আকবর হোসেন। মেহেরপুরের গাংনীর এই খেলোয়াড়ও জীবিকানির্বাহে গাংনীর রাস্তায় অটোরিকশা চালাচ্ছেন। ২০১৬ সালে ১১৫ কেজিতে স্বর্ণ জেতা আকবর এবার পদকের আশা করছেন না। কারণ সারা দিন অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় এক ঘণ্টার জন্য অনুশীলন। আকবর জানান, ‘এই অল্প সময়ের অনুশীলনে কী আর পদকে জেতা সম্ভব। এরপরও আমি চেষ্টা করব। আগামীকাল (আজ) আমার ৮০ কেজিতে খেলা।’
বাংলাদেশের খেলাধুলায় গ্রামের গরিব ঘরের সন্তানদেরই বিশাল ভূমিকা। তারা খেয়ে না খেয়ে খেলা চালিয়ে যায়। এরপর জাতীয় আসরে স্বর্ণ জিতে বাংলাদেশ দলে ডাক পান। সেখানে লাল-সবুজ জার্র্সিতে পদক জয়ের গর্বিত কাহিনী। এবারের জাতীয় ক্লাব ভারোত্তোলনে পাওয়া গেল এমনই কয়েক খেলোয়াড়কে যারা এদের কেউ রাজমিস্ত্রী, কেউ অন্যের জমিতে কৃষি কাজ করেন। আর আকবর ও শাহীনতো অটোরিকশার হ্যান্ডেল চেপে ধরে এখন ভারোত্তোলনের ভারী ভারী লোহ গোলক কাঁধে, বুকে আর মাথার উপর তুলছেন ( স্ন্যাচ, ক্লিন ও জার্ক)।
এবারই প্রথম জাতীয় পর্যায়ে খেলতে এসেছেন শাহীন। তিনি কিশোরগঞ্জে আজহার অ্যাকাডেমি ভারোত্তোলন ক্লাবে অনুশীলন শুরু করেছেন এক বছর হলো। এবার তিনি জাতীয় ক্লাব ভারোত্তোলনে ৬০ কেজিতে লড়েছেন। এতে অল্পের জন্য পদক জেতা হয়নি। চতুর্থ স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে এ অভিজ্ঞতা দশম শ্রেণী পর্যন্ত পড়া এই খেলোয়াড়টির জন্য আগামীতে পদক জয়ের আত্ম বিশ্বাস। জানান, ‘এবার আমি পদক জিততে পারিনি। তবে আমাগীতে পদক জয়ের বিশাল অনুপ্রেরণা পেয়েছি।’ শুধু ভারোত্তোলনই নন; শাহীন একই সাথে ম্যারাথন দৌড়ে অংশ নেন। কাবাডিও খেলেন। কিছুদিন আগে কিশোরগঞ্জে অনুষ্ঠিত ম্যারাথনে পঞ্চম হয়ে পেয়েছিলেন ১০ হাজার টাকা। আর আইজিপি কাপ কাবাডিতে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলের সদস্য।
শাহীনের বাবা নিজেও একজন অটোরিকশাচালক। বড় ভাই বিয়ে করে ঢাকায় থাকেন। ফলে সংসারের খরচ চালাতে বাবা ও ছেলেকেই অটোরিকশার হ্যান্ডেলে হাত দিতে হয়। যদিও পরিবার থেকে চাপ দেয়া হচ্ছে ভারোত্তোলন চর্চা না করে আয় রোজগারের ব্যবস্থা করতে। কিন্তু খেলার নেশা ছাড়তে পারছেন না শাহীন।
