বগায় ছোট সেতুর ব্যয় আকাশছোঁয়া
ads

  • প্রতি কিলোমিটারে খরচ ১ হাজার ১১৮ কোটি টাকা
  • ৮ম মৈত্রী সেতুর চেয়ে ২৫ শতাংশ বেশি
  • পাকিস্তানের চেয়ে ৬.৬ গুণ, নেপালের চেয়ে ৩.৩ গুণ বেশি
  • পিইসি সভা থেকে ডিপিপি সংশোধনে ১৪ সুপারিশ

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প মানেই যেন ব্যয়ের বড় অঙ্ক। দৈর্ঘ্য মাত্র ১ দশমিক ৩৫৫ কিলোমিটার অথচ পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর নবম বাংলাদেশ-চীন মৈত্রী (বগা) সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫১৫ কোটি টাকা। শুধু সেতু নির্মাণেই খরচ হবে ৬৮৩ কোটি ৯০ লাখ টাকা। সে হিসাবে সেতু নির্মাণে কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ৫০৫ কোটি টাকা। আর পুরো প্রকল্পের ব্যয় বিবেচনায় কিলোমিটারপ্রতি খরচ দাঁড়াচ্ছে ১ হাজার ১১৮ কোটি ২০ লাখ টাকা, যা মার্কিন মুদ্রায় প্রায় ৯ কোটি ১০ লাখ ডলার বলে পর্যালোচনা থেকে পাওয়া যায়। প্রতিবেশী দেশগুলোর কয়েকটি বড় সেতুর সাথে তুলনায় বগা প্রকল্পের এই ব্যয় উল্লেখযোগ্যভাবে বেশি। পাকিস্তানের ঘোটকী-কান্ধকোট সেতুর তুলনায় কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ৬ দশমিক ৬ গুণ এবং নেপালের নতুন নারায়ণী সেতুর প্রায় ৩ দশমিক ৩ গুণ। দেশের পিরোজপুরে নির্মিত অষ্টম মৈত্রী সেতুর তুলনায়ও বগা প্রকল্পে কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ২৫ শতাংশ বেশি।
শুধু ব্যয়ের অঙ্ক নয়, প্রকল্পটির আর্থিক বিশ্লেষণ, জনবল নিয়োগ, ইউটিলিটি স্থানান্তর, ক্রয় পরিকল্পনা ও পরামর্শক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি)। টোল প্লাজার সংস্থান থাকা সত্ত্বেও প্রকল্পের আর্থিক বিশ্লেষণে ঋণাত্মক ফল পাওয়া গেছে বলে জানিয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এসব অসঙ্গতি সংশোধন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠনের নির্দেশ দিয়েছে পিইসি।
এক হাজার ৫১৫ কোটি টাকার প্রকল্প
মন্ত্রণালয়ের প্রকল্প প্রস্তাবনা থেকে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) প্রস্তাবিত প্রকল্পটির নাম ‘লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের (জেড-৮৮০৬) ১৪তম কিলোমিটারে লোহালিয়া নদীর ওপর নবম বাংলাদেশ-চীন মৈত্রী (বগা) সেতু নির্মাণ’। প্রস্তাব অনুযায়ী, সেতুটির দৈর্ঘ্য হবে ১ হাজার ৩৫৫ দশমিক ৪ মিটার। অনুমোদন পেলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চার বছরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন ৬৪৭ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার টাকা এবং চীনের অনুদান ৮৬৭ কোটি ৬৮ লাখ ৮১ হাজার টাকা। অর্থাৎ প্রকল্পের প্রায় ৫৭ শতাংশ অর্থ আসবে চীনা অনুদান থেকে।
প্রকল্পের ব্যয়ের বড় অংশ রয়েছে তিনটি খাতে। মূল সেতু, সংযোগ সেতু ও টোল প্লাজাসহ সেতু নির্মাণে ৬৮৩ কোটি ৯০ লাখ টাকা, এপ্রোচ রোড, অ্যাকসেস রোড ও নদীশাসনে ৪৪০ কোটি ৪৭ লাখ টাকা এবং ইউটিলিটি স্থানান্তরে ১৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রাইস অ্যাডজাস্টমেন্টে রাখা হয়েছে ৪২ কোটি টাকা।
অষ্টম মৈত্রী সেতুর চেয়ে ২৫ শতাংশ বেশি
