মৌ মৌ পিঠার ঘ্রাণে ঢাকায় শীতের পদধ্বনি
মৌ মৌ পিঠার ঘ্রাণে ঢাকায় শীতের পদধ্বনি।
ads

  • সন্ধ্যা হলেই জমে উঠে ধনী-দরিদ্রের মেলবন্ধন
  • মৌসুমি আয়ের স্বপ্ন বুনছেন বিক্রেতারা  
  • শঙ্কা উচ্ছেদ-চাঁদাবাজির

কার্তিকের বিদায়বেলা পেরিয়ে অগ্রহায়ণের হিমেল হাওয়া আর পৌষের পদধ্বনি যেন ইট-পাথরের নগরীতে এক অদ্ভুত কোমল মায়া ছড়িয়ে দিয়েছে। ঢাকায় এখনো পুরোপুরি হাড়কাঁপানো শীত নামেনি। ভোরের দিকে পাতলা চাদর বা সোয়েটার জড়ালেও দুপুরের রোদে গা ঘামে। কিন্তু এই আধো-শীতের পরশই যথেষ্ট ছিল যান্ত্রিক নগরবাসীকে জানিয়ে দেয়ার জন্য যে আবহাওয়া বদলেছে। সড়কের মোড়ে মোড়ে, ওভারব্রিজের নিচে, শাহবাগ, ফার্মগেট, মতিঝিল, টিএসসি কিংবা ব্যস্ত বাসস্ট্যান্ডের কোণে কোণে ফিরে এসেছে চিরচেনা এক উৎসবের ছবি। বেলা গড়িয়ে দিনের আলো ম্লান হয়ে মাগরিবের আজানের সুর মিলিয়ে যাওয়ার আগেই সচল হয়ে ওঠে চুলা। তার ওপর বসানো পাতিলের মুখে ভেজা সাদা কাপড়, আর কাপড়ের সূক্ষ্ম ছিদ্র গলে আকাশে উঠে যাচ্ছে ধোঁয়ার দীর্ঘ কুণ্ডলী। চুলার পাশে সর্বস্তরের  মানুষের ভিড়, ধোঁয়া-ওঠা ভাপা কিংবা চিতই পিঠা, আর ঠোঁটের কোণে পরম তৃপ্তির হাসি। 
বাতাসে হু হু করে ভাসছে আগুনের শিখা, সেদ্ধচালের গুঁড়ার সোঁদা গন্ধ আর খাঁটি খেজুর গুড়ের মিষ্টি পরাগ। সেই সাথে তৈরি হচ্ছে চিতই, ভাপা, পাটিসাপটাসহ বাহারি রকমের পিঠা। রয়েছে বিভিন্ন স্বাদের হরেক রকম ভর্তার সমাহারও। ইট পাথরের শহরে ফুটপাথের এই পিঠার দোকানগুলো শুধু রসনা তৃপ্তির কেন্দ্র নয়; এগুলো যেন এক একটি ‘স্মৃতির ডাকপিয়ন’। গ্রামের উঠান, দূর অতীতের কুয়াশাচ্ছন্ন ভোর, মায়ের হাতের চাল কোটার (গুঁড়া) শব্দ আর নানী-দাদীর আঁচলের গন্ধ ধুলাবালুর এই নগরে এসে যেন জীবন্ত রূপ পায়।
রাজধানীর কলাবাগান এলাকায় দীর্ঘ দিন ধরে চিতই ও ভাপা পিঠা বানাচ্ছেন পঞ্চাষোর্ধ বয়সী রহিমা বেগম। অভাবের সংসারে একটু শান্তির জন্য ফুটপাথের মাটির চুলাই তার একমাত্র শক্ত খুঁটি। সকাল সকাল আগের রাতে ভেজানো চালের গুঁড়া প্রস্তুত করেন রহিমা। দুপুর গড়িয়ে বিকেল হতেই ফুটপাথে প্রথম হাঁড়ি নামে। শীত আইলে আমার চুলা আর ঠাণ্ডা অয় না, মাটির ছাঁচে খেজুর গুড় ও নারিকেল কোড়া ঠেসে দিতে দিতে বলেন রহিমা। রিকশাচালক, গার্মেন্টের কর্মী থেকে শুরু করে বিশ^বিদ্যালয়ের ছাত্ররা এসে ভিড় জমায় তার চুলার পাশে। প্রতিদিন সকালের প্রথম তিন ঘণ্টাতেই শ’খানেক ভাপাপিঠা বিক্রি হয়। 
