ডিসেম্বরে পোশাকশিল্পে নতুন অস্থিরতার শঙ্কা
ads

  • প্রতিদিন রফতানি কার্যক্রম ব্যাহত প্রায় ৫৫০ কোটি টাকার
  • আওয়ামী লীগসহ বিভিন্ন স্বার্থান্বেষী মহলের ইন্ধনের অভিযোগ

শ্রমিক অসন্তোষ, হামলা-ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় দেশের তৈরি পোশাকশিল্পে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। শিল্পসংশ্লিষ্টদের হিসাবে, চলমান বিশৃঙ্খলায় প্রতিদিন প্রায় ৪৫ মিলিয়ন ডলারের রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে, দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৫০ কোটি টাকা। নভেম্বরের শেষ দিকে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় ১৪৩টি কারখানা বন্ধ ও সাধারণ ছুটির আওতায় এসেছে। শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষের পাশাপাশি বহিরাগতদের উসকানি ও রাজনৈতিক ইন্ধনের অভিযোগ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এর মধ্যে উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সঙ্কট ও ব্যাংকঋণের উচ্চ সুদের চাপে আগামী ছয় মাসে ৭০০ থেকে ৮০০টি কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। ডিসেম্বর ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়লে দেশের প্রধান রফতানি খাতের সঙ্কট আরো গভীর হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
গত ২৬ নভেম্বর গাজীপুর ও সাভার-আশুলিয়ায় ১৪০টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়। আগের দিন বন্ধ থাকা কারখানাগুলোসহ এ সংখ্যা দাঁড়ায় ১৪৩টিতে। এর মধ্যে গাজীপুরে ৫৫টি এবং সাভার-আশুলিয়ায় ৮৫টি কারখানা বন্ধ ও সাধারণ ছুটির আওতায় রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে কোথাও উৎপাদন বন্ধ হয়েছে, আবার কোথাও নিরাপত্তার আশঙ্কায় মালিকপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকার পাশাপাশি রফতানি কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, পোশাকশিল্পে চলমান হামলা, ভাঙচুর ও অরাজকতার পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগসহ বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর ইন্ধন থাকতে পারে। তাদের মতে, শ্রমিকদের বিভিন্ন দাবি মেনে নেয়ার পর এবং শ্রমিক নেতাদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশের পরও একের পর এক হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা উদ্বেগজনক। শ্রমিক অসন্তোষকে পুঁজি করে নিষিদ্ধ সংগঠন ও স্বার্থান্বেষী মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তাদের অভিযোগ। এ ক্ষেত্রে অনেক শ্রমিক না বুঝেই উসকানিতে পা দিচ্ছেন। দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে আগামী ডিসেম্বরে পোশাকশিল্পে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের রফতানি ও সামগ্রিক অর্থনীতিতে।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম নয়া দিগন্তকে বলেন, পোশাকশিল্পে সাম্প্রতিক বিশৃঙ্খলা ও কারখানা বন্ধের কারণে প্রতিদিন আনুমানিক ৪৫ মিলিয়ন ডলারের রফতানি কার্যক্রম ব্যাহত হয়েছে। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৫০ কোটি টাকা। এক মাসে এ ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫-১৬ হাজার কোটি টাকা। তার দাবি, বিশৃঙ্খলার কারণে প্রায় ৬০০টি বড় কারখানা বন্ধ ছিল। দেশের রফতানিমুখী সক্রিয় কারখানাগুলোর মোট রফতানির প্রায় এক-তৃতীয়াংশ এসব কারখানার ওপর নির্ভরশীল।
মোহাম্মদ হাতেম বলেন, সাম্প্রতিক অস্থিরতার পেছনে প্রকৃত শ্রমিকদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের চেয়ে বহিরাগতদের উসকানি ও পরিকল্পিত বিশৃঙ্খলার ভূমিকা বেশি। শ্রমিক নামধারী দুষ্কৃতকারী, কথিত শ্রমিক নেতা এবং কিছু এনজিওর ইন্ধনে কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, সাধারণ শ্রমিকদের বেতন নিয়ে অসন্তোষ না থাকলেও বাইরের লোকজন ভয়ভীতি দেখিয়ে তাদের কারখানা থেকে বের হতে বাধ্য করেছে। কাজে থাকতে চাইলে মারধরের হুমকিও দেয়া হয়েছে। এভাবে শ্রমিকদের জিম্মি করে মালিকদের ওপর চাপ সৃষ্টি ও কৃত্রিম জনসমাগম তৈরি করা হয়েছে। এ ঘটনায় বিরোধীদলীয় নেতাকর্মী ও নিষিদ্ধ ঘোষিত একটি চক্রের সম্পৃক্ততার অভিযোগও করেন তিনি।
