
আলমগীর কবির ইসলামাবাদ (পাকিস্তান) থেকে
বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে চায় পাকিস্তান। তবে অতীতের ইতিহাস, অমীমাংসিত বিষয় ও দীর্ঘদিনের দূরত্ব বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করে ধাপে ধাপে দৃঢ় ও টেকসই ভিত্তির ওপর সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ইসলামাবাদ। বাণিজ্য, আকাশ ও সমুদ্রপথে যোগাযোগ, প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে দেশটি। একই সাথে বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর পরিবর্তে সরকার ও জনগণের সাথে সম্পর্ক উন্নয়নই পাকিস্তানের লক্ষ্য।
গত ২৫ নভেম্বর ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশী সাংবাদিক প্রতিনিধিদলের সাথে মতবিনিময় ও ব্রিফিংয়ে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিকবিষয়ক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ ফয়সাল। এ সময় তিনি পাকিস্তানের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশটির অবস্থান তুলে ধরেন।
বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে উল্লেখ করে ড. মোহাম্মদ ফয়সাল বলেন, বাণিজ্য, যোগাযোগ ও জনগণের পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। দুই দেশের মানুষ নিয়মিত যাতায়াত ও যোগাযোগ করছেন। এ ক্ষেত্রে উভয় দেশের দূতাবাসও কাজ করছে। তবে সবকিছু একসাথে না করে ধাপে ধাপে এগিয়ে নিতে চায় পাকিস্তান। এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চায় ইসলামাবাদ, যার ভিত্তি হবে দৃঢ় ও টেকসই, যাতে ভবিষ্যতে তা থেকে পিছিয়ে আসার প্রয়োজন না হয়।
বাংলাদেশের সাথে সম্পর্কের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত দুই বছরে সম্পর্ক উন্নয়নে যে অগ্রগতি হয়েছে, তা অত্যন্ত পরিমিত ও হিসাব করে এগিয়ে নেয়া হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ বিরতির পর এ ধরনের উচ্চপর্যায়ের সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্পিকারের পাকিস্তান সফরও সেই ধারাবাহিকতার অংশ। অতীতের ৫০ বছরের সম্পর্কের সব জটিলতা এক দিনে সমাধান করা সম্ভব নয়। তবে দুই দেশ সঠিক পথেই এগোচ্ছে।
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ড. ফয়সাল বলেন, গত দুই থেকে আড়াই বছরে দুই দেশের মধ্যে যে অগ্রগতি হয়েছে, তাতে তিনি আশাবাদী। বাংলাদেশের সরকারের সাড়াও ইতিবাচক ও দৃঢ়। দুই দেশের মধ্যে ধর্মীয় বন্ধন, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। সেগুলো স্বীকার করে সমাধানের পথে এগোতে হবে। মাঝখানে ১৫-১৮ বছরের দীর্ঘ ব্যবধানের কারণে সম্পর্ক পুনর্গঠনে সময় প্রয়োজন। তবে শিগগিরই ইতিবাচক ফল আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশের সাথে সরাসরি বিমান যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা থেকে বাংলাদেশ বিমানের সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার বিষয়টি তার জানা আছে। এই যোগাযোগের ওপর ভিত্তি করেই দুই দেশকে সামনে এগিয়ে যেতে হবে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসও এ বিষয়ে কাজ করছে। তবে পাকিস্তানের বিমান চলাচলের ক্ষেত্রে ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া একটি প্রতিবন্ধকতা। তা সত্ত্বেও সরাসরি বিমান যোগাযোগ সম্প্রসারণের ব্যাপারে তিনি আশাবাদী। তার মতে, দুই দেশের সম্পর্ক উন্নয়নের অন্যতম প্রধান চাবিকাঠি যোগাযোগব্যবস্থা।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও কথা বলেন ড. ফয়সাল। তিনি জানান, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের সামরিক কর্মকর্তারা পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে (এনডিইউ) প্রশিক্ষণ নিতে আসছেন। এ ছাড়া প্রতিরক্ষা খাতে আরো কিছু সহযোগিতা রয়েছে। তবে অতীতের কঠিন সময় ও ইতিহাস বিবেচনায় নিয়ে এ সহযোগিতা ধীরে ধীরে এগিয়ে নিতে চায় পাকিস্তান। চট্টগ্রামে প্রতিরক্ষা শিল্পাঞ্চল গড়ে তোলা এবং সেখানে পাকিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলেও এ বিষয়ে কোনো নতুন চুক্তি বা অগ্রগতির কথা জানাননি তিনি।
