
শাহ আলম নূর
রাষ্ট্রের মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানগুলো একদিকে জনগণের সম্পদ, অন্য দিকে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান, আর্থিক বাজার ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এসব প্রতিষ্ঠানের অনেকগুলো বছরের পর বছর লোকসান করলেও ঘুরে দাঁড়ানোর কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। কোথাও উৎপাদন ব্যয় আয়ের চেয়ে বেশি, কোথাও কারখানা বন্ধ, কোথাও ঋণের বোঝা অসহনীয় পর্যায়ে, আবার কোথাও বিনিয়োগের সিদ্ধান্তই প্রতিষ্ঠানকে আর্থিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে সরকারি অর্থ দিয়ে প্রতিষ্ঠানগুলোর টিকে থাকার ব্যবস্থা করা হলেও আর্থিক সক্ষমতা ফেরানোর প্রশ্নটি ক্রমেই বড় হয়ে উঠছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, লোকসানি প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে অর্থের জোগান দেয়া হচ্ছে, কিন্তু সেই অর্থের বিনিময়ে উৎপাদনশীলতা কতটা বাড়ছে, ব্যবস্থাপনার পরিবর্তন হচ্ছে কি না, কিংবা ভবিষ্যৎ লোকসান ঠেকাতে কী পদক্ষেপ নেয়া হচ্ছে- এসব প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। দীর্ঘদিনের আর্থিক দুরবস্থা সরকারি সম্পদের কার্যকর ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি করেছে। একই সাথে পুঁজিবাজারে এসব প্রতিষ্ঠানের শেয়ার ধারণকারী সাধারণ বিনিয়োগকারীরাও মুনাফা না পেয়ে হতাশ হচ্ছেন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ২০টি রাষ্ট্রায়ত্ত কোম্পানির অর্ধেকের বেশি নিয়মিত লভ্যাংশ দিতে না পারায় দুর্বল শ্রেণিতে পড়েছে। বছরের পর বছর মুনাফা না থাকায় এসব প্রতিষ্ঠানের শেয়ার বিনিয়োগকারীদের কাছে আকর্ষণ হারাচ্ছে। সরকারি মালিকানা ও বিশেষ সুবিধা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানগুলোর এমন অবস্থায় পৌঁছানো কেবল ব্যবসায়িক ব্যর্থতা নয়, ব্যবস্থাপনা ও তদারকির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে।
অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা বলছেন, এসব প্রতিষ্ঠানের সমস্যার গভীরে রয়েছে পরিচালন কাঠামোর দুর্বলতা, দক্ষ নেতৃত্বের ঘাটতি, রাজনৈতিক প্রভাব এবং বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণে পেশাদারিত্বের অভাব। বাজারের চাহিদা পরিবর্তিত হলেও অনেক প্রতিষ্ঠান পুরনো পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করছে। প্রযুক্তির উন্নয়ন, উৎপাদন ব্যয় কমানো কিংবা নতুন পণ্য বাজারজাত করার ক্ষেত্রে পিছিয়ে থাকায় বেসরকারি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আরিফুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা একচেটিয়া ব্যবসা বা বাজারে বিশেষ সুবিধা পায়, তাদের অনেকের ব্যবসায়িক অবস্থান তুলনামূলক শক্তিশালী। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের মতো প্রতিষ্ঠান এ ধরনের সুবিধা কাজে লাগিয়ে সাধারণত মুনাফা করতে পারে। তবে প্রতিযোগিতামূলক ব্যবসায় থাকা কোম্পানিগুলো প্রযুক্তিগত উন্নয়ন, উদ্ভাবন ও বাজার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে না পারায় দুর্বল হয়ে পড়ছে।
তথ্যে দেখা যায়, চিনিশিল্পের প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা এই ব্যবস্থাগত সমস্যার একটি বড় উদাহরণ। জিল বাংলা সুগার মিলসের সঞ্চিত লোকসান গত এক দশকে ৭৪৭ কোটি টাকায় পৌঁছেছে। দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে পারেনি। চলতি বছরের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট দায় সম্পদের চেয়ে ৭২৬ কোটি টাকা বেশি ছিল।
একই খাতের শ্যামপুর সুগার মিলস ২০২০ সালের ডিসেম্বর থেকে উৎপাদনের বাইরে রয়েছে। একটি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর তার সম্পদ, অবকাঠামো ও কর্মসংস্থানের কী পরিণতি হচ্ছে, তা নিয়েও উদ্বেগ রয়েছে। চিনি শিল্পের বাইরে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, অ্যাটলাস বাংলাদেশ ও ন্যাশনাল টি কোম্পানি দীর্ঘদিন ধরে আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছে। এসব প্রতিষ্ঠানের ধারাবাহিক লোকসান তাদের ব্যবসায়িক সক্ষমতা ও সরকারি তদারকির ফলাফল নিয়ে নতুন করে মূল্যায়নের দাবি উঠেছে।
