
বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দফতরে দল ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সদস্যসচিবরা বৈঠকে অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, কারও পাল্টা কর্মসূচি কিংবা সতর্ক পাহারা নয়, বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মধ্য দিয়ে দল ও অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙা রাখতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নানা ধরনের তৎপরতা চলছে। এমন পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিল ক্ষমতাসীন বিএনপি।
বৈঠক সূত্র জানায়, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে পালন করা হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করত, সে ধরনের কোনো কর্মসূচিও নেয়া হবে না।
সূত্র জানায়, বিজয়ের মাসে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো রাজনৈতিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
দীর্ঘদিন বিরোধীদলের রাজনীতি ও আন্দোলনে থাকার পর ক্ষমতায় এসেছে বিএনপি। এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায় নেতৃত্ব। বিশেষ করে বিজয়ের মাস কেন্দ্র করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখার পরিকল্পনা নেয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








