তরুণরা ফ্যাসিবাদীদের আসতেও দিবে না বসতেও দিবে না : ডা. শফিক
বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে গতকাল ৫ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের সাথে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান : নয়া দিগন্ত।
ads

 নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে তরুণ-যুবকরা বুকের তাজা রক্ত দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদ তাড়িয়েছে সেই তরুণ-যুবকরা ফ্যাসিবাদীদের আর কখনো আসতেও দিবে না, বসতেও দিবে না। তিনি আরো বলেন, বর্তমান সরকার কেয়ারটেকার সরকারের মতো গণভোটের রায়ও এক সময় মানতে বাধ্য হবে। ২৪-এর জুলাই আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা চেয়েছিলাম সেটির পূর্ণতা দিতে আমাদের আরেকটা বড় লড়াই করতে হবে জানিয়ে তিনি এজন্য তরুণ-যুবকদের প্রস্তুত থাকার আহবান জানান।  
গতকাল রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের সাথে ইবুড়হফ ঈধসঢ়ঁং : খবধফরহম ঞড়সড়ৎৎড়ি শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান এমপি, ডা. খালিদুজ্জামান, ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাবি, রাবি, চবি, জাবি ও জবির কেন্দ্র ও হল ছাত্র সংসদের নির্বাচিত নেতারা অংশ নেন। মতবিনিময়কালে ছাত্রনেতারা বিরোধীদলীয় নেতার সাথে প্রশ্নোত্তরে অংশ নেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের চার কোটি যুবক নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। যুবকরা জাতির ককপিটে বসে দেশকে নেতৃত্ব দিবে আর প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ এগিয়ে যাবে। এজন্য জাতির দায়িত্ব যুবকদের গ্রহণ করতে হবে। বিরোধীদলীয় নেতা বলেন, সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে মেধার পরিবর্তে দলীয়করণ করেছে। সংসদ ও রাজপথে আমরা এর প্রতিবাদ করেছি। নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। আমাদের সাত দফা দাবির মধ্যে অন্তর্ভুক্ত করেছি। তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন, মেধার পরিবর্তে দলীয়করণ করেছিল। তার বিরুদ্ধে ছাত্ররা বিস্ফোরিত হয়। ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর যে জাতীয় নির্বাচন হয়েছে সেখানে দু’টি নির্বাচন হয়েছে। একটি দেশ পরিচালনার জন্য, আরেকটি সংস্কারের জন্য। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারা একটি গ্রহণ করলেও আরেকটি অস্বীকার করল। সেখান থেকেই নতুন সঙ্কট শুরু হলো। ফ্যাসিবাদীদের লালন-তোষণ শুরু করল। সেজন্য আবারো ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি। 
বিরোধীদলীয় নেতা বলেন, ৫ আগস্টের পর সরকারি দল রাতারাতি বদলে গেছে। এমনকি দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি আগের চেয়ে আরো বেশি হচ্ছে। এ ছাড়া যে ফ্যাসিবাদী শক্তি ১৪ শ’ মানুষ হত্যা, বহু মানুষ আহত করল সেই ফ্যাসিবাদীদের থেকে ভোট, অর্থ ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে এখন আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এটা শহীদদের সাথে সুস্পষ্ট প্রতারণা। জামায়াত আমির তরুণদের প্রতি চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়ে বলেন, আমরা চিরদিন অনুসরণকারী জাতি হতে চাই না, আমাদের যেন অন্যরা অনুসরণ করে আমরা সে রকম জাতি হতে চাই। আর এ কাজে তরুণদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের সব বাধা ডিঙ্গিয়ে লক্ষ্যস্থলে পৌঁছাতে হবে।