রাত বাড়ার সাথে সাথে বিভিন্ন ফুটপাথ ও ওভারব্রিজের নিচে যেন অন্য এক ঢাকা জাগে। কর্মব্যস্ততা শেষে ঘরে ফেরা মানুষ থমকে দাঁড়ায় চিলতে আলোর কাছে। সেখানেই চিতই পিঠার চাটু থেকে উঠছে আগুনের আঁচ, আর পাশে রাখা মাটির বাটিতে সরিষা, শুঁটকি, ধনেপাতা ও চ্যাপা শুঁটকির ঝাল ভর্তা। 
রিকশাচালক মোবারক হোসেন গলায় গামছা পেঁচিয়ে এসে দাঁড়ালেন চিতই চুলার সামনে। তিনটি চিতই কিনে খাঁটি সরিষা ভর্তা মেখে মুখে পুরতেই মোবারকের মুখে এক টুকরা স্বস্তি। তিনি বলেন, দিনে যত কষ্টই হোক, রাতে এক প্লেট গরম চিতই আর সরষে ভর্তা মুখে দিলে মনে হয় বাড়ির উঠানে বইসা আছি। ছেলেবেলায় কেরোসিনের কুপির আলোয় মাটির সানকিতে বসে মায়ের বানানো চিতই পিঠা খাওয়ার সেই স্মৃতি মোবারককে ঢাকার ধুলাবালু থেকে একমুহূর্তে উড়িয়ে নিয়ে যায় ভোলার সেই মেঠোপথে।
শাহবাগ ও ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি চত্বরে বিকেল থেকেই জমে ওঠে শিক্ষার্থীদের কলকাকলি। ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ ও আবরার বন্ধুদের নিয়ে এসেছেন পাটিসাপটা ও ভাপা পিঠা খেতে। হাতে গরম পাটিসাপটা নিয়ে আসিফ বলেন, আমার মা শীত এলেই পাটিসাপটা বানাতেন। হোস্টেলে তো আর মায়ের হাতের স্বাদ পাই না, কিন্তু এখানে এলে সেই অনুভূতিটা ফিরে পাই। শিক্ষার্থীরা যখন শীতের সন্ধ্যায় কাঠের চুলার আগুন ঘিরে বসে আড্ডা দেন, তখন এই পিঠা শুধুই খাবার থাকে না- তা হয়ে ওঠে বন্ধন ও বন্ধুত্বের সেতু।
ধানমন্ডি লেকের পাড়ে এক প্রবীণ নাগরিক পিঠা খেতে খেতে আক্ষেপ করে বলেন, এখন তো সবাই ফ্ল্যাট বাড়ির চারদেয়ালে বন্দী। পাড়ার সেই সামাজিক যোগাযোগ উঠে গেছে। কিন্তু এই ফুটপাথের চুলার পাশে এসে দাঁড়ালে ধনী-দরিদ্র, চেনা-অচেনা সবাই আবার এক কাতারে মিলেমিশে যায়। পিঠা কেবল মানুষের ক্ষুধা মেটায় না, তা যান্ত্রিক শহরের হৃদয়হীন দেয়াল ভেঙে তৈরি করে সম্প্রীতির এক অদৃশ্য বন্ধন।