তবে কারখানা পরিদর্শন ও শ্রমিকদের সাথে কথা বলে মজুরি নিয়ে অসন্তোষের ভিন্ন চিত্রও পাওয়া গেছে। কয়েকটি কারখানার শ্রমিকরা জানিয়েছেন, আগের বেতন ও নতুন মজুরি বৃদ্ধির বিষয়ে তাদের আপত্তি নেই। নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় মজুরি বোর্ডের পরিদর্শনের সময় কয়েকজন শ্রমিক মাসে সাড়ে সাত হাজার, আট হাজার, নয় হাজার কিংবা সর্বোচ্চ ১২ হাজার টাকা বেতনেও সন্তুষ্ট থাকার কথা জানিয়েছেন। বেতন নিয়ে কোনো কারখানা বন্ধের প্রসঙ্গ উঠলে কেউ কেউ সামান্য বেতন বাড়িয়ে উৎপাদন চালু রাখার অনুরোধও করেছেন।
কাজ ফেলে কারখানা থেকে বেরিয়ে আসার বিষয়ে কয়েকজন শ্রমিক জানান, বাইরের লোকজন ও অন্য কারখানার শ্রমিকরা তাদের বেরিয়ে যেতে বলেছিলেন। বের না হলে মারধরের ভয় দেখানো হয়। এ কারণে তারা বাধ্য হয়ে কারখানা থেকে বের হন বলে দাবি করেন। তবে এসব বক্তব্য নির্দিষ্ট কয়েকটি কারখানার শ্রমিকদের অভিজ্ঞতা; সব কারখানার শ্রমিকদের ক্ষেত্রে একই পরিস্থিতি ছিল কি না, তা জানা যায়নি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ নয়া দিগন্তকে বলেন, নির্ধারিত সময়ে ওয়েজ বোর্ড গঠন না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের আন্দোলন ন্যায্য হলেও এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে ভাঙচুরসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়েছে। বিভিন্ন জায়গায় তারা ধরাও পড়েছে। ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা রয়েছে। তারা পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে। তবে তাদের এ সুযোগ দেয়ার দায় সরকারের।
তিনি বলেন, শ্রমিকদের আন্দোলন মূলত অর্থনৈতিক সমস্যা থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু সরকার অর্থনৈতিক সমস্যাকে আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে বিবেচনা করেছে। এতে পরিস্থিতি আরো জটিল হয়েছে। শ্রমিকদের দাবি ও অসন্তোষের বিষয়টি শুরুতেই সমাধান করা প্রয়োজন ছিল। মজুরি বোর্ডের সিদ্ধান্ত কার্যকর করতে বিলম্ব হওয়ায় আন্দোলন সঙ্ঘাতের দিকে গড়িয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরো আন্দোলন ও সহিংসতার আশঙ্কা রয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো: শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেন, গার্মেন্ট খাতের আনুষ্ঠানিক শ্রমিক নেতাদের কেউই ভাঙচুর, হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ড সমর্থন করছেন না। তারা ন্যায্য মজুরি বৃদ্ধি এবং আইন ও নিয়মের মধ্যে থেকে গণতান্ত্রিক উপায়ে শ্রমিক আন্দোলন ও প্রতিবাদ করতে চান। শ্রমিক আন্দোলনের নামে যারা ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করা রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব। এ ধরনের কর্মকাণ্ড সুস্থ ধারার শ্রমিক আন্দোলন, দেশের শিল্প, অর্থনীতি ও শ্রমিকদের স্বার্থের পরিপন্থী।
তিনি বলেন, শ্রমিক সংগঠনগুলোর দায়িত্বশীল নেতারা চলমান পরিস্থিতির সমাধান চান। গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে মিছিল, মিটিং ও প্রতিবাদ হতে পারে। কিন্তু ঘেরাও, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাস কোনোভাবেই গণতান্ত্রিক আন্দোলন নয়। শ্রমিকের ছদ্মবেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের শিল্প ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা কারো কাম্য হতে পারে না।
সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিক নেত্রী নাজমা আক্তার নয়া দিগন্তকে বলেন, গার্মেন্ট খাতে চলমান অস্থিরতা, ভাঙচুর ও সঙ্ঘাত কোনোভাবেই কাম্য নয়। এতে শ্রমিক ও মালিক উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানা বন্ধ থাকলে উৎপাদন ব্যাহত হবে এবং শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা ঝুঁকিতে পড়বে। একই সাথে শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ না হলে আগামী মাসে আরো অসন্তোষ ও আন্দোলনের আশঙ্কা রয়েছে। তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করে দ্রুত কাজে ফিরতে হবে।