চীন ও যুক্তরাষ্ট্রের সাথে একই সময়ে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে পাকিস্তানের অভিজ্ঞতা জানতে চাইলে ড. ফয়সাল বলেন, দু’টি পরাশক্তির সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা কঠিন। তবে পাকিস্তানের সামরিক ও বেসামরিক রাজনৈতিক নেতৃত্ব এবং কূটনীতিকদের বিচক্ষণতায় দেশটি দীর্ঘদিন ধরে এ ভারসাম্য রক্ষা করে আসছে। গত ৭০-৮০ বছর ধরে পাকিস্তান এ নীতি অনুসরণ করছে। চীন ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককে পরস্পরবিরোধী হিসেবে দেখে না ইসলামাবাদ। দুই দেশের সাথেই পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। বাংলাদেশের পক্ষেও এ অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
মক্কা চুক্তি বা মক্কা প্যাক্টের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পাকিস্তানের এই কর্মকর্তা বলেন, উদ্যোগটি ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। ইতোমধ্যে প্রথম মহাসচিব হিসেবে জেনারেল আমানকে নিয়োগ দেয়া হয়েছে। সময়ের সাথে এর কাঠামো ও কার্যক্রম আরো স্পষ্ট হবে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় সতর্কতার সাথে এগিয়ে নেয়া হচ্ছে। এ উদ্যোগে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ কাঠামো নিয়ে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করতে চাননি তিনি।
ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ও সংলাপের সম্ভাবনা প্রসঙ্গে ড. ফয়সাল বলেন, গত বছরের মে মাসের সঙ্ঘাতের পরও পাকিস্তান বারবার ভারতকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে। জম্মু ও কাশ্মির বিরোধসহ সব সমস্যার আলোচনার মাধ্যমে সমাধান চায় ইসলামাবাদ। কাশ্মিরের জনগণের আকাক্সক্ষা এবং জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী বিরোধ নিষ্পত্তির পক্ষে পাকিস্তান। তবে ভারত আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
আলোচনার ব্যাপারে পাকিস্তানের সদিচ্ছার উদাহরণ হিসেবে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত একটি সভ্যতাগত সংলাপের অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করেন তিনি। একই সাথে সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করে বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় দুই দেশের আলোচনার মাধ্যমে চুক্তিটি সম্পাদিত হয়েছিল এবং প্রায় ৬০ বছর ধরে তা কার্যকর ছিল। কিন্তু ভারত এখন চুক্তিটি নিয়ে কাজ করতে অনীহা দেখাচ্ছে। পানি অত্যন্ত সংবেদনশীল বিষয় উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যারও আলোচনার মাধ্যমে সমাধান চায় পাকিস্তান।
নয়া দিগন্তের এক প্রশ্নের জবাবে ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অবস্থান অপরিবর্তিত রয়েছে জানিয়ে ড. ফয়সাল বলেন, মক্কা চুক্তি হোক বা না হোক, ফিলিস্তিন প্রশ্নে পাকিস্তানের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আল-কুদস আল-শরিফকে এর রাজধানী করার পক্ষে পাকিস্তান। মক্কা চুক্তি ভবিষ্যতে কিভাবে বিকশিত হবে, তা দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগকে সম্পর্ক উন্নয়নের সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন ড. ফয়সাল। তার মতে, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত বাড়লে দুই দেশের মধ্যে পারস্পরিক ধারণা ও আস্থা তৈরি হবে। বাংলাদেশী সাংবাদিকরা পাকিস্তানে এসে এখানকার মানুষের সাথে মিশবেন এবং নিজেদের অভিজ্ঞতা দেশে তুলে ধরবেন। একইভাবে পাকিস্তানের মানুষও বাংলাদেশে গিয়ে সেখানকার মানুষের অভিজ্ঞতা ও অনুভূতি জানবেন। এভাবেই দুই দেশের মধ্যে দূরত্ব কমবে।
সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরে তিনি বাংলাদেশের নাটক, চলচ্চিত্র ও সাহিত্য পাকিস্তানে প্রচারের আগ্রহ প্রকাশ করেন। উমেরা আহমেদের রচিত জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘দার-এ-নাজাত’ ঢাকার একটি উন্মুক্ত মঞ্চের পর্দায় বাংলা সাবটাইটেলসহ প্রদর্শনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়ক। পাকিস্তানের নাটক ও চলচ্চিত্রও বাংলাদেশে প্রদর্শনের ব্যবস্থা হওয়া উচিত। অতীতে দুই দেশের মধ্যে এ ধরনের সাংস্কৃতিক যোগাযোগ ছিল, মাঝখানে তা কমে গিয়েছিল। এখন আবার তা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, সাহিত্য, ইতিহাস ও শিল্পকলার মধ্যে অনেক মিল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ১৯০৬ সালে ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দুই দেশের ইতিহাসের অনেক অধ্যায় পরস্পরের সাথে সম্পর্কিত।
বাংলাদেশের রাজনৈতিক দল ও নেতাদের সাথে পাকিস্তানের সম্পর্ক বাড়ানো উচিত কি না, এমন প্রশ্নের জবাবে ড. ফয়সাল বলেন, পাকিস্তান বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াতে চায় না। বাংলাদেশের সরকার ও জনগণের সাথে সম্পর্ক আরো দৃঢ় করাই ইসলামাবাদের লক্ষ্য। বাংলাদেশের জনগণের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে এবং এ নিয়ে তারা গর্বিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, নেতিবাচক প্রচারণা ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন নতুন বাস্তবতা। এর প্রভাব ও বিস্তার অনেক বেশি, কিন্তু এখানে সব সময় সম্পাদকীয় নিয়ন্ত্রণ থাকে না। ফলে যেকোনো বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ প্রবণতা দুই দেশের তরুণ সমাজের ওপরও প্রভাব ফেলছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমকে নেতিবাচক প্রচারণার পরিবর্তে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের ইতিবাচক মাধ্যম হিসেবে ব্যবহারের আহ্বান জানান তিনি। টিকটক, এক্স ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে দুই দেশের সংস্কৃতি, শিল্প, সাহিত্য ও মানুষের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরার ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশী সাংবাদিকদের পাকিস্তান সফরকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে ড. ফয়সাল বলেন, এ ধরনের সফর পারস্পরিক ভুল ধারণা দূর করতে সহায়তা করবে। সাংবাদিকরা পাকিস্তানে এসে যে অভিজ্ঞতা অর্জন করছেন, তা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবেন। একইভাবে পাকিস্তানের মানুষেরও বাংলাদেশ সম্পর্কে জানার সুযোগ বাড়বে। দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে আলোচনা, সমঝোতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সেগুলো অতিক্রম করা সম্ভব।
ব্রিফিংয়ের শুরুতে পাকিস্তানের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশী সাংবাদিকদের অবহিত করেন ড. মোহাম্মদ ফয়সাল। পরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তিনি বাংলাদেশী সাংবাদিকদের পাকিস্তানের মানুষের সাথে আরো বেশি যোগাযোগ স্থাপন এবং দুই দেশের সম্পর্কের ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহ্বান জানান। বাংলাদেশী অতিথিদের নিজের ঘরের মানুষের মতো স্বাগত জানিয়ে ভবিষ্যতেও তাদের পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









