ইউএনওরা বিশেষ অনুদান পাচ্ছেন ৫ লাখ টাকা

 সৈয়দ সামসুজ্জামান নীপু

Advertisement

প্রথমবারের মতো দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পাঁচ লাখ টাকা করে বিশেষ অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বার্ষিক বরাদ্দ হিসেবে দেয়া এই অর্থ দুর্যোগ, অগ্নিকাণ্ড ও আকস্মিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, অতিদরিদ্র রোগী, মেধাবী শিক্ষার্থী, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় ব্যয় করতে পারবেন ইউএনওরা। এ ছাড়া ছোট ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় ক্লাব ও গ্রন্থাগারের জরুরি সংস্কারেও অর্থ ব্যয়ের সুযোগ রাখা হয়েছে।
এত দিন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কার্যালয় থেকে বিশেষ অনুদানের আওতায় অসহায় মানুষকে সহায়তা দেয়া হলেও উপজেলা পর্যায়ে ইউএনওদের জন্য এ ধরনের বরাদ্দ ছিল না। নতুন সিদ্ধান্তের ফলে প্রথমবারের মতো ইউএনওরাও স্বেচ্ছাধীন তহবিলের আওতায় সরাসরি অর্থ ব্যয় করতে পারবেন। এতে জরুরি প্রয়োজনে উপজেলা পর্যায়ে সহায়তা পৌঁছানো সহজ হবে বলে মনে করা হচ্ছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছেন। গত বৃহস্পতিবার অর্থসচিব ও অর্থমন্ত্রীর অনুমোদনের পর অর্থ বিভাগ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে উপজেলা রয়েছে ৫০১টি। প্রতিটি ইউএনওর কার্যালয়ের জন্য পাঁচ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হলে বার্ষিক মোট ব্যয় দাঁড়াবে ২৫ কোটি ৫ লাখ টাকা।
যেভাবে এলো সিদ্ধান্ত : অর্থ বিভাগ সূত্র জানায়, গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা অর্থমন্ত্রীর জন্য একটি সারসংক্ষেপ তৈরি করে পাঠায়। এতে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ‘স্বেচ্ছাধীন তহবিল’ নামে একটি অর্থনৈতিক কোড খুলে প্রতি বছর পাঁচ লাখ টাকা বরাদ্দ দেয়ার অনুমতি চাওয়া হয়। এ উদ্যোগের ভিত্তি জেলা প্রশাসক সম্মেলন ২০২৪-এর একটি সিদ্ধান্ত। মন্ত্রিপরিষদ বিভাগ ওই সিদ্ধান্ত অনুমোদন করে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৪ সালের ১২ মে অর্থ বিভাগকে এ বিষয়ে চিঠি দেয়।
প্রস্তাবে ‘৩৬৩১১০৭ বিশেষ অনুদান’ খাত ব্যবহারের কথা বলা হয়েছে। এ খাত থেকে আগে থেকেই বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয় অসহায় ও দুস্থ মানুষকে আর্থিক সহায়তা দিয়ে আসছে। ২০২৬-২৭ অর্থবছরে বিভাগীয় কমিশনারদের জন্য এ খাতে বরাদ্দ রয়েছে প্রায় দুই কোটি ৩০ লাখ টাকা এবং জেলা প্রশাসকদের জন্য প্রায় ১৩ কোটি ৩১ লাখ টাকা। নতুন সিদ্ধান্তে একই ব্যবস্থার আওতায় উপজেলা পর্যায়েও অর্থ বরাদ্দের সুযোগ সৃষ্টি হচ্ছে।
পাঁচ লাখ টাকা যেভাবে ব্যয় হবে : জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাবনায় একজন ইউএনওর জন্য বরাদ্দ পাঁচ লাখ টাকা পাঁচটি খাতে ব্যয়ের কথা বলা হয়েছে।
- দুর্যোগ ও দুর্ঘটনায় তাৎক্ষণিক সহায়তা : দুই লাখ টাকা। বন্যা, অগ্নিকাণ্ড বা আকস্মিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য, বস্ত্র ও চিকিৎসার প্রয়োজনে সারা বছর এ অর্থ ব্যয় করা যাবে।
- দরিদ্র শিক্ষার্থীদের অনুদান : এক লাখ টাকা। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পরীক্ষার ফি, বইপত্র ও যাতায়াত ব্যয়ে সহায়তা দেয়া যাবে।
- অতিদরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা : এক লাখ টাকা। ক্যান্সার, কিডনি কিংবা অন্যান্য জটিল রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য এ অর্থ ব্যয় করা যাবে।
- স্বল্পমেয়াদি আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন : ৫০ হাজার টাকা। বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষুদ্র ব্যবসা কিংবা আয়বর্ধক কর্মকাণ্ডে সহায়তা দেয়া যাবে। এ খাতে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থ ব্যয়ের প্রস্তাব রয়েছে।
- স্থানীয় ক্ষুদ্র অবকাঠামো সংস্কার : ৫০ হাজার টাকা। মসজিদ, মন্দির কিংবা স্থানীয় ক্লাব ও গ্রন্থাগারের জরুরি মেরামতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ অর্থ ব্যয় করা যাবে।
কারা উপকৃত হবেন : প্রস্তাবনা অনুযায়ী, সরাসরি উপকারভোগী হবেন দুর্যোগ, অগ্নিকাণ্ড ও আকস্মিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, অতিদরিদ্র রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিরা। পাশাপাশি ছোট ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় ক্লাব ও গ্রন্থাগারও প্রয়োজনীয় সংস্কারের জন্য সহায়তা পেতে পারে।