রাষ্ট্রায়ত্ত কোম্পানির পরিচালনায় রাজনৈতিক বিবেচনা প্রভাব বিস্তার করলে ব্যবসায়িক সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পরিচালনা পর্ষদের দুর্বল নজরদারি, কর্মদক্ষতার ভিত্তিতে মূল্যায়নের অভাব এবং ব্যর্থতার জন্য দায় নির্ধারণ না করায় লোকসানের প্রবণতা দীর্ঘস্থায়ী হচ্ছে। প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে দুর্বল হলেও ব্যবস্থাপনা কাঠামোতে পরিবর্তন কিংবা কার্যকর জবাবদিহির ব্যবস্থা না থাকলে ঘুরে দাঁড়ানোর উদ্যোগও বাধাগ্রস্ত হয়।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি সায়েদুর রহমান নয়া দিগন্তকে বলেন, কোনো প্রতিষ্ঠান দীর্ঘদিন অদক্ষতার পরিচয় দিলে শুধু সরকারি অর্থের ওপর নির্ভর করে তাকে চালিয়ে যাওয়া যুক্তিযুক্ত নয়। প্রতিটি কোম্পানির জন্য সুনির্দিষ্ট কর্মদক্ষতার সূচক নির্ধারণ করতে হবে। সেই সূচক অর্জনে ব্যর্থ হলে আর্থিক সহায়তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নতুন করে যাচাই করা প্রয়োজন।
এ দিকে রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুরাবস্থাও অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি বাড়াচ্ছে। বিনিয়োগ করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও ইস্টার্ন ক্যাবলস ২০২৫ অর্থবছরে লোকসানে পড়ে এবং ২০২৬ অর্থবছরেও লাভের ধারায় ফিরতে পারেনি। বিশেষ করে আইসিবির আর্থিক সঙ্কটের পেছনে অতীতের বিনিয়োগ ও ঋণ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলছেন, ২০১০ সালের পুঁজিবাজার বিপর্যয়ের পর বাজারে তারল্য সরবরাহ করতে প্রতিষ্ঠানটি ব্যাংক ও অন্যান্য আর্থিক সংস্থা থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছিল। ওই অর্থ বাজারে বিনিয়োগ করা হলেও প্রত্যাশিত মুনাফা আসেনি। এতে ঋণের চাপ বাড়তে বাড়তে প্রতিষ্ঠানটি সঙ্কটে পড়ে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে সরকারের সহযোগিতা নেয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যেও আর্থিক দুর্বলতার চিত্র রয়েছে। রূপালী ব্যাংকের ঋণ আদায় পরিস্থিতি, বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ ফেরত না পাওয়া এবং মূলধন ঘাটতি তার আর্থিক অবস্থাকে চাপে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ১৯ হাজার ৮০০ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের প্রায় ৩৮ শতাংশ। সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ব্যাংকটির লোকসান হয়েছে ৯৯৬ কোটি টাকা। এত বড় খেলাপি ঋণের চাপ ব্যাংকটির আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারের পথ কঠিন করে তুলছে।
সংশ্লিষ্টরা বলছেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোর দুর্বলতার আরেকটি বড় কারণ প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতি। অনেক কারখানায় পুরনো যন্ত্রপাতি দিয়ে উৎপাদন চালানো হচ্ছে। এতে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যায়, দক্ষতা কমে এবং যন্ত্রপাতির সমস্যায় উৎপাদন ব্যাহত হয়। আধুনিক উৎপাদন ব্যবস্থা ও প্রযুক্তিতে বিনিয়োগ না থাকলে বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা কঠিন।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের গবেষণা বিভাগের প্রধান সালিম আফজাল শাওন নয়া দিগন্তকে বলেন, পুরনো যন্ত্রপাতি ও অদক্ষ উৎপাদন ব্যবস্থা সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় বাধা। এসব কারণে উৎপাদন খরচ বেড়ে যায় এবং প্রতিষ্ঠানগুলো তাদের সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারে না। শিল্প মন্ত্রণালয়ও পুরনো উৎপাদন অবকাঠামোকে প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে।
