
ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে বালু জব্দের ঘটনার পর ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে এবং এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনারকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরছড়া পাহাড়ে এ ঘটনা ঘটে। আটক মিনার ঈদগাঁও সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে বালু জব্দের পর মুখোশধারী একদল অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
পরে অভিযানিক টিমে থাকা থানার এসআই মোশারফ ইউপি সদস্য মিনারকে আটক করেন। এদিকে, গভীর রাতের দিকে তার মুক্তির দাবিতে স্থানীয়রা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, ‘নাশকতা মামলার আসামি মাহমুদুল হাসান মিনারকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