উপজেলা পর্যায়ে ইউএনওর মাধ্যমে অর্থ ব্যয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় জরুরি প্রয়োজনে সহায়তা পাওয়ার প্রক্রিয়া তুলনামূলক দ্রুত হবে। জেলা প্রশাসক কিংবা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য অপেক্ষা না করেই স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।
নতুন এ উদ্যোগের অন্যতম সুবিধা হলো, জরুরি পরিস্থিতিতে ইউএনওরা স্থানীয়ভাবে দ্রুত আর্থিক সহায়তা দিতে পারবেন। এতে প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমবে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কার্যালয়ে আগে থেকে চালু থাকা বিশেষ অনুদান ব্যবস্থার পরিধিও উপজেলা পর্যায়ে বিস্তৃত হবে। তবে অর্থমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপেই স্বীকার করা হয়েছে, এ খাত থেকে অর্থ ব্যয়ের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট নীতিমালা বা নির্দেশনা নেই। ফলে নীতিমালা ছাড়া অর্থ ছাড় করা হলে স্বচ্ছতা, জবাবদিহি এবং উপকারভোগী নির্বাচনে বৈষম্যের ঝুঁকি সৃষ্টি হতে পারে।
সারসংক্ষেপ পর্যালোচনায় দেখা যায়, ইউএনওদের কার্যালয় থেকে যেসব খাতে দুস্থ মানুষের সহায়তার প্রস্তাব করা হয়েছে, সেগুলোর অনেক ক্ষেত্রেই সমাজকল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দফতরের বিদ্যমান সহায়তা কর্মসূচি রয়েছে। অন্য দিকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কার্যালয় থেকেও ‘৩৬৩১১০৭- বিশেষ অনুদান’ খাতের আওতায় একই ধরনের সহায়তা দেয়া হচ্ছে।
এ অবস্থায় একই ব্যক্তি বা পরিবার একাধিক সরকারি উৎস থেকে অনুদান পাওয়ার পাশাপাশি একই প্রয়োজনে একাধিক দফতরের অর্থ ব্যয়ের আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না।
সমন্বিত নীতিমালা ও কেন্দ্রীয় ডাটাবেজের সুপারিশ : সরকারি অর্থের যথাযথ ব্যবহার, উপকারভোগীর দ্বৈততা পরিহার এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনওর কার্যালয়ের জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন নম্বরের ভিত্তিতে কেন্দ্রীয় ও একক ডাটাবেজ তৈরির কথা বলা হয়েছে। এর মাধ্যমে কারা কোন দফতর থেকে কী ধরনের সহায়তা পাচ্ছেন, তা যাচাই করা সম্ভব হবে। অন্যান্য সরকারি সংস্থার বিদ্যমান নিবন্ধন ব্যবস্থার সাথেও তথ্যভাণ্ডারটির আন্তঃসংযোগ স্থাপনের সুপারিশ রয়েছে।
সারসংক্ষেপে অর্থ ব্যয়ের ক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণের কথাও উল্লেখ করা হয়েছে। এগুলো হলো- ১. বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনওর কার্যালয়ের জন্য দুস্থ ব্যক্তিদের সহায়তা-সংক্রান্ত একটি সমন্বিত নীতিমালা জরুরি ভিত্তিতে প্রণয়ন। ২. জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনভিত্তিক কেন্দ্রীয় ডাটাবেজ দ্রুত তৈরি এবং তত দিন পর্যন্ত সহায়তাপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য সংরক্ষণ। ৩. উপকারভোগীর দ্বৈততা পরিহারে অন্যান্য সরকারি সংস্থার নিবন্ধন ব্যবস্থার সাথে আন্তঃসংযোগ স্থাপন। ৪. অগ্রাধিকারভিত্তিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা বিতরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ।
বর্তমানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা নিজ নিজ বিবেচনায় স্বেচ্ছাধীন তহবিল থেকে অর্থ বরাদ্দ দিতে পারেন। ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আইনের ১৬(১) ধারায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য যথাক্রমে সর্বোচ্চ ১০ লাখ, সাত লাখ ৫০ হাজার এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়ার বিধান রয়েছে।
এবার সেই ব্যবস্থার আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। ফলে উপজেলা পর্যায়ে সরকারি বিশেষ অনুদান বিতরণের একটি নতুন প্রশাসনিক কাঠামো তৈরি হতে যাচ্ছে।
তবে এ উদ্যোগের কার্যকারিতা শেষ পর্যন্ত নির্ভর করবে অর্থ ব্যয়ের সুস্পষ্ট নীতিমালা, উপকারভোগী নির্বাচনে নিরপেক্ষতা, কেন্দ্রীয় তথ্যভাণ্ডার এবং নিয়মিত নিরীক্ষা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর। অন্যথায় জনকল্যাণের উদ্দেশ্যে বরাদ্দ করা অর্থের অপব্যবহার কিংবা একই ব্যক্তিকে একাধিক দফতর থেকে সহায়তা দেয়ার ঝুঁকি থেকেই যাবে।