সরকারি তথ্য থেকে জানা গেছে, পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন করা হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। ৯৯৮ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল ৮৯৪ কোটি ৮ লাখ টাকা। এর সাথে দুই পাশে ১ হাজার ৪৬৭ মিটার সংযোগ সড়ক, ছোট সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছিল। অষ্টম সেতুর মোট ব্যয়কে মূল সেতুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে কিলোমিটারপ্রতি খরচ দাঁড়ায় প্রায় ৮৯৬ কোটি টাকা। বগা সেতুর ক্ষেত্রে একই হিসাবে তা প্রায় ১ হাজার ১১৮ কোটি টাকা। অর্থাৎ কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ২২২ কোটি টাকা বেশি, যা শতাংশের হিসাবে প্রায় ২৫  শতাংশ। তবে দু’টি প্রকল্পের ব্যয় কাঠামো পুরোপুরি এক নয়। বগা প্রকল্পে ২০ দশমিক ০৮ কিলোমিটার সংযোগ সড়ক উন্নয়ন, নদীশাসন, ইউটিলিটি স্থানান্তর ও অন্যান্য অবকাঠামোর ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
আন্তর্জাতিক তুলনায় ব্যয় বেশি
আন্তর্জাতিক তুলনায় ভারতের বগিবিল সেতুর কিলোমিটারপ্রতি ব্যয় বগা প্রকল্পের চেয়েও বেশি। আসামে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ৪ দশমিক ৯৪ কিলোমিটার দীর্ঘ এই রেল-কাম-সড়ক সেতুটি দ্বিতল। সরকারি অবকাঠামো-সংক্রান্ত প্রতিবেদনে এর নির্মাণব্যয় প্রায় ৫ হাজার ৯০০ কোটি রুপি। সে হিসাবে কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ১ হাজার ১৯৪ কোটি রুপি বা ১২৭ মিলিয়ন ডলার। তবে সেতুটি রেল ও সড়ক- দুই ধরনের যোগাযোগের জন্য তৈরি হওয়ায় এর প্রকৌশলগত কাঠামো আলাদা। অন্য দিকে আসামের ধোলা-সাদিয়া সংযোগকারী ৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ ভূপেন হাজারিকা সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৮৭৬ কোটি রুপি। সে হিসাবে কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ৯৫ কোটি ৭৭ লাখ রুপি বা ১০ মিলিয়ন ডলার। বগা প্রকল্পের কিলোমিটারপ্রতি ব্যয় এর প্রায় ৯ গুণ।
পাকিস্তানের সিন্ধু নদের ওপর নির্মাণাধীন ঘোটকী-কান্ধকোট সেতুর মূল দৈর্ঘ্য ১২ দশমিক ২ কিলোমিটার এবং প্রকল্পব্যয় ৪৬ দশমিক ১৩ বিলিয়ন পাকিস্তানি রুপি। সে হিসাবে কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ৩ দশমিক ৭৮ বিলিয়ন রুপি বা ১৪ মিলিয়ন ডলার। অন্য দিকে বগা প্রকল্পে কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ৯১ মিলিয়ন ডলার। অর্থাৎ পাকিস্তানের সেতুটির তুলনায় বগার ব্যয় প্রায় ৬ দশমিক ৬ গুণ।
নেপালের নারায়ণী নদীর ওপর নির্মাণাধীন নতুন কেবল-স্টেড সেতুর দৈর্ঘ্য ৪২০ মিটার এবং প্রাক্কলিত ব্যয় ১ দশমিক ৬৮ বিলিয়ন নেপালি রুপি। এটি দেশটির প্রথম দুই টাওয়ারবিশিষ্ট মাল্টি-কেবল সেতু। প্রাক্কলিত ব্যয় অনুযায়ী কিলোমিটারপ্রতি খরচ প্রায় ৪ বিলিয়ন নেপালি রুপি বা ২৭ মিলিয়ন ডলার। সে হিসাবে বগা সেতুর ব্যয় প্রায় ৩ দশমিক ৩ গুণ।
বাংলাদেশের বড় সেতু প্রকল্পগুলোর মধ্যে পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। পুরো প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। তবে এতে নদীশাসন, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন, সংযোগ সড়কসহ অন্যান্য অবকাঠামোর ব্যয় রয়েছে। শুধু মূল সেতু নির্মাণে ব্যয় প্রায় ১২ হাজার ১৩৩ কোটি টাকা। এ হিসাবে কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ১ হাজার ৯৭৩ কোটি টাকা। অর্থাৎ মূল সেতুর নির্মাণব্যয় বিবেচনায় পদ্মার তুলনায় বগা সেতুর ব্যয় কম।
