
- সিএমএইচে চিকিৎসা চান মাসুদ উদ্দিন
- ফজলে করিমের বিচার পর্যবেক্ষণে বিদেশী প্রতিনিধি
সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ নম্বর সাক্ষী আব্বাস মল্লিকের পুনঃজেরা সম্পন্ন হয়েছে। তিনি বলেছেন, তার ভাই আলকাস মল্লিকের অপহরণ ও হত্যার ঘটনায় র্যাবের দুই সোর্স আলম ও জালাল তাকে দিয়ে একটি মামলা করিয়েছিলেন। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো: মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ জেরা হয়।
আব্বাস মল্লিক আদালতকে জানান, ভাইয়ের অপহরণ ও হত্যার ঘটনায় তিনি পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছিলেন। তিনি জিয়াউল আহসানের নামে মামলা করতে চেয়েছিলেন। কিন্তু ১৫ থেকে ২০ দিন পর জানতে পারেন, মামলায় জিয়াউল আহসানের নাম দেয়া হয়নি। অন্য ব্যক্তিদের নাম দেয়া হয়েছে। এ কারণে তিনি মামলাটি প্রত্যাহার করেন।
তবে ওই মামলার তারিখ ও নম্বর সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। মামলাটি ২০২৪ সালের ২৯ আগস্ট করা হয়েছিল কি না এবং এর নম্বর সিআর ৫৭৭/২০২৪ কি না, সে বিষয়েও নিশ্চিত নন বলে আদালতকে জানান। মামলাটি সিআইডিতে তদন্তের জন্য পাঠানো হয়েছিল কি না, তা-ও বলতে পারেননি। আব্বাস মল্লিক আরো বলেন, অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তিনি ওই মামলা করেননি। লাভবান হয়ে মামলা প্রত্যাহার করেছেন, এ অভিযোগও সত্য নয়। একই কারণে জিয়াউল আহসানের বিরুদ্ধে অসত্য সাক্ষ্য দিয়েছেন, এ অভিযোগও তিনি অস্বীকার করেন।
ডিফেন্সের অভিযোগ : গত ১২ নভেম্বর নয়া দিগন্তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার সাক্ষীকে পুনরায় জেরার আবেদন করেছিলেন। তার অভিযোগ ছিল, আব্বাস মল্লিক পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৫৭৭/২০২৪ নম্বরে একটি মামলা করেন। ওই মামলায় ২২ জনকে আসামি করা হয়। প্রত্যেকের কাছ থেকে তিন লাখ টাকা করে মোট ৬৬ লাখ টাকা নেয়ার পর মামলাটি প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি।
ডিফেন্স পক্ষের আরো অভিযোগ ছিল, মামলা পরিচালনায় একটি প্রভাবশালী চক্র আব্বাস মল্লিককে সহযোগিতা করেছিল। নাজনীন নাহারের দাবি ছিল, সাক্ষীর অতীত কর্মকাণ্ড, মামলা দায়ের ও প্রত্যাহারের প্রেক্ষাপট এবং অর্থ লেনদেনের অভিযোগ তার সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেন।
প্রসিকিউশন ও ডিফেন্সের বক্তব্য : প্রসিকিউটর এস এম তাসমিরুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, আব্বাস মল্লিক লেখাপড়া জানেন না। তাই র্যাবের সোর্স পরিচয় দেয়া আলম ও জালাল তাকে দিয়ে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে মামলা করান। পরে আব্বাস জানতে পারেন, মামলায় জিয়াউল আহসান বা র্যাবের সংশ্লিষ্ট কারও নাম নেই। এ কারণে তিনি মামলা প্রত্যাহার করেন।
প্রসিকিউটর বলেন, ডিফেন্স পক্ষের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, আব্বাস মল্লিক ৬৬ লাখ টাকা নিয়ে মামলা প্রত্যাহার করেছেন। কিন্তু পুনঃজেরায় এ বিষয়ে কোনো প্রশ্ন করা হয়নি। তার ভাষ্য, এ ধরনের বক্তব্য প্রশ্নের মাধ্যমে না এসে সাইড কমেন্ট হিসেবে বলা হয়েছে।
জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার নয়া দিগন্তকে বলেন, পুনঃজেরায় তাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন করার সুযোগ দেয়া হয়েছে। আব্বাস মল্লিক মামলাটি করেছিলেন কি না এবং ওই মামলায় জিয়াউল আহসানের নাম আসামি হিসেবে ছিল কি না, এ দুটি বিষয়েই প্রশ্নের সুযোগ মিলেছে। অন্য বিষয়ে প্রশ্ন করতে পারেননি তারা। ফলে আব্বাস মল্লিকের আগের মামলা ও প্রত্যাহারের কারণ নিয়ে ডিফেন্স ও প্রসিকিউশনের বক্তব্যে ভিন্নতা রয়েছে।