ঢাকার ফুটপাথে হাঁটার সময় যদি চুলার সারির দিকে তাকানো যায়, মনে হবে গোটা বাংলাদেশ যেন তার নিজস্ব ঐতিহ্য নিয়ে এক জায়গায় এসে সমবেত হয়েছে। ভাপা পিঠা মূলত চালের গুঁড়া, খাঁটি খেজুর গুড় ও কোড়ানো নারিকেলের মিশেলে বাষ্পে সেদ্ধ তৈরি এই পিঠা শীতের প্রথম ও প্রধান আকর্ষণ। চিতই পিঠা মাটির খোলায় সেঁকা এই গোল পিঠাটি গরম গরম সরিষা, কালিজিরা, ধনেপাতা ও শুঁটকি ভর্তা দিয়ে খাওয়ার জন্য নগরবাসীর প্রথম পছন্দ। ক্ষীরসা বা নারিকেলের পুর দিয়ে তৈরি নরম মিষ্টি পাটিসাপটা বিশেষ করে নারী ও শিশুদের বেশি প্রিয়। তেলের পিঠা (পোয়া), ডুবো তেলে ভাজা ঝাল পিঠা এবং বিশেষ ডিম-চিতই (যা মিরপুর ও ধানমন্ডিতে প্রচুর জনপ্রিয়) পথচারীদের রসনা তৃপ্ত করে।
শীতকালীন এই পিঠা বিক্রি কেবল নগরবাসীর আবেগ নয়, বরং রাজধানীর অনানুষ্ঠানিক অর্থনীতির এক বিরাট চালিকাশক্তি।
সরেজমিন পর্যবেক্ষণ ও ক্ষুদ্র হকার সমিতি সূত্র মতে, রাজধানীজুড়ে বিভিন্ন ফুটপাথ ও গলিতে প্রায় আট থেকে দশ হাজার পিঠার দোকান রয়েছে। এসব দোকানি প্রতিদিন প্রায় এক হাজার ৫০০ থেকে ছয় হাজার টাকার পিঠা বিক্রি করে থাকেন। সেই হিসাবে মাসিক বিক্রির পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার থেকে ৮০ হাজার টাকা। এই পরিসংখ্যান প্রমাণ করে যে, শীতের তিনি থেকে চার মাসের উপার্জিত অর্থ দিয়েই বহু নিম্নবিত্ত পরিবার তাদের সন্তানের পুরো বছরের পড়ার খরচ, গ্রামীণ ভিটের ঘর মেরামত বা দেনা পরিশোধের সংস্থান করেন।
বাইরে থেকে আগুনের আলো আর পিঠার ধোঁয়া যতটা মায়াবী দেখায়, ভেতরের জীবনসংগ্রাম ততটাই করুণ ও কঠিন। সরেজমিন তাদের সাথে কথা বলে জানা যায়, ফুটপাথের ব্যবসায়ীদের সবচেয়ে বড় ভয় সিটি করপোরেশন ও পুলিশের হঠাৎ উচ্ছেদ অভিযান। শফিকুল নামে এক পিঠা দোকানি জানান, গত শীতে উচ্ছেদের সময় তার গরম চুলা ও হাঁড়ি ভেঙে যায়; দুই হাজার টাকার চালের গুঁড়া নষ্ট হওয়ার পাশাপাশি জরিমানা গুনতে হয়েছিল। তা ছাড়া কিছু জায়গায় স্থানীয় প্রভাবশালী ও লাইনম্যানদের দৈনিক ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হিসাব করে চাঁদা দিতে হয়। না দিলে মোড়ে বসার সুযোগ মেলে না। চালের গুঁড়া, খাঁটি খেজুর গুড়, নারিকেল ও সিলিন্ডার গ্যাসের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় মুনাফা কমে এসেছে বলেও জানান তারা। খোলা আকাশের নিচে অনবরত কাঠ ও কয়লার ধোঁয়া এবং ধুলাবালুর মধ্যে কাজ করার ফলে বিক্রেতারা হাঁপানি, তীব্র শ্বাসকষ্ট ও চোখের ছানির জটিলতায় ভোগতে হয় তাদের।