তিনি বলেন, কারখানায় ভাঙচুর, সংঘর্ষ, গ্রেফতার ও হতাহতের ঘটনা কোনো সভ্য সমাজে কাম্য নয়। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে অসন্তোষ থাকলে তা আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারেরও দায়িত্ব রয়েছে। গার্মেন্ট খাতের জন্য সরকার ঘোষিত প্রণোদনা ও অন্যান্য সহায়তা যথাযথভাবে নিশ্চিত করতে হবে। দ্রুত সঙ্কটের সমাধান করে কারখানাগুলো সচল রাখাই এখন সবার জন্য কল্যাণকর।
বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির (ওয়ান স্টপ সেল) চেয়ারম্যান ও মাইশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া নয়া দিগন্তকে বলেন, শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া ও গাজীপুরের অনেক কারখানায় এখনো স্বাভাবিক উৎপাদন সম্ভব হচ্ছে না। প্রায় ৩০ শতাংশ কারখানায় সকালে কাজ শুরু হলেও দুপুরের পর শ্রমিকরা চলে যাচ্ছেন। শ্রমিকদের একটি অংশ ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীলতা তৈরি করছে বলে মনে হচ্ছে। তৃতীয় কোনো পক্ষও পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করে বলার দায়িত্ব সরকারের।
তিনি বলেন, আশুলিয়ায় এক কিলোমিটারের মধ্যে প্রায় ১০টি কারখানায় এক লাখের বেশি শ্রমিক কাজ করেন। একটি কারখানার শ্রমিকরা বের হয়ে গেলে আশপাশের অন্য কারখানাগুলোতেও এর প্রভাব পড়ে। কারখানার বাইরে থেকে লোকজন এসে ফটক বন্ধ ও ভাঙচুরের চেষ্টা করলে মালিকরা নিরাপত্তার কারণে কারখানা বন্ধ করতে বাধ্য হন।
মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, পোশাকশিল্পের বর্তমান সঙ্কট মোকাবেলায় ব্যাংক ও সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ব্যাংকঋণের উচ্চ সুদহার, পর্যাপ্ত অর্থায়নের অভাব এবং জ্বালানি ব্যয় বৃদ্ধির কারণে উদ্যোক্তারা বাড়তি চাপে রয়েছেন। এ অবস্থায় শিল্প টিকিয়ে রাখতে সরকারি ভর্তুকি ও ব্যাংকিং সুবিধা বাড়ানো জরুরি। অন্যথায় বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো টিকে থাকতে পারবে না।
শিল্পের বর্তমান সঙ্কট তুলে ধরে তিনি বলেন, আগামী ছয় মাসে অন্তত ৭০০ থেকে ৮০০টি কারখানা বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। মজুরি বৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট, জ্বালানির মূল্য, ব্যাংকঋণের উচ্চ সুদ এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় উদ্যোক্তারা চাপে রয়েছেন। এসব সমস্যা সমাধানে সরকারি সহায়তা প্রয়োজন।
তিনি বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি মালিকপক্ষও বোঝে। কিন্তু শিল্পের সক্ষমতা বিবেচনা না করে শুধু মজুরি বাড়ানোর দাবি জানালে অনেক কারখানার পক্ষে টিকে থাকা কঠিন হবে। ২০২৩ সালের ডিসেম্বরে শ্রমিকদের মজুরি ৫৬ শতাংশ বাড়ানো হয়েছিল, যা ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়। পরে বার্ষিক মজুরি বৃদ্ধি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়। তার হিসাব অনুযায়ী, আগের মজুরি বৃদ্ধি ও বার্ষিক ইনক্রিমেন্ট মিলিয়ে নতুন করে গড়ে ৪০ শতাংশের বেশি মজুরি বেড়েছে। এতে কারখানাগুলোর ব্যয় আরো বেড়েছে।
শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দ্রব্যমূল্য, বাড়িভাড়া ও পরিবহন খরচ বাড়ছে। শ্রমিকদের এ সমস্যা অস্বীকার করার সুযোগ নেই। তবে শিল্প টিকিয়ে রাখতে সরকারকে ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে কর্মসংস্থান কমবে, শ্রমিকরা বিপাকে পড়বেন এবং দেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়বে।
অর্থনীতিবিদদের মতে, তাৎক্ষণিকভাবে সঙ্কট মোকাবেলায় সরকার, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি। একই সাথে শ্রমিকদের ন্যায্য দাবি, কারখানার নিরাপত্তা এবং শিল্পের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় চলমান সঙ্কট দীর্ঘায়িত হলে ভবিষ্যতে দেশের অর্থনীতি বড় ধরনের চাপে পড়তে পারে।