চিনি উৎপাদনে কম আহরণ হার ও বেশি ব্যয় অনেক কারখানাকে আর্থিকভাবে লাভবান হতে দিচ্ছে না। জিল বাংলা সুগার মিলসের ২০২৬ অর্থবছরে বিক্রয় আয় ছিল ৬৬ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। অথচ পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে ৭৬ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকা। এতে প্রতিষ্ঠানটি ১০ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার মোট লোকসানের মুখে পড়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে চালু থাকা ৯টি চিনিকলের মধ্যে চলতি অর্থবছরে ক্যাবল কেরু অ্যান্ড কোম্পানি লাভ করতে পেরেছে বলে শিল্প মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ দিকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের অধীনেও বিভিন্ন প্রতিষ্ঠান উৎপাদন ব্যয় ও পরিচালন অদক্ষতার কারণে বাজারে অবস্থান হারিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তি আধুনিকায়নে পর্যাপ্ত বিনিয়োগ না করায় এসব প্রতিষ্ঠানের প্রতিযোগিতার শক্তি কমেছে। দীর্ঘদিন উন্নয়ন ও সংস্কার না হওয়ার ফল এখন আর্থিক সঙ্কট হিসেবে প্রকাশ পাচ্ছে। লোকসানি কোম্পানিকে আর্থিক সহায়তা দিয়ে টিকিয়ে রাখার বদলে তাদের সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। প্রতিটি প্রতিষ্ঠানের ব্যয়, বিনিয়োগ, উৎপাদন, ব্যবস্থাপনা ও আর্থিক অবস্থার স্বাধীন মূল্যায়ন করে আলাদা পুনর্গঠন পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
সালিম আফজাল শাওন বলেন, যেসব প্রতিষ্ঠান নির্ধারিত কর্মদক্ষতার লক্ষ্য অর্জন করতে পারবে না, তাদের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিবর্তনসহ সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে। সরকারি সহায়তা যেন শুধু অর্থ সরবরাহে সীমাবদ্ধ না থাকে, বরং সেই অর্থের ব্যবহার ও ফলাফল নিশ্চিত করার ব্যবস্থা থাকতে হবে।
তিনি আরো বলেন, তালিকাভুক্ত সরকারি কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীরা মুনাফার প্রত্যাশায় অর্থ বিনিয়োগ করেন। বছরের পর বছর পরিচালন অদক্ষতার খরচ বহন করা তাদের উদ্দেশ্য নয়। সরকারের নিয়ন্ত্রণকারী মালিক হিসেবে সব শেয়ারহোল্ডারের স্বার্থ সুরক্ষার দায়িত্ব রয়েছে।
মীর আরিফুল ইসলাম পরিচালনা পর্ষদে পেশাগতভাবে যোগ্য ও স্বাধীন সদস্য নিয়োগ, ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিয়মিত নিরীক্ষা এবং কর্মদক্ষতার ভিত্তিতে ব্যবস্থাপনা চুক্তি চালুর ওপর গুরুত্ব দেন। এসব ব্যবস্থা প্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।
অধ্যাপক আবু আহমেদ বলছেন, রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে সরকারি প্রশাসনের অংশ হিসেবে নয়, বরং ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করতে হবে। বাণিজ্যিক লক্ষ্য নির্ধারণ, কর্মদক্ষতা পরিমাপ ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
সংশ্লিষ্টরা বলছেন, সংস্কারের জন্য প্রথমে প্রতিষ্ঠানগুলোর বাস্তব অবস্থা নির্ণয় করতে হবে। কিছু প্রতিষ্ঠান প্রযুক্তি ও পুঁজি বিনিয়োগ পেলে পুনরুজ্জীবিত হতে পারে। কিছু প্রতিষ্ঠানের জন্য ঋণ, উৎপাদন ও ব্যবস্থাপনা পুনর্গঠন অপরিহার্য। আবার যেসব প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে টেকসই হওয়ার সম্ভাবনা হারিয়েছে, তাদের বিষয়ে দীর্ঘমেয়াদি লোকসান না বাড়িয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়া দরকার।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সংকট এখন শুধু মুনাফা-লোকসানের হিসাব নয়; এটি সরকারি সম্পদের ব্যবস্থাপনা, বিনিয়োগকারীদের অধিকার এবং অর্থনৈতিক জবাবদিহির প্রশ্ন। পুনর্গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া সরকারি অর্থ দিয়ে লোকসান মেটানো অব্যাহত থাকলে আর্থিক চাপ আরো বাড়বে। একই সাথে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও সিকিউরিটিজের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হবে। তাই রাষ্ট্রের অর্থ কোথায়, কেন এবং কী ফলাফলের জন্য ব্যয় হচ্ছে- তার জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে কার্যকর সিদ্ধান্ত নেয়া জরুরি বলে তারা মনে করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