প্রসিকিউটর জানান, ডিফেন্স পক্ষ সাক্ষীকে পুনরায় জেরার আবেদন করেছিল এবং তা মঞ্জুর হওয়ার পর গতকাল জেরা হয়। এদিন স্টার নিউজে প্রচারিত ৩৬ মিনিটের একটি ভিডিও আদালতে প্রদর্শন করা হয়। পুনঃজেরা ও ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে কার্যক্রম শেষে মামলার পরবর্তী তারিখ ১৯ নভেম্বর ধার্য করা হয়েছে।
সিএমএইচে চিকিৎসা চান মাসুদ উদ্দিন : মানবতাবিরোধী অপরাধের মামলার আরেক আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিতে আবেদন করেছেন। গতকাল এ আবেদনের ওপর শুনানি হয়। আদেশের জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো: মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, সিএমএইচে কারা কর্তৃপক্ষের অধীনে নিরাপত্তাব্যবস্থার সুযোগ নেই। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন আসামিদের জন্য পুলিশি পাহারা রয়েছে। তাই এ দু’টির যে কোনো একটিতে চিকিৎসার ব্যবস্থা করলে ভালো হয়। তিনি উদাহরণ হিসেবে বন্দী অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিএমএইচে চিকিৎসার আবেদনের কথা উল্লেখ করেন। মাসুদ উদ্দিনের আইনজীবী মনসুরুল হক চৌধুরী এ সময় বলেন, পূর্বের কোনো কিছু উদাহরণ হিসেবে আনবেন না।
গত ১১ নভেম্বর আসামিপক্ষে আইনজীবী লিটন আহমেদ জানান, মাসুদ উদ্দিন চৌধুরী ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার কিডনি জটিলতা রয়েছে এবং নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন। সাথে হৃদরোগের জটিলতাও আছে। শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাকে ঢামেকে পাঠায়। গত ২৩ অক্টোবর কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তিনি আইসিইউতে ছিলেন। উন্নতি হলে সাধারণ শয্যায় স্থানান্তর করা হয়।
আসামিপক্ষের ভাষ্য, ঢামেকে এসব জটিল রোগের চিকিৎসা ব্যয়বহুল। কারা কর্তৃপক্ষ পুরো খরচ বহন করে না। তার ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ থাকায় তারা আর্থিক সঙ্কটে পড়েছেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে সিএমএইচে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার সুযোগ থাকায় স্থানান্তরের আবেদন করা হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার রয়েছেন মাসুদ উদ্দিন চৌধুরী। একই মামলায় কারাগারে আছেন মেজর (অব:) মোজাফফর হোসেন। আগামী ২৩ নভেম্বরের মধ্যে দু’জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
ফজলে করিমের বিচার পর্যবেক্ষণে বিদেশী প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিচার পর্যবেক্ষণে এসেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রতিনিধি হেলেন মাসাঁ-ত্রাশে। তিনি ফ্রান্সের নাগরিক এবং আইপিইউর বিচার পর্যবেক্ষক। গতকাল তিনি ট্রাইব্যুনাল-২-এ উপস্থিত ছিলেন।
ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ বলেন, ১৮৫টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক এই সংস্থার প্রতিনিধি বিচারপ্রক্রিয়া নিরপেক্ষ ও যথাযথভাবে চলছে কি না, তা পর্যবেক্ষণ করছেন। ফজলে করিম চৌধুরী আইপিইউর মানবাধিকার কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন। তাই সংস্থাটি পর্যবেক্ষক পাঠিয়েছে। বাংলাদেশ সরকারের সাথে কথা বলেই তাকে পাঠানো হয়েছে।
বিদেশী আইনজীবী নিয়োগের বিষয়ে রিজওয়ানা ইউসুফ বলেন, যুক্তরাষ্ট্রের নটর ডেম ল স্কুলের একটি লিগ্যাল ক্লিনিক বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সম্মতি দিয়েছেন। বিদেশী আইনজীবীদের সহায়তা নিতে আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, তারা আসামিপক্ষকে আইনি সহায়তা দিতে পারেন। এ বিষয়ে প্রসিকিউশনের বক্তব্যের সাথেও তারা একমত। তবে সাক্ষীদের জেরা করার ক্ষেত্রে ভাষাগত প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








