
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
শীতের আগমনে বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইলের তাঁত পল্লী শীতের আগমনে ২৫ গ্রামের তাঁত পল্লীতে খটর-খটর শব্দে মুখরিত হয়ে ওঠেছে। চরকাতে অবিরাম ঘুরছে উলের সুতা। কম্বল ছাড়াও বিছানার চাদর থেকে শুরু করে লুঙি, গামছাও তৈরি হয় গ্রামগুলোতে। চরকার সাথে শাওইলসহ আশপাশের ২৫ গ্রামের মানুষের ভাগ্যও যেন ঘুরতে থাকে। তবে সুতা ও আনুষঙ্গিক জিনিসের অতিরিক্ত দামে বর্তমানে লাভ নেই এ শিল্পে।
সরেজমিন উপজেলার নশরতপুর ইউনিয়নের শাওইলে প্রবেশ করতেই কানে আসবে তাঁতের খটর-খটর শব্দ। সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে সবাই ব্যস্ত সময় পার করেন। এ ছাড়াও সারা বছর চলে কমবেশি তাঁতের কাজ। নারী-পুরুষ হতে শুরু করে শিশুদেরও দেখা যায় কেউ গার্মেন্টের ছাট কাপড় থেকে সুতা তুলতে। কেউ চরকা নিয়ে বসে সুতা নলি বা সূচিতে ওঠাচ্ছেন, কেউ বা সুতা ববিন করছেন। প্রতিটি বাড়ির আঙিনায় ও ঘরে বসানো পরিপাটি তাঁতযন্ত্রগুলো চলছে দিন-রাত। সব বাড়িতেই রয়েছে এক থেকে ১০টি তাঁত। কোনোটা চাকাওয়ালা আবার কোনোটা বাঁশ ও কাঠ দিয়ে হাতে তৈরি। শীত শুরুর আগে থেকেই সে কম্বল বোনা শুরু হয়। শুধু শাওইল নয় দত্তবাড়িয়া, মঙ্গলপুর, দেলিঞ্জা, পুশিন্দা, দেওড়া, দত্তবাড়ীয়া, বিনাহালী, কেশরতাসহ আশপাশের প্রায় ২৫ গ্রামের চিত্র একই।
স্থানীয়রা জানান, দেশের তাঁত শিল্পে বড় অবদান বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল গ্রাম ও তার আশপাশের তাঁতিদের। উত্তরবঙ্গের এই তাঁতিগোষ্ঠী যুগ যুগ ধরে রেখেছে তাঁতের ঐতিহ্য। শীতের সময় এই গ্রামের মানুষের ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। শাওইল গ্রামসহ এখানকার ২৫ গ্রামে রয়েছে ১০ হাজারেরও বেশি তাঁতি পরিবার। এ শিল্পের ওপর জীবিকা নির্ভর করে অন্তত ৫০ হাজার মানুষের।
শীতে এসব গ্রামের তৈরি হওয়া কম্বল, চাদর, লুঙি, গামছা বিক্রির জন্য এখানে গড়ে উঠেছে একটি হাট। সেই হাট শুরু হয় ভোর ৪টা থেকে, চলে সকাল ১০টা পর্যন্ত। হাটে দূরদূরান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে হাট ও গ্রামটির পথঘাট। রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে আসা ব্যবসায়ীদের মধ্যে চলে চাদর, কম্বল আর সুতা কেনার হিড়িক।
তাঁত পল্লীর বকুল, একরাম, আমেনাসহ অনেকেই বলেন, এই গ্রামের মানুষের ভাগ্য ঘোরে এই চরকার চাকায়। আগে সুতার দাম কম ছিল, আমাদের লাভ হতো ভালো। এখন সুতার দাম বেশি হওয়ায় লাভ নেই বললেই চলে।
তাঁত কারিগর শহিদুল ইসলাম বলেন, এখানকার কম্বল খুব উন্নতমানের হওয়ায় চাহিদা রয়েছে দেশজুড়ে। কিন্তু এই পেশায় এখন লাভের মুখ দেখি না। তাঁতিদের সরকারি সুবিধার দাবি করেছেন কারিগররা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









