
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
বরাদ্দ কম হওয়ায় দরপত্র আহ্বান করেও মেলেনি ঠিকাদার। ফলে আটকে আছে সংস্কারকাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও কাঞ্চননগর ইউনিয়নের হাজারো মানুষ। দুই ইউনিয়নের যোগাযোগের প্রধান সড়ক ৯ কিলোমিটার দীর্ঘ ‘রহমতিয়া সড়ক’-এর প্রায় চার কিলোমিটার অংশ এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিন দেখা যায়, পাইন্দং আদর্শ উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে বেড়াজালী-কাঞ্চননগর সেতু পর্যন্ত সড়কের অবস্থা সবচেয়ে নাজুক। কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি ও কাদা জমে যায়। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সড়কটির বড় অংশ প্রায় এক দশক আগে সংস্কার করা হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরে বৃন্দাবনহাট বাজার থেকে দুই কিলোমিটার অংশ পুনঃসংস্কার করা হলেও বাকি অংশের অবস্থার উন্নতি হয়নি। সম্প্রতি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হলেও বরাদ্দ কম হওয়ায় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়নি। সড়কটি দিয়ে প্রতিদিন তেমুহনী বাজার, রাজা রাস্তার মাথা, কাঞ্চুরহাট, বাদামতল, চামারদীঘি, বৃন্দাবনহাট ও বিবিরহাটসহ বিভিন্ন বাজারে যাতায়াত করেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এ ছাড়া কর্ণফুলী চা বাগান ও বাইন্যাছোলা আর্মি ক্যাম্পে যাতায়াতেরও গুরুত্বপূর্ণ পথ এটি। সড়কের বেহাল দশায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিার্থী ও রোগীরা। স্থানীয় এক অটোরিকশাচালক জানান, গর্তে পড়ে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। আয়ের বড় অংশ মেরামতেই ব্যয় করতে হচ্ছে। পাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন বলেন, ‘ইউনিয়নের সাড়ে তিন কিলোমিটার অংশের মধ্যে দুই কিলোমিটার সংস্কার হয়েছে। বাকি অংশ দ্রুত সংস্কারের জন্য এলজিইডিকে অনুরোধ জানানো হয়েছে।’ উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী জানান, সড়ক সংস্কারের নতুন প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন পেলে দরপত্রের মাধ্যমে দ্রুত কাজ শুরু করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