সকাল সাতটার সময় আজহারের অ্যাকাডেমিতে যান অনুশীলনের জন্য। সেখানে ১১টা পর্যন্ত প্র্যাকটিস। এরপর বাসায় এসে খাওয়াদাওয়া শেষে চলে যান অটোরিকশা চালাতে। অন্যের অটোরিকশা চালান। বেলা তিন-চারটা পর্যন্ত অটোরিকশা চালিয়ে এরপর বাসায় ফিরে বিশ্রাম নেয়া। শাহীনের মতে, ‘এর চেয়ে বেশি সময়তো আর আমার পক্ষে অটো চালানো সম্ভব নয়। সকালে অনুশীলনে যেতে হয়। তাই শরীর সুস্থ রাখতেই কয়েক ঘন্টা অটো চালিয়ে এরপর বিশ্রামে।’ তার দেয়া তথ্য, ‘দিনে দুই-তিনশত টাকা আয় করি অটো চালিয়ে। এর অর্ধেক টাকা আমি রাখি। বাকিটা পরিবারকে দেয় সংসার চালানোর জন্য।’ একজন ভারোত্তোলককে দিনে চার-পাঁচটি ডিম খেতে হয়। সাথে অন্য পুষ্টিকর খাবার। শাহীন জানান, আমার পক্ষে কি এই টাকা আয় করে দিনে চার-পাঁচটি ডিম খাওয়া সম্ভব। কোনো কোনো দিন একটি ডিম খাই। কোনো দিন একটি ডিমও কিনতে পারি না।
২০১২ সালে মেহেরপুরের গাংনীর মোয়াজ্জেম হোসেনের ভারোত্তোলন ক্লাব থেকে ঢাকায় খেলতে আসা আকবর। এরপর ২০১৬ সালে জাতীয় ভারোত্তোলনে স্বর্ণজয়। এসএসসি পাস আকবর জানান, ‘এ পর্যন্ত আমি জাতীয় ভারোত্তোলন ও ক্লাব ভারোত্তোলন মিলে ছয়টি পদক জিতেছি। এর মধ্যে একটি স্বর্ণ।’ ১৫ মাস বয়সী এক ছেলে সন্তানের জনক এই আকবর। মাঝে পাঁচ-ছয় বছর ভারোত্তোলন থেকে দূরে ছিলেন তিনি। এর কারণ উল্লেখ করে কান্নাজড়িত কণ্ঠে আকবর জানান , ‘পরিবারের চাপে খেলা ছেড়ে দিয়েছিলাম। বড় ভাইয়ের একটাই কথা, খেলা ছাড়তে হবে। আয় রোজগার বাড়ানোর জন্য অটো চালাতে হবে। কথা না শুনলে পরিবার থেকে আলাদা করে দেবো। তাই বাধ্য হয়েই খেলা ছেড়েছিলাম। কিন্তু খেলাতো ভুলতে পারছি না। যে কারণে আবার ফিরেছি ভারোত্তোলনে।’
আগে অটো চালিয়ে দিনে পাঁচ-ছয়শত টাকা আয় করতেন আকবর। জানান , ‘তখন আমি অর্ধেক টাকা আমার শরীরের জন্য (খাবার) রেখে বাকিরটা পরিবারের খরচ নির্বাহের জন্য দিতাম। এখন আর সেভাবে খেতে পারি না। সংসারে সদস্য সংখ্যা বেড়েছে। তাই আগে যেখানে দিনে পাঁচ-ছয়টা ডিম খেতাম সেখানে এখন একটি খেতে পারি।’
সারা দিন অটো চালিয়ে রাতে এক ঘণ্টা অনুশীলন করেন আকবর। ৩৫ বছর বয়সী এই খেলোয়াড় জানান, ‘আমি দুইবার বাংলাদেশ গেমসে অংশ নিয়েছিলাম। এখন পরের বাংলাদেশ গেমসে খেলতে চাই।’
আকবরের বড় ইচ্ছে ছিল ভারোত্তোলনে স্বর্ণ জিতে কোনো বাহিনীতে চাকরি নেবেন। সেই স্বর্ণ তিনি জয়ও করেছিলেন ২০১৬ সালে। এরপরও চাকরি আর হয়নি। দুঃখ করেন বলেন, আসলে স্বর্ণ জয়ের পর সেই পারফরম্যান্স ধরে রাখা জরুরি ছিল। কিন্তু পরিবার থেকে খেলা চালিয়ে যাওয়ার সমর্থন এক দমই পায়নি। উল্টো হুমকি দেয়া হচ্ছিল খেলা না ছাড়লে আমাকে আলাদা করে দেবে। এতে অনুশীলনও ঠিক মতো হয়নি। যে কারণে সেনাবাহিনীকে চাকরি হওয়ার কথা থাকলেও তার আর জোটেনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









