ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান এনসিপির
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে এনসিপি বিক্ষোভ সমাবেশ করে : নয়া দিগন্ত।
ads

গাজীপুর মহানগর প্রতিনিধি

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে তিনি বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় এ ঐক্য প্রয়োজন। তবে চাঁদাবাজদের সাথে কোনো ঐক্য হতে পারে না।
গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে আট দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপি গাজীপুর মহানগর, জেলা ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে  নীতি ও আদর্শের ভিত্তিতে। চাঁদাবাজি ও অনিয়মের সাথে জড়িতদের সাথে কোনো সমঝোতা হতে পারে না।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম শ্রমজীবী মানুষের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিক পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে ভারত সরকারকে আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, ন্যায়বিচার এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করার দাবিও জানান তারা।
এ সময় বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও আব্দুল হান্নান মাসউদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান, প্রশিক্ষণ সম্পাদক এম এম শোয়েব এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আরমান হোসাইন। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেসবাহ, সদস্যসচিব আবুল কাশেম মাস্টার, গাজীপুর মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্যসচিব ওমর ফারুকসহ মহানগর, জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে আট দফা দাবিতে ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বর্ষা হলের সামনে দিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।