
হামিম উল কবির
যুক্তরাজ্যের একজন বিখ্যাত হার্ট ট্রান্সপ্ল্যান্ট (হৃৎপিণ্ড প্রতিস্থাপন) সার্জন প্রফেসর স্টেফেন জে পেটিট। হার্ট ট্রান্সপ্ল্যান্ট পৃথিবীতে হাতেগোনা কয়েকটি দেশে হয়ে থাকে। তিনি চলতি বছরের গত এপ্রিলে হার্ট ফেইলিউর কনফারেন্সে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। সেই কনফারেন্সের সাইডলাইনে নয়া দিগন্তের পক্ষ থেকে তার একটি একান্ত সাক্ষাৎকার নেয়া হয়েছিল। গত সপ্তাহে ব্রিটিশ কার্ডিওলজি সোসাইটির উদ্যোগে তিন
সপ্তাহের একটি ফেলোশিপ ও ট্রেইনিং চলছিল লন্ডনে। বাংলাদেশ থেকে একমাত্র অংশগ্রহণকারী ছিলেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ হার্ট ফেইলিউর সোসাইটির সদস্যসচিব ডা. ডি এম এম ফারুক ওসমানী। তার সহযোগিতায় নয়া দিগন্তের পক্ষ থেকে অধ্যাপক জে স্টেফেন পেটিটের একটি সাক্ষাৎকার নেয়া হয়। ই-মেইলে প্রশ্ন দেয়া হলে তিনি ই-মেইলে উত্তর পাঠিয়ে দেন। সাক্ষাৎকারটিতে বাংলাদেশের কার্ডিওলজি চিকিৎসার বর্তমান অবস্থান এবং ভবিষ্যতে কী করণীয় সে বিষয়ে আলোকপাত করেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন নয়া দিগন্তের বিশেষ সংবাদদাতা হামিম উল কবির।
নয়া দিগন্ত : প্রফেসর পেটিট, সম্প্রতি বাংলাদেশে হার্ট ফেইলিউর-বিষয়ক কর্মসূচিতে অংশ নেয়ার পর এখন আপনি ব্রিটিশ সোসাইটি ফর হার্ট ফেইলিউরের বার্ষিক কংগ্রেসে আন্তর্জাতিক সহকর্মীদের আতিথেয়তা দিচ্ছেন। এবারের কংগ্রেস থেকে বাংলাদেশের মতো বিকাশমান হার্ট ফেইলিউর চিকিৎসাকার্যক্রমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়গুলো কী বলে মনে করেন?
প্রফেসর স্টেফেন জে পেটিট : হার্ট ফেইলিউর চিকিৎসার মৌলিক বিষয়গুলো সঠিকভাবে নিশ্চিত করতে হবে। একই সাথে হার্ট ফেইলিউরের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় নিশ্চিত করতে হবে। যেসব ওষুধ রোগীর বেঁচে থাকার সম্ভাবনা ও জীবনযাত্রার মান বাড়ায়, সেগুলো দ্রুত প্রয়োগ করতে হবে। রোগীরা যাতে আবার স্বাভাবিক শারীরিক কর্মকাণ্ডে ফিরতে পারেন, সে জন্য কার্ডিয়াক চিকিৎসার পুনর্বাসনকার্যক্রম সম্প্রসারণ করতে হবে। চিকিৎসকদের কাজের চাপ কমাতে বাংলাদেশে প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে। বাংলাদেশ থেকে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারুক ওসমানি কার্ডিওলজি সংক্রান্ত ফেলোশিপ প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তার এই ফেলোশিপ বাংলাদেশের কার্ডিয়াক চিকিৎসায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি।
নয়া দিগন্ত : ডা. ফারুক ওসমানি আপনার তত্ত্বাবধানে রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে অ্যাডভান্সড হার্ট ফেইলিউর বিষয়ে উচ্চতর ফেলোশিপ সম্পন্ন করেছেন। তার এই প্রশিক্ষণ বাংলাদেশের রোগীদের চিকিৎসাসেবায় কতটা বাস্তব অগ্রগতি আনতে পারবে আপনি বলে মনে করেন?
প্রফেসর স্টেফেন জে পেটিট : ক্যামব্রিজ ও ঢাকায় মানসম্মত হার্ট ফেইলিউর চিকিৎসার মূলনীতি একই রকম। আমরা উভয়েই চেষ্টা করছি, যাতে সঠিক রোগী, সঠিক সময়ে সঠিক স্থানে উপযুক্ত চিকিৎসা পান। আমরা যেসব রোগীর চিকিৎসা করি, তাদের চিকিৎসার ফলাফলও যাচাই করি। আমি আশা করি, তার এই প্রচেষ্টা বাংলাদেশে হার্ট ফেইলিউরে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা এবং জীবনযাত্রার মান উন্নত করতে ভূমিকা রাখবে বলে আশা করছি।
নয়া দিগন্ত : দক্ষিণ এশিয়ায় হৃদ্রোগের সমস্যা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে ক্যামব্রিজ, ব্রিটিশ সোসাইটি ফর হার্ট ফেইলিউর (বিএসএইচ) এবং বাংলাদেশ সোসাইটি অব হার্ট ফেইলিউরের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা, চিকিৎসা ও প্রশিক্ষণ সহযোগিতার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা কি আপনার/আপনাদের আছে ?
প্রফেসর স্টেফেন জে পেটিট : বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা যাতে ব্রিটিশ সোসাইটি ফর হার্ট ফেইলিউরের (বিএসএইচ) ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে আমরা সংগঠনটির সাথে কাজ করছি। হাসপাতাল থেকে অনেক দূরে বসবাসকারী রোগীদের উন্নত হার্ট ফেইলিউর চিকিৎসা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশে যেসব বাস্তবসম্মত সমাধান রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানতে আগ্রহী এবং জানতে চেষ্টা করছি। আশা করছি, আগামী বছরগুলোতে আরো সফর বিনিময়ের সুযোগ তৈরি হবে এবং এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হবে, সেই সাথে বাংলাদেশের হার্ট ফেইলিউর চিকিৎসা আরো উন্নত হবে।
নয়া দিগন্ত : বাংলাদেশের পরবর্তী প্রজন্মের হার্ট ফেইলিউর বিশেষজ্ঞ তৈরি এবং যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলোর সাথে ভবিষ্যতে যৌথ উদ্যোগ পরিচালনায় ড. ফারুক ওসমানির এই প্রশিক্ষণ কী ধরনের ভূমিকা রাখবে বলে মনে করেন?
প্রফেসর স্টেফেন জে পেটিট : বাংলাদেশে হার্ট ফেইলিউর বিশেষজ্ঞদের পরবর্তী প্রজন্মকে সহযোগিতা করার ব্যাপারে ড. ফারুক ওসমানিকে প্রতিশ্রুতিশীল মনে করি। তার দৃষ্টান্ত তরুণ চিকিৎসকদের যুক্তরাজ্যে যেতে, হার্ট ফেইলিউর চিকিৎসার বিশেষায়িত বিষয়গুলো সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগাতে উৎসাহিত করবে। অন্যদিকে, বিদেশ থেকে আসা তরুণ হৃদ্রোগ বিশেষজ্ঞদের উদ্যম ও উৎসাহ থেকে যুক্তরাজ্যের হাসপাতাল ও ক্লিনিকগুলোও উপকৃত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









