আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান
আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান। ফাইল ছবি

বিগত ১৬-১৭ বছরে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান।

Advertisement

তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। একইসাথে আদালতে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র উপস্থাপন করা হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সিলেট-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোছা: তাহসিনা রুশদীর পয়েন্ট অফ অর্ডারে রাখা বক্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আদালত অঙ্গনে একজন আসামিকে নিয়ে যাওয়ার সময় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা তার দৃষ্টিতেও এসেছে। বিষয়টি আইন মন্ত্রণালয়ের সরাসরি আওতাভুক্ত না হলেও ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট আসামিকে একজন কুখ্যাত অপরাধীর মতো করে নিয়ে গিয়ে ফেরত পাঠানোর বিষয়টি ঘটেছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি নিশ্চয়তা দেন।’

তিনি বলেন, ‘কোনো বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে। একইসাথে কোনো নির্দিষ্ট রায় প্রত্যাশা না করে ন্যায়বিচারের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের বিরুদ্ধে সব ধরনের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হচ্ছে। এসব প্রমাণ যেকোনো দেশের আদালত বা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে ন্যায়বিচারের ভিত্তিতে অপরাধীদের সাজা হওয়ার মতো যথেষ্ট উপাদান রয়েছে।’

আইনমন্ত্রী বলেন, ‘বিগত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ, হাত, কানসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, তাদের প্রত্যেকের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ।’

তিনি জানান, ‘বিগত ১৬ বছরের গুম-খুন, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং চিফ প্রসিকিউটরের সমন্বয়ে তদন্ত দল বিভিন্ন জেলায় যাবে।’

এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘তদন্ত দল জেলায় জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং রাজনৈতিক কর্মীদের সহযোগিতায় কোথায়, কার ইন্ধনে বা প্রশ্রয়ে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সে বিষয়ে তদন্ত কর্মকর্তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।’

তিনি বলেন, ‘সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আদালত অঙ্গনে অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে খুনের মামলায় অভিযুক্ত মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার ঘটনায় সংসদে উদ্বেগ প্রকাশ করে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান সংসদ সদস্য মোছা: তাহসিনা রুশদীর।

তিনি বলেন, ‘মেজর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তার বিচার চলমান। গত বৃহস্পতিবার তাকে হাজিরার জন্য আদালতে নেওয়ার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন কোনো আনন্দভ্রমণে বের হয়েছেন। এ সময় তার সাথে থাকা পুলিশ সদস্যদেরও প্রটোকল দেয়ার মতো মনে হয়েছে।’

সংসদ সদস্য বলেন, একজন খুনের মামলার অভিযুক্তকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে নেয়া হয়েছে। হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাকে হাতকড়া পরানো হয়নি। এ ধরনের ঘটনা তাকে এবং এ বিষয়ে উদ্বিগ্ন অনেক পরিবারকে মর্মাহত ও আতঙ্কিত করেছে। এ ব্যাপারে তিনি আইনমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন।

সূত্র : বাসস