টোল প্লাজা রেখেও আর্থিক বিশ্লেষণে ঋণাত্মক ফল
পিইসি সভায় আইএমইডির প্রতিনিধি জানান, টোল প্লাজার সংস্থান থাকলেও প্রকল্পের আর্থিক বিশ্লেষণে ফল ঋণাত্মক এসেছে। এ কারণে আর্থিক ও অর্থনৈতিক বিশ্লেষণ নতুন করে করার নির্দেশ দেয়া হয়েছে। জাতীয় মহাসড়ক এন-৮ থেকে সেতু পর্যন্ত ২০ দশমিক ০৮ কিলোমিটার সংযোগ সড়কের অস্থায়ী মেরামত ও রক্ষণাবেক্ষণে ৩ কোটি টাকা রাখার প্রস্তাবও যৌক্তিক মনে করেনি সভা। জনবল নিয়োগের ক্ষেত্রেও নিয়ম অনুসরণের ঘাটতি পাওয়া গেছে। ৪৮ জনমাস আউটসোর্সিংয়ের প্রস্তাব থাকলেও অর্থ বিভাগের আন্তঃমন্ত্রণালয় কমিটির অনুমোদন নেওয়া হয়নি। নিরাপত্তা সেবায় ৩ হাজার ১২০ জনমাসের জন্য ৮ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
ইউটিলিটি স্থানান্তরে ১৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি স্যালভেজ ভ্যালু বাদ দিয়ে প্রাক্কলন তৈরি করেছে বলে সভায় উল্লেখ করা হয়। কতটি বৈদ্যুতিক খুঁটি সরাতে হবে এবং প্রতিটির ব্যয় কত, তার বিস্তারিত হিসাব চাওয়া হয়েছে। একই ধরনের কাজের জন্য একাধিক ক্রয় প্যাকেজ তৈরি এবং ক্রয়পদ্ধতি নির্ধারণে সরকারি ক্রয় বিধিমালা-২০২৫-এর সিলিং অনুসরণ না করার বিষয়টিও উঠে এসেছে। সাইট অফিস নির্মাণে ১২ কোটি ৩৫ লাখ টাকা, রক্ষণাবেক্ষণে ৩ কোটি টাকা এবং পরামর্শক খাতে ৯০ লাখ টাকা থোক বরাদ্দের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে পিইসি। সম্মানী, উৎসব, ডিগনিটারিজ, যানবাহন রক্ষণাবেক্ষণ ও জ্বালানি খাতের কয়েকটি ব্যয় বাদ দেয়ার সুপারিশ করা হয়েছে।
১৪ দফা নির্দেশনায় ডিপিপি পুনর্গঠন
প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ, প্রায় ৮ হাজার ৯৫২ বর্গফুট স্থাপনা উচ্ছেদ এবং ২ হাজার ২৫০টি গাছের ক্ষতিপূরণ দেয়ার প্রয়োজন হতে পারে। ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও আনুষঙ্গিক ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার। জেলা প্রশাসনের কাছ থেকে ভূমি অধিগ্রহণের ব্যয় প্রাক্কলন নিয়ে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ডিপিপিতে যুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। সেতুর জন্য বিআইডব্লিউটিএর নেভিগেশনাল ক্লিয়ারেন্স নেয়া হয়েছে। তবে নদীর গতিপথ ও স্থিতিশীলতা নিয়ে ২০১৪ সালে করা সমীক্ষা হালনাগাদ করে বিস্তারিত নকশা প্রণয়নের নির্দেশ দিয়েছে পিইসি।
পিইসির ১৪ দফা নির্দেশনার মধ্যে রয়েছে- সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে কার্যক্রম ও ব্যয় নির্ধারণ, পঞ্চবার্ষিক কৌশলপত্রের সাথে প্রকল্পের সামঞ্জস্য নিশ্চিত করা, আর্থিক ও অর্থনৈতিক বিশ্লেষণ হালনাগাদ, ভূমি অধিগ্রহণের ব্যয় যুক্ত করা, পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা সংযোজন এবং নদীশাসন ও সংযোগ সড়কের ব্যয় যৌক্তিক করা। পাশাপাশি অর্থ বিভাগের সুপারিশ অনুযায়ী জনবল কাঠামো নির্ধারণ, পিপিআর-২০২৫ অনুসারে ক্রয় পরিকল্পনা সংশোধন, মধ্যমেয়াদি বাজেট কাঠামোর (এমটিবিএফ) সীমা হালনাগাদ এবং লগফ্রেম ও এক্সিট প্ল্যান সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বৈদেশিক অনুদানের প্রকল্প হলেও দেশীয় অর্থায়ন ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের স্বার্থে প্রতিটি খাতের ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা জরুরি।