
মোহাম্মদ জাফর ইকবাল
সরকার পরিচালনার পাশাপাশি সাংগঠনিক ভিত শক্তিশালী করতে দল ও অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি। এরই অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং নানা অভিযোগে বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দলীয় সূত্র বলছে, বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগের পেছনে মূলত তিনটি কারণ কাজ করছে। এগুলো হচ্ছে, আগামী ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বাড়ার আশঙ্কা, জাতীয় নির্বাচনে বহিষ্কৃত বিদ্রোহীদের সাথে তৃণমূলের একটি অংশ এখনো থাকা এবং সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবেলায় তৃণমূলকে ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখা।
দলে ফেরার প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব নয়া দিগন্তকে বলেন, দলে পদ-পদবি থাকুক বা না থাকুক, বহিষ্কারাদেশ প্রত্যাহার হোক বা না হোক- আমার তো বিএনপির বাইরে কোনো ঠিকানা নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ ধারণ করে সব কর্মসূচিতে সক্রিয় আছি। আমার কর্মী-সমর্থকরাও বিএনপি ছেড়ে যায়নি। আমি দলের হয়েই কাজ করতে চাই। আমার সিদ্ধান্তের কারণে আমি ক্ষমা চেয়ে আবেদন করেছি। আশা করি দল ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
জানা গেছে, বহিষ্কৃতদের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ক্ষমা’ করে দলে ফেরানোর উদ্যোগ ইতোমধ্যে শুরু করেছে বিএনপির হাইকমান্ড। যদিও এই সিদ্ধান্তে একদিকে যেমন ঐক্য ফেরার আশা দেখছেন অনেকে, অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভেঙে পড়ার শঙ্কাও প্রকাশ করছেন কেউ কেউ। দলীয় নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূলের ৭০ জনের বেশি নেতা ধানের শীষের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পাশাপাশি তাদের পক্ষে অবস্থান নেয়ায় তৃণমূলের আরো পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়। এ ছাড়া অন্যান্য অভিযোগে আরো কয়েক শ’ নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের বেশির ভাগই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে তাদের কাছে কেন্দ্র থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পাঠানো হবে।
যদিও প্রায়শ কিছু নেতাকে দলে ফেরানোর নোটিশ দেয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে সমমনা দলের প্রার্থী অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের বিপরীতে নির্বাচন করেছিলেন। এর আগে গত আগস্টে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ তুলে নেয়া হয়।
বিষয়টি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নয়া দিগন্তকে বলেন, বহিষ্কৃতদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় বাস্তবতা ও অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিএনপি চেয়ারম্যান আবেদনগুলো পর্যালোচনা করছেন। তিনি বলেন, বিএনপি একটি বিশাল দল। শাস্তি যেমন দেয়া হচ্ছে, তেমনি কেউ যদি ক্ষমা চেয়ে সঠিক জায়গায় ফিরে আসতে চায়, তাকে সুযোগ দেয়া উচিত। তবে সবকিছু অপরাধের মাত্রা দেখে বিবেচনায় নেয়া হবে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, তৃণমূলে অনেক ধরনের হিসাব-নিকাশ থাকে। যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে, প্রত্যেকের এলাকায় ভালো অবস্থান আছে। দীর্ঘদিন তাদের দলের বাইরে রাখলে তারা নিরুৎসাহিত (ডিমোরালাইজড) হয়ে যাবেন। এ ছাড়া সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, অনেকে হয়তো সেখানেও দলের বাইরে যেতে পারেন। তখন নিজেদের প্রার্থী ঝুঁকিতে পড়বে। তা ছাড়া মাঠের রাজনীতিতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দলে না ফেরার ইঙ্গিত দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিএনপিতে ফেরার জন্য তিনি কখনোই কোনো আবেদন করেননি এবং বর্তমান অবস্থান নিয়ে তিনি সন্তুষ্ট।
এদিকে বহিষ্কৃতদের দলে ফিরিয়ে নেয়ার এই উদ্যোগ নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ে দ্বিমুখী আলোচনা চলছে। তৃণমূলের একটি অংশের মতে, বহিষ্কৃত নেতাদের অনেকেই দলের দুঃসময়ে রাজপথে ছিলেন এবং বহিষ্কৃত হওয়ার পরও দলীয় কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। সামনে স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের দলে ফিরিয়ে আনলে কোন্দল মিটবে, একক প্রার্থী নিশ্চিত করা সহজ হবে এবং সংগঠন আরো শক্তিশালী হবে। অন্যদিকে, তৃণমূলের ত্যাগী ও দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত নেতাকর্মীদের একাংশের মধ্যে এ নিয়ে অস্বস্তি ও ক্ষোভ রয়েছে। তাদের যুক্তি, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের এভাবে ক্ষমা করে ফিরিয়ে নিলে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ভেঙে পড়বে। এতে দলের ভেতরে নেতিবাচক বার্তা যাবে এবং আগামীতে যেকোনো নির্বাচনে মনোনয়নবঞ্চিতরা বিদ্রোহী হতে উৎসাহিত হবেন।
দলটির নেতাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি থাকা নেতাদের বাইরে রেখে সংগঠনকে শক্তিশালী করা কঠিন। বিশেষ করে যারা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের মধ্যে প্রভাব ধরে রেখেছেন, তাদের দলে ফিরিয়ে আনা গেলে সাংগঠনিক সক্ষমতা বাড়বে। একই সাথে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিদ্রোহ ও বিভক্তি তৈরির আশঙ্কাও কমানো সম্ভব হবে। সব মিলিয়ে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগকে কেবল শাস্তি প্রত্যাহারের প্রক্রিয়া হিসেবে দেখছে না বিএনপি। বরং ক্ষমতায় আসার পর তৃণমূলের সাংগঠনিক পুনর্বিন্যাস, অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং স্থানীয় সরকার নির্বাচনের আগে রাজনৈতিক শক্তি সংহত করার কৌশল হিসেবেই দেখছেন দলটির নীতিনির্ধারকরা। এখন দেখার বিষয়, কেন্দ্রের এই উদ্যোগ কতটা কার্যকরভাবে তৃণমূলের বিভক্তি দূর করতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









