
ক্রীড়া প্রতিবেদক
ইনিংসের শেষ ওভারের আহমেদ দানিয়ালের পঞ্চম বল। সেঞ্চুরি করতে শাহাদত হোসেন দিপুর দরকার ৪ রান। সেই মুহূর্তে চাপের মুখেও দারুণ আত্মবিশ্বাসের পরিচয় দেন তিনি। দারুণ এক ফ্লিক শটে ছক্কা হাঁকালেন এই ব্যাটার। তাতেই পূর্ণ হলো সেঞ্চুরি। এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে তার সেঞ্চুরির সুবাদে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান তুলেছে যুব টাইগাররা। লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ পাকিস্তানের।
কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে উঠার লড়াইয়ে পাকিস্তানের সামনে লক্ষ্য এখন ২৩৩ রান। টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক সাইফ হাসানের বিদায়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। মাত্র ২ রান করেন তিনি। দলের বোর্ডে ১ রান যোগ হতেই ১৫ রানে হারায় ৯ রান করা অন্য ওপেনার মাহমুদুল হাসান জয়কেও।
চাপ সামালে দায়িত্ব কাঁধে নেন শাহাদাত হোসেন দিপু ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৯৫ রানের ওই জুটিতে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জুটিতে ফিফটি আদায় করে নেন দিপু। কিন্তু ৪ চারে ৪২ রান করা অঙ্কনের বিদায়ে দলীয় ১১০ রানে ভাঙে জুটি। তৃতীয় উইকেট হারানোর পর আবার পথ হারায় বাংলাদেশ। দলীয় ১১৮ রানে আবার আউট হন আফিফ হোসেন (৫) ও সাব্বির রহমান (০)। তিন বলের ব্যবধানে তারা দু’জনও সাজঘরে ফিরলে ৫ উইকেট হারানো বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব একাই কাঁধে নেন শাহাদাত। কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং করে একপ্রান্ত আগলে রাখেন তিনি। সতীর্থরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও নিজের স্বাভাবিক খেলা চালিয়ে গেছেন এই ব্যাটার। এরপর এসএম মেহরবকে নিয়ে গড়েন ৫২ রানের জুটি। ২৮ রান করে আউট হন মেহরব।
মেহরবের বিদায়ের পর একপ্রান্তে শাহাদত অবিচল থাকলেও এক বল পর আউট হতে দেখলেন রানের খাতা না খোলা মোহাম্মদ রুবেলকে। ১০ রান আসে রাকিবুল হাসানের ব্যাটে। ১৯২ রানে অষ্টম উইকেট হারানোর পর শাহাদতের সাথে দলীয় সংগ্রহ বাড়ানোর চেষ্টায় একটি করে চার ও ছক্কায় ১০ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন রিপন মন্ডল। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে আহমেদ দানিয়ালকে ছক্কা মেরে কাক্সিক্ষত সেঞ্চুরির দেখা পান শাহাদাত। ৭ চার ও ৩ ছক্কায় সাজানোর তার ইনিংসটি ছিল অপরাজিত ১০৩ রানের। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সুফিয়ান মুকিম।
ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা
এদিকে গত পরশু রাতে ব্যাট হাতে দুই ওপেনার লাসিথ ক্রসপুলে ও সিনেথ জয়াবর্ধনে করলেন দুর্দান্ত সেঞ্চুরি। তাতে ৩১৮ রানের লক্ষ্যটা খুবই সহজ হয়ে গেল। এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত এ দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে শ্রীলঙ্কা এ দল। ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা তৈরি হলেও তা হতে দিলো না লঙ্কানরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









